Published : 16 Oct 2022, 07:30 PM
টি-টোয়েন্টি ক্রিকেটে শেষ দিকে বোলিং করে প্রতিপক্ষের রান আটকে রাখতে পারাই বোলারদের জন্য বড় কিছু। বাস ডে লেডে সেটা তো করলেনই, শেষের আগের ওভারে উইকেটও নিলেন তিনটি! ক্যারিয়ার সেরা বোলিংয়ের পর ব্যাট হাতেও খানিকটা অবদান রেখে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে নেদারল্যান্ডসের জয়ের নায়ক তিনিই।
অস্ট্রেলিয়া আসরের প্রথম দিন রোববার আমিরাতের বিপক্ষে নেদারল্যান্ডসের জয় ৩ উইকেটে। ১১২ রানের লক্ষ্য তারা ছুঁয়ে ফেলে ১ বল বাকি থাকতে।
প্রতিপক্ষকে অল্পতে বেঁধে রাখতে ৩ ওভারে ১৯ রান দিয়ে ৩ উইকেট নেন পেস বোলিং অলরাউন্ডার ডে লেডে।
টি-টোয়েন্টিতে তার আগের সেরা বোলিং ছিল ১১ রানে ২ উইকেট, গত জুলাইয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে উগান্ডার বিপক্ষে।
জিলংয়ের মন্থর উইকেটে পঞ্চম ওভারে বল হাতে পেয়ে একটি বাউন্ডারিতে তিনি দেন ৭ রান। ত্রয়োদশ ওভারে ফিরে হজম করেন আরেকটি বাউন্ডারি, এবার খরচ করেন ৯ রান।
১৮ ওভার শেষে আমিরাতের স্কোর ছিল ৪ উইকেটে ১০৩। পরের ওভারে ডে লেডে প্রথম তিন বলের মধ্যে ফিরিয়ে দেন ভ্রিতিয়া অরভিন্দ (১৮) ও বাসিল হামিদকে। ক্যাচ দেন দুজনই। শেষ বলে দুর্দান্ত ইয়র্কারে বোল্ড হন আমিরাতের অধিনায়ক সিপি রিজওয়ান।
এই ওভারে স্রেফ ৩ রান দিয়ে উইকেট তিনটি নেন ডে লেডে।
২২ বছর বয়সী ক্রিকেটার বললেন, শেষে দিকে বোলিং উপভোগ করেন তিনি।
“এসব পরিস্থিতিতে বোলিং করতে ভালো লাগে আমার। কারণ, আমি জানি ব্যাটাররা তেড়েফুঁড়ে মারতে যাবে। তাই আমি এক ধাপ এগিয়ে থাকার চেষ্টা করি।”
চমৎকার বোলিং করেন নেদারল্যান্ডসের অন্য বোলাররাও। ৪ ওভারে ফ্রেড ক্লাসেন ১৩ রানে ২টি, টিম প্রিঙ্গল সমান রান দিয়ে নেন একটি উইকেট।
ডে লেডে পরে তিন নম্বরে ব্যাটিংয়ে নেমে ১৮ বলে খেলেন ১৪ রানের ইনিংস। দলটির হয়ে সর্বোচ্চ ২৩ রান করেন ম্যাক্স ও’ডাওড। এতেই ফুটে উঠছে ডে লেডের ১৪ রানের ইনিংসটির গুরুত্ব!