১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

‘নামিবিয়ার শক্তি-দুর্বলতা জানি’

শ্রীলঙ্কার বিপক্ষে নামিবিয়ার জয়ে অবাক হননি নেদারল্যান্ডস ওপেনার মাক্স ও’ডাওড।

‘নামিবিয়ার শক্তি-দুর্বলতা জানি’

ছবি : আইসিসি 

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Oct 2022, 04:05 PM

Updated : 17 Oct 2022, 04:24 PM

আইসিসির সহযোগী দেশ হওয়ায় নামিবিয়ার বিপক্ষে নিয়মিতই খেলার সুযোগ হয় নেদারল্যান্ডসের। চেনা প্রতিপক্ষের মুখোমুখি হওয়ার আগে দলটির ওপেনার মাক্স ও’ডাওডের কণ্ঠে অবশ্য আত্নবিশ্বাসের সুর। বললেন, নামিবিয়ার শক্তি ও দুর্বলতার জায়গা ভালোই জানা আছে তাদের।

জিলংয়ে মঙ্গলবারের প্রথম ম্যাচে নামিবিয়ার মুখোমুখি হবে নেদারল্যান্ডস।

সহযোগী দেশ হলেও আন্তর্জাতিক ক্রিকেটে লম্বা সময় ধরে পরিচিত মুখ নেদারল্যান্ডস। মেজর টুর্নামেন্টে তাদের রয়েছে বেশ কিছু স্মরণীয় জয়ও। শীর্ষ পর্যায়ে নামিবিয়া সেই তুলনায় নবীন দেশ। তবে গত কয়েক বছরে দারুণ উন্নতি করেছে তারা, বিশেষ করে টি-টোয়েন্টিতে। দারুণ খেলে গত আসরে তারা প্রাথমিক পর্ব পেরিয়ে জায়গা করে নিয়েছিল সুপার টুয়েলভে।

সেই ধারা ধরে রাখার আশা জাগিয়েছে এবারও। প্রথম ম্যাচে তারা উপহার দিয়েছে প্রতিযোগিতার ইতিহাসের সবচেয়ে বড় অঘটনের একটি। এশিয়ার চ্যাম্পিয়ন ও নামে-ভারে সবদিক থেকে অনেক এগিয়ে থাকা শ্রীলঙ্কাকে হারিয়ে দিয়েছে ৫৫ রানে। এই জয়ে তাদের সুপার টুয়েলভে খেলার সম্ভাবনা তো জেগেছেই, সঙ্গে অন্য দলগুলোর মাঝেও তাদের নিয়ে বাড়তি সতর্কতার অবকাশ তৈরি হয়েছে।

নেদারল্যান্ডসের জন্য অবশ্য সেটা না হওয়ারই কথা। আইসিসির বিভিন্ন প্রতিযোগিতায় নামিবিয়ার বিপক্ষে খেলার অভিজ্ঞতা রয়েছে তাদের। বেশি বেশি খেলার কারণে দলটির খেলার ধরন, শক্তিমত্তা এবং অন্যান্য দিক সম্পর্কেও ভালো ধারণা থাকবে তাদের।

Image

ছবি  : আইসিসি

লঙ্কানদের হারিয়ে বিস্ময়ের জন্ম দিলেও তাই নামিবিয়াকে নিয়ে বাড়তি দুশ্চিন্তার কিছু দেখছেন না ও’ডাওড। ম্যাচের আগের দিন সোমবার সংবাদ সম্মেলনে বললেন, তাদের মনোযোগ কেবল নিজেদের সেরাটা দেওয়ার দিকেই।

“আমরা নিজেদের কাজটাই করব। আমি মনে করি, আমরা নামিবিয়ার বিপক্ষে আগেও খেলেছি এবং আমরা তাদের শক্তি সম্পর্কে ধারণা রাখি। আমাদেরও নিজস্ব শক্তির জায়গা রয়েছে।”

“আমাদের কাজ হল মাঠে গিয়ে নিজেদের খেলাটা খেলতে হবে। আমি মনে করি, এটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার। বাইরের আলোচনা নিয়ে খুব বেশি চিন্তা করছি না এবং আমরা কী করতে পারি তার ওপরই মনোযোগ দিচ্ছি।”

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে মাত্র ১১২ রান তাড়া করতে গিয়ে তালগোল পাকিয়েছিল ডাচরা। শেষ পর্যন্ত কোনোমতে ১ বল বাকি থাকতে ৩ উইকেটে জেতে তারা।

আর শ্রীলঙ্কার বিপক্ষে ১৬৩ রানের পুঁজি নিয়ে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি নামিবিয়ার বোলাররা। অলআউট করে দেয় মাত্র ১০৮ রানে। নেদারল্যান্ডসের জন্য তাই নিশ্চিতভাবেই অপেক্ষা করছে কঠিন পরীক্ষা।

ও’ডাওড মনে করেন, চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত তার দলের ব্যাটসম্যানরা।

“(সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে) শেষ পর্যন্ত জিততে পেরে আমরা খুশি। আজ সকালে ব্যাটারদের সঙ্গে আমাদের সামনের পরিকল্পনা এবং নামিবিয়ার (বোলিং) আক্রমণ মোকাবিলা করার ব্যাপারে ভালো আলোচনা হয়েছে। যেমনটি আমি আগেও বলেছি, আমরা সঠিক অভিপ্রায় নিয়ে আগামীকালের ম্যাচ খেলতে নামব এবং সেখানে গিয়ে নিজেদের খেলাটা খেলব।”

নামিবিয়ার জয়ের পর প্রাথমিক পর্বের ‘এ’ গ্রুপ থেকে সুপার টুয়েলভে দুটি দলের জায়গা করে নেওয়ার সমীকরণ অনেকটাই উন্মুক্ত হয়ে গেছে সব দলের জন্যই। ও’ডাওড বললেন, গ্রুপের এই অবস্থান রোমাঞ্চকর এবং নিজেদেরও সুযোগ দেখছেন।

“(গ্রুপের অবস্থা) সম্ভবত সবাই যা আশা করেছিল তা নয়, যা রোমাঞ্চকর। আমি ব্যক্তিগতভাবে নামিবিয়ার শক্তিমত্তা এবং তারা কী করতে পারে তা জানি। (শ্রীলঙ্কার বিপক্ষে তাদের জয়) ক্রিকেট বিশ্বের অনেকের কাছেই বিস্ময়কর লাগতে পারে, কিন্তু আমাদের সহযোগী দেশগুলোর জন্য, আমার ধারণা এটা তেমন আশ্চর্যের নয়।”

“এটা রোমাঞ্চকর এবং এটা কঠিন ম্যাচ হতে যাচ্ছে। আমরা জানতাম যে এই গ্রুপে খেলা কঠিন হবে, তাই আমরা সত্যিই পরবর্তী দুটি ম্যাচের জন্য উন্মুখ হয়ে আছি।”