বাংলাদেশের বিপক্ষে থেকেও নেই মলিনিউ, অস্ট্রেলিয়ার নেতৃত্বে ম্যাকগ্রা
স্কোয়াডে রাখা হলেও বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক সোফি মলিনিউ।
স্কোয়াডে আছেন সোফি মলিনিউ। অধিনায়ক হিসেবেই আছে তার নাম। কিন্তু নির্বাচক নিশ্চিত করেই দিচ্ছেন, চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না অস্ট্রেলিয়ান অধিনায়ক। তার বদলে দলকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক তাহলিয়া ম্যাকগ্রা।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল একসঙ্গে ঘোষণা করা হয়েছে বলেই মূলত মলিনিউকে স্কোয়াডে রাখা হয়েছে। জাতীয় নির্বাচক শন ফ্লেগলার জানান, দলের সঙ্গে রেখে এই বাঁহাতি স্পিনারে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে।
“আসলে দা হান্ড্রেড থেকে ফেরার পরপরই সে নিতম্বে চোট পায়। ক্রিকেট ভিক্টোরিয়ার অনুশীলনে সে যোগ দেয় এবং প্রাথমিকভাবে এটিকে বেশ নিরীহ চোট বলেই মনে হয়েছিল। তবে সত্যি বলতে, যতটা দ্রুত আমরা আমরা করেছিলাম, দুর্ভাগ্যবশত চোটটি ততটা দ্রুত সারেনি। এরপর যদিও হুট করে কিছুটা ভালো হয়ে উঠেছে, কিন্তু তার পরও আমার মনে হয়, ওয়ানডে সিরিজের জন্য তার সময়টা খুবই আঁটসাঁট।
টি-টোয়েন্টি ম্যাচগুলোর জন্য সে ঠিক হয়ে যাবে। তবে ওই সিরিজ চলাকালীন আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করতে থাকব। কিন্তু আমি নিশ্চিত করে বলতে পারি যে, দুর্ভাগ্যবশত সে বাংলাদেশের বিপক্ষে কোনো খেলবে না।”
লুসি হ্যামিল্টনের ক্ষেত্রে অবশ্য সামান্য টানাপোড়েনও রাখা হয়নি। সরাসরিই জানিয়ে দেওয়া হয়েছে, শুধু নিউ জিল্যান্ডের বিপক্ষে সিরিজেই খেলবেন বাঁহাতি এই পেসার।
নেতৃত্ব পাওয়া ম্যাকগ্রা এর আগে নানা সময়ে ৮টি ওয়ানডে ও ৯ টি-টোয়েন্টিতে অধিনায়কত্ব করেছেন। মলিনিউ যদি নিউ জিল্যান্ডের বিপক্ষেও খেলতে না পারেন, তাহলে দলকে নেতৃত্ব দেবেন অলরাউন্ডার অ্যাশ গার্ডনার।
গার্ডনার এবং ম্যাকগ্রা, দুজনই অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক।
চোটের কারণে খেলতে পারবেন না পেসার ডারিস ব্রাউনও। গত জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী দল থেকে বাদ পড়েছেন আরেক পেসার গ্রেস হ্যারিস।
মলিনিউ ও হ্যামিল্টনের চোটের কারণে বাংলাদেশের বিপক্ষে সিরিজের স্কোয়াডে সদস্য আপাতত স্রেফ ১২ জন। ঘরোয়া ক্রিকেটের পরের রাউন্ডের ম্যাচের পর আরেকজনকে দলে যুক্ত করা হবে।
বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ শুরু ৯ অক্টোবর। তিনটি ম্যাচই হবে ব্রিজবেনে। দ্বিপাক্ষিক সফরে এই প্রথম অস্ট্রেলিয়াতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপ ছাড়া অস্ট্রেলিয়ায় আর কখনও খেলা হয়নি তাদের। এই সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও ছিল ভবিষ্যৎ সফর সূচিতে। তবে সিরিজটি বাতিল করা হয় পরে।
নিউ জিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজটি শুরু ১৮ অক্টোবর। খেলা হবে সিডনিতে।
বাংলাদেশ ও নিউ জিল্যান্ডের বিপক্ষে অস্ট্রেলিয়া দল:
নিকোলা কেয়ারি, অ্যাশ গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন (শুধু নিউ জিল্যান্ড সিরিজে), অ্যালানা কিং, ফিবি লিচফিল্ড, তাহলিয়া ম্যাকগ্রা, সোফি মলিনিউ(অধিনায়ক), বেথ মুনি, এলিস পেরি, মেগান শুট, অ্যানাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল, জর্জিয়া ওয়্যারহ্যাম।
