Published : 18 Oct 2022, 02:48 PM
বল হাতে নিলেন দুই উইকেট, ফিল্ডিংয়ে ধরলেন জোড়া ক্যাচ। পরে ব্যাট হাতে অপরাজিত ইনিংসে নিশ্চিত করলেন দলের জয়। অলরাউন্ড নৈপুণ্যে নেদারল্যান্ডসের দ্বিতীয় জয়েও ম্যাচ সেরা পেস বোলিং অলরাউন্ডার বাস ডে লেডে।
জিলংয়ে মঙ্গলবার নামিবিয়ার বিপক্ষে নেদারল্যান্ডস জিতেছে ৫ উইকেটে। আগে ব্যাট করে ৬ উইকেটে ১২১ রান করতে পারে নামিবিয়া। পাঁচ উইকেট হারিয়ে তিন বল হাতে রেখে লক্ষ্যে পৌঁছায় ডাচরা।
প্রতিপক্ষকে অল্পে আটকে রাখতে বল হাতে তিন ওভারে মাত্র ১৮ রান খরচায় ২ উইকেট নেন ডে লেডে। তার শিকার নামিবিয়ার সর্বোচ্চ ৪৩ রান করা ইয়ান ফ্রাইলিং ও অধিনায়ক গেরহার্ড এরাসমাস (১৬)।
প্রতিপক্ষের দুই ওপেনার মাইকেল ফন লিনগেন ও ডিভান লা কুকের উইকেটেও আছে তার ভূমিকা; দুটি ক্যাচই ধরেন ডে লেডে। পরে রান তাড়ায় ইনিংসের নবম ওভারে উইকেটে যান ডে লেডে। লক্ষ্য বড় না হওয়ায় কোনো ঝুঁকি নিতে হয়নি তাকে। দেখেশুনে ৩০ বলে ৩০ রানের ইনিংস খেলে দলকে জিতিয়েই মাঠ ছাড়েন ডে তিনি।
এ নিয়ে তৃতীয়বারের মতো একই ম্যাচে ৩০ রান বা তার বেশি এবং ২ উইকেট নিলেন তিনি।
এমন অলরাউন্ড প্রদর্শনীর পর ম্যাচ সেরার পুরস্কারে ডে লেডের প্রতিদ্বন্দ্বী ছিলেন না আর কেউ। গত রোববার টুর্নামেন্টের উদ্বোধনী দিনে আরব আমিরাতের বিপক্ষে তিন উইকেট নিয়ে ও ১৪ রান করে তিনিই ছিলেন ডাচদের জয়ের নায়ক। সব মিলিয়ে ক্যারিয়ারে পঞ্চমবারের মতো এ স্বীকৃতি পেলেন ডে লেডে।