গ্রেভসের ‘প্রথম’ সেঞ্চুরি
ক্যারিয়ারে ২৬তম ওয়ানডেতে এসে তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন ওয়েস্ট ইন্ডিজ ওপেনার।
ওয়ানডে ক্যারিয়ারে এতদিন কেবল একটি পঞ্চাশ ছোঁয়া ইনিংস ছিল জাস্টিন গ্রেভসের। ভারতের বিপক্ষে এই সংস্করণে প্রথমবার খেলতে নেমেই বাজিমাত করলেন তিনি। দারুণ ব্যাটিংয়ে ওয়েস্ট ইন্ডিজ ওপেনার পেলেন সেঞ্চুরির ছোঁয়া।
থিরুভানান্থাপুরামে রোববার ভারতের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ১০১ রানে করেন গ্রেভস। ১২ চারে সাজান তিনি ১০৮ বলের ইনিংস।
আয়ারল্যান্ডের বিপক্ষে ডাবলিনে গত বছর ঠিক ৫০ রান করেন গ্রেভস। পরের ১৪ ইনিংসে কেবল দুইবার ৪০ পার হতে পারেন তিনি। এবার দারুণ ব্যাটিংয়ে উপহার দিলেন সেঞ্চুরি।
৩২ বছর ২১৩ দিন বয়সে ওয়ানডেতে প্রথম শতক করলেন গ্রেভস। তার চেয়ে বেশি বয়সে এই সংস্করণে প্রথম সেঞ্চুরির স্বাদ পান ওয়েস্ট ইন্ডিজের আর দুইজন; শামার ব্রুকস (৩৩ বছর ২৪৬ দিন) ও ক্লেটন ল্যাম্বার্ট (৩৬ বছর ৫৭ দিন)।
টেস্টে অবশ্য নিজের ব্যাটিং সামর্থ্য অনেকবারই দেখিয়েছেন গ্রেভস। এই সংস্করণে ১৮ ম্যাচ খেলেই তিনটি সেঞ্চুরি করে ফেলেছেন তিনি। যার মধ্যে একটি আবার ডাবল। ফিফটি করেছেন দুটি।
ভারতের মাটিতে প্রথম ওয়ানডে খেলতে নেমে আত্মবিশ্বাসী শুরু করেন গ্রেভস। দ্বিতীয় ওভারে নিতিশ কুমার রেড্ডিকে চারটি চার মারেন তিনি। এক ওভার পর গুরনুর ব্রারকে হাঁকান দুটি।
প্রাসিধ কৃষ্ণার ওভারে তিন চার মারেন গ্রেভস। অভিষিক্ত নামান ধিরকে বাউন্ডারি মেরে ৪২ বলে ফিফটি স্পর্শ করেন ডানহাতি এই ব্যাটসম্যান।
এরপর কমে যায় তার রান করার গতি। ৩৫তম ওভারে একটি সিঙ্গল নিয়ে ১০৪ বলে কাঙ্ক্ষিত তিন অঙ্কে পা রাখেন তিনি। পঞ্চাশ থেকে শতক স্পর্শ করতে গ্রেভসের লাগে ৬২ বল। এই সময়ে কেবল তিনটি চার মারেন তিনি।
সেঞ্চুরি ছোঁয়ার পরের ওভারেই বিদায় নেন গ্রেভস। বাঁহাতি রিস্ট স্পিনার কুলদিপ ইয়াদাভকে সুইপ করে এলবিডব্লিউ হন তিনি। রিভিউ নিয়ে তাকে ফেরায় ভারত।
