১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

অবশেষে স্বস্তির খবর পেলেন স্যামিরা

ভারতীয় গণমাধ্যমের খবর, ওয়েস্ট ইন্ডিজ দলকে দেশে পাঠাতে চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।

অবশেষে স্বস্তির খবর পেলেন স্যামিরা
ওয়েস্ট ইন্ডিজ দল অবশেষে স্বস্তির খবর পেয়েছে। ছবি: রয়টার্স।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Mar 2026, 09:20 PM

Updated : 26 Aug 2026, 03:05 PM

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ভারতের আটকা পড়া ওয়েস্ট ইন্ডিজ দলের দেশে ফেরা নিয়ে অনিশ্চয়তা কেটে যাওয়ার খবর মিলেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, ক্যারিবিয়ান স্কোয়াডের জন্য চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে। তবে কবে নাগাদ ভারত ছাড়বেন তারা, সেটি এখনও স্পষ্ট নয়।

আসলেই এমন কিছু করা হচ্ছে কিনা, সেটার প্রমাণ কিছুটা পাওয়া যায় ড্যারেন স্যামির এক্স পোস্ট থেকে। ক্যারিবিয়ান কোচ বৃহস্পতিবার লেখেন, “আপডেট পেয়েছি। এটাই চেয়েছিল ওয়েস্ট ইন্ডিজ।”

এদিন আরও দুটি পোস্ট করেন স্যামি। প্রথমটিতে দেশে ফেরার আকুতি জানিয়ে তিনি লেখেন, “আমি স্রেফ বাড়ি যেতে চাই।”

এর চার ঘণ্টা পরই ওয়েস্ট ইন্ডিজের দুটি টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে নেতৃত্ব দেওয়ার স্যামি ফের পোস্ট করেন, “অন্তত একটা নতুন খবর (চাই), আমাদের কিছু একটা বলুক। আজ, কাল, আগামী সপ্তাহ। পাঁচ দিন হয়ে গেছে।” 

দেশে ফেরা নিয়ে আকাঙ্ক্ষিত সেই খবর তারা পেয়েছেন বলে ধারণা করা যায়। ভারতীয় বার্তা সংস্থা পিটিআইয়ের খবর, “ওয়েস্ট ইন্ডিজ দলের দেশে ফেরার জন্য একটি চার্টার ফ্লাইটের ব্যবস্থা করা হয়েছে।”

কলকাতায় গত রোববার সুপার এইটের ম্যাচে ভারতের কাছে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বিদায় নেয় ওয়েস্ট ইন্ডিজ। পরদিন ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ বিবৃতি দিয়ে জানায়, আপাতত দেশে ফেরা হচ্ছে না বিশ্বকাপ দলের।

কারণ হিসেবে তারা উল্লেখ করে, ‘আন্তর্জাতিক আকাশসীমা বিধিনিষেধের’ কথা। তবে দ্রুতই দলকে দেশে ফেরানোর জন্য কাজ করার কথাও তারা জানায়।

গত শনিবার ইরানে ক্ষেপণাস্ত্র হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। পরে মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা করে ইরান। ফলে তখনই মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়া হয়।

ওয়েস্ট ইন্ডিজের আগে সুপার এইট থেকে বিদায় নেওয়া জিম্বাবুয়ে দলও ভারতে আটকা পড়ে। পরে বুধবার বিকল্প পথে প্রথম ধাপে তাদের দলের কয়েকজনের ভারত ছাড়ার ব্যবস্থা করে আইসিসি।