১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

মাঠে নামার আগেই বিশ্বকাপ শেষ ব্রেসওয়েলের

চোটের কারণে এর আগেও একবার বিশ্বকাপে খেলার স্বপ্ন ভেঙেছিল এই অলরাউন্ডারের।

মাঠে নামার আগেই বিশ্বকাপ শেষ ব্রেসওয়েলের
মাইকেল ব্রেসওয়েল। ছবি: নিউ জিল্যান্ড ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2026, 12:39 AM

Updated : 26 Aug 2026, 02:55 PM

টানা দুই জয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযানের শুরুটা দারুণ হয়েছে; কিন্তু চোটের আঘাত এড়াতে পারেনি নিউ জিল্যান্ড। কোনো ম্যাচ না খেলেই পায়ের পেশিতে নতুন করে চোট পেয়ে ছিটকে গেছেন অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল।

আইসিসির ওয়েবসাইটে মঙ্গলবার দেওয়া বিবৃতিতে তার বিশ্বকাপ-পর্ব শেষ হয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে জানানো হয়, তার জায়গায় অফ স্পিনিং অলরাউন্ডার কোল ম্যাকননি কিউই স্কোয়াডে ঢুকবেন।

গত মাসে ভারতের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে পায়ের পেশিতে চোট পান ব্রেসওয়েল। ওই ম্যাচে অপরাজিত ২৮ রান করেছিলেন; কিন্তু পরে আর ফিল্ডিংয়ে নামেননি তিনি। পরে ওই ভারত সফরেই পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও খেলতে পারেননি এই ক্রিকেটার।

চলতি আসরে প্রথম দুই ম্যাচে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে জিতেছে নিউ জিল্যান্ডে। এই দুই ম্যাচেও খেলতে পারেননি ব্রেসওয়েল।

নিউ জিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, পায়ের পেশি ছিঁড়ে যাওয়া থেকে সেরে উঠলেও, গত রোববার ওয়ার্ম-আপের সময় আবার পেশিতে চোট পেয়েছেন ব্রেসওয়েল।

চোটের কাছে হার মেনে ২০২৩ সালে ভারতে অনুষ্ঠিত সবশেষ ওয়ানডে বিশ্বকাপেও খেলতে পারেননি ব্রেসওয়েল। সেই সময় ডান অ্যাকিলিসে চোট পেয়েছিলেন তিনি, তখন সেরে উঠতে তার অস্ত্রোপচার করাতে হয়েছিল।   

নিউ জিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত ১২টি টি-টোয়েন্টি খেলে সাতটি উইকেট নিয়েছেন ম্যাকননি, রান দিয়েছেন ওভারপ্রতি ৭.২৯ করে। দেশের হয়ে ছয়টি ওয়ানডেও খেলেছেন ৩৪ বছর বয়সী এই ক্রিকেটার। 

‘ডি’ গ্রুপে পরের ম্যাচে আগামী শনিবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে খেলবে নিউ জিল্যান্ড।