২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশের বিপক্ষে সুযোগ হাতছাড়ার আক্ষেপে পুড়ছে নেদারল্যান্ডস

ইনিংস বিরতিতে বাংলাদেশকে হারাতে আত্মবিশ্বাসী থাকার কথা জানালেন কলিন আকারম্যান।

বাংলাদেশের বিপক্ষে সুযোগ হাতছাড়ার আক্ষেপে পুড়ছে নেদারল্যান্ডস

বাংলাদেশের বিপক্ষে ৬২ রানের ইনিংস খেলার পথে কলিন আকারম্যানের একটি শট।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2022, 08:25 PM

Updated : 24 Oct 2022, 08:34 PM

নিয়ন্ত্রিত বোলিংয়ে বাংলাদেশকে দেড়শর আগে আটকে রেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছিল নেদারল্যান্ডস। কিন্তু গড়বড় পাকায় তারা ব্যাটিংয়ে। রান তাড়ায় শুরু থেকে একের পর এক উইকেট হারানো দলটি তারপরও যায় লক্ষ্যের কাছাকাছিই। শেষ অবধি ডাচদের লড়াইয়ে রাখা কলিন আকারম্যান বললেন, সুযোগ হাতছাড়া করে ভীষণ হতাশ তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রাথমিক পর্ব পেরিয়ে নেদারল্যান্ডস জায়গা করে নেয় সুপার টুয়েলভে দুই নম্বর গ্রুপে। হোবার্টে সোমবার এই পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে তারা হারে ৯ রানে।

টস জিতে বোলিংয়ে নিয়ে বাংলাদেশকে ১৪৪ রানে থামায় ডাচরা। রান তাড়ায় নেমে ইনিংসের প্রথম দুই বলে উইকেট হারিয়ে খায় জোর ধাক্কা। পরে এক ওভারে হারায় তারা আরও দুইজনকে।

১৫ রানে ৪ ব্যাটসম্যানের বিদায়ে ম্যাচ থেকে একরকম ছিটকে পড়ে নেদারল্যান্ডস। তবে এক প্রান্তে লড়াই চালিয়ে যান আকারম্যান। সপ্তদশ ওভারে আউট হন তিনি ২ ছক্কা ও ৬ চারে ৪৮ বলে ৬২ রান করে। শেষ দিকে পল ফন মেকেরেনের ১৪ বলে ২৪ রানের ইনিংসে তারা থামে ১৩৫ রানে।

হারের ব্যবধান কম হলেও বাস্তবিক অর্থে ম্যাচে জয়ের সম্ভাবনা কখনও জাগাতে পারেনি ডাচরা। তবে আকারম্যানের মতে, বাংলাদেশকে বাগে পেয়েছিলেন তারা। হারাতে না পারার আক্ষেপ তাই সংবাদ সম্মেলনে ঝরল তার কণ্ঠে।

“হ্যাঁ, অবশ্যই (রান তাড়ার সম্ভাবনা ছিল)। আমার মনে হয়, এই কন্ডিশনে ১৪০ রান তাড়া করা সম্ভব। খেলার শুরুতে এই লক্ষ্য বললে আমরা অবশ্যই লুফে নিতাম। বিশেষ করে, বৃষ্টির কারণে উইকেট পিচ্ছিল হওয়ায় তা ব্যাটিয়ের জন্য সহজ হয়ে যায়।”

“জিলংয়ের উইকেট কিছুটা ‘ট্রিকি’ ছিল এবং সেখানে আউটফিল্ড ছিল ছোট। আমরা যেটার সঙ্গে অভ্যস্ত, জিলংয়ের চেয়ে আজকেরটা তার কাছাকাছি ছিল।”

ম্যাচের আগে টম কুপার বলেছিলেন, বাংলাদেশের বিপক্ষে জিততে না পারার কোনো কারণ দেখেন না। আর জিতলে সেটা অঘটন হবে না। হেরে যাওয়ার পর আকারম্যান বললেন, এই ম্যাচ থেকে পয়েন্ট পেতে উন্মুখ ছিলেন তারা।

“হ্যাঁ, অবশ্যই (সুযোগ হাতছাড়া হয়েছে)। আমরা আজকের ম্যাচের আগে বসেছিলাম এবং এই ম্যাচটিকে এমন একটি ম্যাচ হিসেবে চিহ্নিত করেছিলেন, যেটা আমরা অবশ্যই জিততে পারি।”

“জানি, আমাদের এই দলে পূর্ণ সদস্য দলগুলোকে হারানোর সব ধরনের দক্ষতা ও সামর্থ্য আছে। এটা আমরা করে দেখাতে পারি, এমনটা অনুভব করেছিলাম। আজকের ম্যাচটি ছিল কঠিন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। হ্যাঁ, আমি মনে করি আজ আমাদের দিক থেকে এটি একটি সুযোগ হাতছাড়া ছিল।”