১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সানরাইজার্স হায়দরাবাদের প্রধান কোচ লারা

প্রথমবার কোনো টি-টোয়েন্টি দলের দায়িত্ব নিলেন ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Sep 2022, 04:02 PM

Updated : 03 Sep 2022, 04:16 PM

বাজে সময় থেকে ঘুরে দাঁড়াতে নতুন কোচ খুঁজে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। ওয়েস্ট ইন্ডিজ ব্যাটিং কিংবদন্তি ব্রায়ান লারার কাঁধে আগামী আসরের জন্য প্রধান কোচের দায়িত্ব তুলে দিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজিটি।

আইপিএলের সবশেষ আসরেও হায়দরাবাদের কোচিং স্টাফে ছিলেন লারা। দলটির স্ট্র্যাটেজিক পরামর্শক ও ব্যাটিং কোচ ছিলেন তিনি। এবার তাকে দেওয়া হলো আরও বড় দায়িত্ব। প্রথমবারের মতো কোনো টি-টোয়েন্টি দলের প্রধান কোচ হলেন সাবেক এই ক্যারিবিয়ান ক্রিকেটার।

টম মুডির স্থলাভিষিক্ত হলেন লারা। হায়দরাবাদ শনিবার বিবৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করে। ক্রিকেট ওয়েবসাইট ইএসপিনক্রিকইনফোর প্রতিবেদন অনুযায়ী, মুডি ও হায়দরাবাদের মধ্যে সমঝোতার ভিত্তিতেই তাদের চুক্তিটি বাতিল করা হয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের নতুন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির দল ডেজার্ট ভাইপার্সের ক্রিকেট পরিচালক হিসেবে সম্প্রতি দায়িত্ব নিয়েছেন মুডি। আগামী জানুয়ারিতে শুরু হবে ছয় দলের এই প্রতিযোগিতা।

হায়দরাবাদের সঙ্গে দুই দফায় কাজ করেছেন মুডি। প্রথমবারে ২০১৩ থেকে ২০১৯ সাল পর্যন্ত প্রধান কোচ ছিলেন তিনি। তার কোচিংয়ে সে সময় দারুণ সাফল্য পেয়েছিল দলটি। পাঁচ আসরে খেলেছিল তারা প্লে-অফ। ২০১৬ সালে জিতেছিল নিজেদের একমাত্র আইপিএল শিরোপা।

এরপর ২০২১ সালে আবারও হায়দরাবাদে ফেরেন অস্ট্রেলিয়ার সাবেক এই টপ অর্ডার ব্যাটসম্যান। তবে এবার ক্রিকেট পরিচালকের ভূমিকায়। তখন দলটির কোচ ছিলেন আরেক অস্ট্রেলিয়ান ট্রেভর বেলিস। সেবার স্রেফ তিন ম্যাচ জিতে পয়েন্ট টেবিলে তলানিতে থেকে আসর শেষ করে দলটি। পরে দায়িত্ব ছেড়ে দেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী কোচ বেলিস।

২০২২ সালে ফের প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয় মুডিকে। তার কোচিংয়ে ১০ দলের টুর্নামেন্টের শুরুটা ভালোই করেছিল হায়দরাবাদ। প্রথম দুই ম্যাচ হারার পর জিতেছিল তারা টানা পাঁচ ম্যাচ। কিন্তু পরে পথ হারিয়ে ফেলে তারা। শেষ ৭ ম্যাচে জিততে পারে কেবল একটি। ৬ জয় ও ৮ হারে আসরের প্রাথমিক পর্বেই শেষ হয়ে যায় হায়দরাবাদের পথচলা।

ম্যাচ জয়ের দিক থেকে সবশেষ দুই মৌসুমে আইপিএলের সবচেয়ে বাজে পারফরম্যান্স করা দল ছিল হায়দরাবাদ। ২৮ ম্যাচের মধ্যে মাত্র ৯টিতে জয়ের স্বাদ পায় তারা, হারে ১৮টিতে। একটি হয় টাই।