Published : 25 Jul 2025, 03:58 PM
পেশাদার ক্রিকেট ছেড়েছেন অনেক আগে, কিন্তু ২২ গজে এখনও আলো ছড়িয়ে যাচ্ছেন এবি ডি ভিলিয়ার্স। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে ইংল্যান্ড চ্যাম্পিয়ন্সদের বিপক্ষে বিধ্বংসী এক সেঞ্চুরি উপহার দিয়েছেন তিনি। রান তাড়ায় দক্ষিণ আফ্রিকা চ্যাম্পিয়ন্সের দুই-তৃতীয়াংশ রানই করেছেন এই ব্যাটিং গ্রেট।
লেস্টারে বৃহস্পতিবার রাতে ৭ ছক্কা ও ১৫ চারে ৫১ বলে ১১৬ রানের অপরাজিত ইনিংস খেলেন ডি ভিলিয়ার্স। তার ঝড়ো ব্যাটিংয়ের সৌজন্যে ১৫৩ রান তাড়ায় ৪৬ বল বাকি থাকতে জিতে যায় দক্ষিণ আফ্রিকা।
পেশাদার ক্রিকেটকে ডি ভিলিয়ার্স বিদায় জানিয়েছেন প্রায় পাঁচ বছর আগে। এখন মাঝেমধ্যে তাকে খেলতে দেখা যায় লেজেন্ডসদের কোনো টুর্নামেন্টে। সেখানেও ব্যাট হাতে উজ্জ্বল তিনি। ৪১ বছর বয়সেও যেন বার্তা দিয়ে যাচ্ছেন, এখনও ফুরিয়ে যাননি।
চলমান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডসে দলের আগের ম্যাচেও হাসে ডি ভিলিয়ার্সের ব্যাট। ভারত চ্যাম্পিয়ন্সের বিপক্ষে ৩ ছক্কা ও ৪টি চারে ৩০ বলে ৬১ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি।
ইংল্যান্ডের বিপক্ষে ক্যারিয়ারের সেরা সময়ের ঝলক দেখান ডি ভিলিয়ার্স। লক্ষ্য তাড়ায় প্রথম ওভারে আজমল শাহজাদকে মারেন দুটি চার ও একটি ছক্কা। সেই যে ছুটে চলার শুরু, এরপর আর তাকে থামাতে পারেনি ইংলিশরা।
প্রতিপক্ষের বোলারদের ওপর ঝড় বইয়ে দিয়ে ২০ বলে ফিফটি করেন ডি ভিলিয়ার্স। তিন অংকের উষ্ণ ছোঁয়া পান ৪১ বলে। ত্রয়োদশ ওভারে শাহজাদকে চার মেরে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন তিনি।
ডি ভিলিয়ার্সের তাণ্ডব অন্য প্রান্তে দাঁড়িয়ে উপভোগ করেন দক্ষিণ আফ্রিকার আরেক ব্যাটিং গ্রেট হাশিম আমলা। ৪টি চারে ২৫ বলে ২৯ রান করে কেবল তাকে সঙ্গ দিয়ে যান তিনি।