১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাকিস্তানে হয়ে বিশ্বকাপে খেলা পেসার এবার খেলতে পারেন পাকিস্তানের বিপক্ষে

পাকিস্তানের হয়ে টেস্ট ও ওয়ানডে দুই সংস্করণেই খেলেছেন এই পেসার, এসেছিলেন বাংলাদেশ সফরেও, এবারের বিশ্বকাপে তিনি আছেন যুক্তরাষ্ট্র দলে।

পাকিস্তানে হয়ে বিশ্বকাপে খেলা পেসার এবার খেলতে পারেন পাকিস্তানের বিপক্ষে
পাকিস্তানের এহসান আদিল এখন যুক্তরাষ্ট্রের। ছবি: ইউএসএ ক্রিকেট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Feb 2026, 11:52 AM

Updated : 26 Aug 2026, 02:55 PM

বয়স ২০ হওয়ার আগেই টেস্ট ক্যাপ পেয়েছিলেন এহসান আদিল। অভিষেক টেস্টে তৃতীয় ডেলিভারিতেই আউট করেছিলেন গ্রায়েম স্মিথকে। পাকিস্তানের সম্ভাবনায় পেসারদের একজন ছিলেন তিনি, খেলেছেন ২০১৫ ওয়ানডে বিশ্বকাপেও। সময়ের পরিক্রমায় সেই আদিল এখন যুক্তরাষ্ট্রের। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপেই তাকে দেখা যেতে পারে নতুন পরিচয়ে মাঠে নামতে এবং সেটি হতে পারে জন্মভূমির বিপক্ষেই!

চোট পাওয়া জাসদিপ সিংয়ের বদলি হিসেবে যুক্তরাষ্ট্র দলে জায়গা পেয়েছেন আদিল। ৩২ বছর বয়সী এই পেসার সোমবার বদলি হিসেবে অনুমোদন পেয়েছে ইভেন্ট টেকনিক্যাল কমিটির। গত বৃহস্পতিবার নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে কাঁধে চোট পেয়ে ছিটকে গেছেন জাসদিপ। 

কলম্বোতে মঙ্গলবার রাতে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের লড়াই। এই ম্যাচের একাদশে জায়গা পেলে সাবেক পাকিস্তানি পেসারের জন্য সেটি হবে আবেগময় অভিজ্ঞতা। 

২০১৩ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্ট দিয়ে পাকিস্তানের হয়ে অভিষেক আদিলের। তিন মাস পরই পা রাখেন ওয়ানডেতে। ২০১৫ বিশ্বকাপের পাকিস্তান স্কোয়াডে তিনি ছিলেন। আয়ারল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও খেলেছেন।

বিশ্বকাপের পর বাংলাদেশ সফরেও তিনি এসেছিলেন। তবে ম্যাচ খেলতে পারেননি। চোটের কারণে ছিটকে পড়েন।

সব মিলিয়ে তিন টেস্ট ও ছয় ওয়ানডেতে থমকে থাকে তার আন্তর্জাতিক ক্রিকেটার। পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন খেলে পরে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। গত তিন মৌসুমে মেজর লিগ ক্রিকেটে তিনি খেলেছেন এমআই নিউ ইয়র্কের হয়ে। 

আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তার অভিষেক হয়নি এখনও। যুক্তরাষ্ট্রের হয়ে খেলার যোগ্যতা অর্জনের পর এখনও মাঠে নামেননি এই জার্সিতে। এবারের বিশ্বকাপে সেটি হয়ে যেতে পারে। পাকিস্তানের বিপক্ষেই হলে ব্যাপারটি পাবে ভিন্ন মাত্রা। 

প্রথম ম্যাচে ভারতের সঙ্গে লড়াই করে হেরে যাওয়ার পর যুক্তরাষ্ট্র দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে সিনহালিজ স্পোর্টস ক্লাব মাঠে। বিশ্বকাপের জন্যই ফ্লাড লাইট বসেছে এই মাঠে। মূলত টেস্ট ক্রিকেটের জন্য পরিচিত এই মাঠে দিন-রাতের ম্যাচ এটিই প্রথমভ।