বাংলাদেশের বিপক্ষে নেতৃত্বের সুযোগ কাজে লাগাতে উন্মুখ ম্যাকগ্রা
তবে নিজের ব্যাটিং পজিশন নিয়ে ‘কোনো ধারণা নেই’ অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়কের।
অস্ট্রেলিয়া দলে নেতৃত্বের অভিজ্ঞতা তাহলিয়া ম্যাকগ্রার জন্য নতুন নয়। ভারপ্রাপ্ত দায়িত্বে দলের সবশেষ দুটি ওয়ানডেতেও অধিনায়কত্ব করেছেন তিনি। নিয়মিত অধিনায়ক সোফি মলিনিউয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজেও একই দায়িত্ব পালন করবেন অভিজ্ঞ অলরাউন্ডার। সুযোগটি মুঠোভরে কাজে লাগাতে চান ম্যাকগ্রা।
নারী ক্রিকেটে যে কোনো সংস্করণে প্রথমবার অস্ট্রেলিয়ায় স্বাগতিকদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবে বাংলাদেশ। ব্রিজবেনে শুক্রবার শুরু হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
সহ-অধিনায়ক হয়েও গত জুন-জুলাইয়ের টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ায় সফল যাত্রায় বাইরে বসে থাকতে হয়েছিল ম্যাকগ্রাকে। ওয়ানডে দলেরও সহ-অধিনায়ক তিনি। মলিনিউ নিতম্বের চোট থেকে সেরে ওঠার প্রক্রিয়ায় থাকায় বাংলাদেশের বিপক্ষে সিরিজে নেতৃত্ব পেয়েছেন ৩০ বছর বয়সি ক্রিকেটার।
সিরিজ শুরুর আগের দিন অ্যালান বোর্ডার ফিল্ডে সাংবাদিকদের ম্যাকগ্রা বলেন, এই চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি পুরোপুরি প্রস্তুত।
“হ্যাঁ, আমি সত্যিই এর (অধিনায়কত্ব) জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আমি এই দলের হয়ে খেলতে ভালোবাসি এবং নেতৃত্ব দেওয়ার সুযোগটিও উপভোগ করি, তাই মাঠে নামার এবং আবারও দল হিসেবে একত্রিত হতে আমার তর সইছে না।”
এর আগে নানা সময়ে ৮টি ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন তিনি।
ওয়ানডেতে ব্যাট হাতে সবশেষ ৯ ইনিংসে ৩০ ছুঁতে পারেননি ম্যাকগ্রা। গত অগাস্টে তার জাতীয় দলের অধিকাংশ সতীর্থ ‘দা হান্ড্রেড’ টুর্নামেন্টে খেললেও, তিনি এই বছরের নিলাম থেকে নিজেকে সরিয়ে নেন। টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর বাড়িতেই মূল্যবান সময় কাটান।
গত ২৯ সেপ্টেম্বর উইমেন’স ন্যাশনাল ক্রিকেট লিগের উদ্বোধনী ম্যাচে ভিক্টোরিয়ার বিপক্ষে সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ১৩৭ বলে ১৫৪ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি।
ম্যাকগ্রা জানান, এই সময়ে নিজের মানসিকতায় পরিবর্তন আনার পাশাপাশি খেলার কৌশলেও কিছু ছোটখাটো বদল এনেছেন তিনি।
“মাঝে মাঝে নিজের ছন্দ ও আত্মবিশ্বাস খুঁজে পাওয়াটা সত্যিই কঠিন হয়ে পড়ে। আমার ক্ষেত্রে মূল কাজ ছিল একেবারে মৌলিক বিষয়গুলোর ওপর মনোযোগ দেওয়া-আমি কোন কাজগুলো ভালো পারি, তা চিহ্নিত করা এবং সেগুলোর ওপর ভিত্তি করে আত্মবিশ্বাস ফিরে পাওয়া। সাউথ অস্ট্রেলিয়ার হয়ে ওই ইনিংসটি আমার জন্য দারুণ কাজে দিয়েছে এবং এই মুহূর্তে আমি বেশ ভালো অবস্থায় আছি বলে মনে হচ্ছে।”
৬১ ম্যাচের ওয়ানডে ক্যারিয়ারে ম্যাকগ্রা বেশিরভাগ সময় ব্যাটিং করেছেন সাত নম্বরে। জর্জিয়া ভল, ফিবি লিচফিল্ড, এলিস পেরি, বেথ মুনি, অ্যাশ গার্ডনারদের মতো ব্যাটার ও অলরাউন্ডার নিয়ে গড়া অস্ট্রেলিয়া দল। ঘরোয়া ক্রিকেটে সেঞ্চুরি করার সুবাদে ব্যাটিং অর্ডারে নিজের পজিশন ওপরে উঠবে বলে আশা করছেন না ম্যাকগ্রা।
“দলের টপ-অর্ডারের ব্যাটিং লাইনআপ মোটামুটি ঠিক করাই আছে। আমার ধারণা, আমি হয়তো সাত বা আট নম্বরে ব্যাট করব; তবে ব্যাটিং অর্ডার ঠিক কেমন হবে, সে সম্পর্কে আমার কোনো ধারণা নেই। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় থাকায় আমরা ভাগ্যবান এবং ব্যাটিংয়েও আমাদের গভীর দক্ষতা ও অভিজ্ঞতা আছে।”
