১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফারুকি-নাইব-জানাতকে বাদ দিয়ে বাংলাদেশের অপেক্ষায় আফগানিস্তান

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়লেও ওয়ানডেতে জায়গা ধরে রেখেছেন রহস্য স্পিনার এএম গাজানফার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2025, 02:25 PM

Updated : 26 Aug 2026, 02:20 PM

আফগানিস্তান দল থেকে বাদ পড়েছেন বাঁহাতি পেসার ফাজালহাক ফারুকি, অলরাউন্ডার গুলবাদিন নাইব ও কারিম জানাত। তাদের ছাড়াই বাংলাদেশের বিপক্ষে সীমিত ওভারের সিরিজের দল সাজিয়েছে আফগানরা। দলে নতুন মুখ দুজন- বাঁহাতি পেসার বাশির আহমাদ ও টপ অর্ডার ব্যাটসম্যান ওয়াফিউল্লাহ তারাখিল।

সংযুক্ত আরব আমিরাতে তিনটি করে টি-টোয়েন্টি ও ওয়ানডের জন্য শনিবার আলাদা দল দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। দুই দলেই আছেন ২০ বছর বয়সী বাশির। ১৮ বছর বয়সী ওয়াফিউল্লাহ আছেন শুধু টি-টোয়েন্টিতে।

এখন পর্যন্ত ১৪ টি-টোয়েন্টি ম্যাচে ১২ উইকেট ও ৫টি লিস্ট ‘এ’ ম্যাচে ৪ উইকেট পেয়েছেন বাশির। ওয়াফিউল্লাহ ৩৩ টি-টোয়েন্টি ম্যাচে ১৪৫.৯৫ স্ট্রাইক রেটে রান করেছেন ৭৯৪। সম্প্রতি ঘরোয়া টি-টোয়েন্টি প্রতিযোগিতা শাগিজা ক্রিকেট লিগে ৩৭.২৫ গড় ও ১৫৫.২০ স্টাইক রেটে ২৯৮ রান করে আসরের তৃতীয় সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনি। 

টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়েছেন রহস্য স্পিনার এএম গাজানফারও। রেহমাত শার সঙ্গে রিজার্ভ তালিকায় আছেন তিনি। ওয়ানডে দলে অবশ্য জায়গা ধরে রেখেছেন গাজানফার। এই সংস্করণের দলে ফিরেছেন দারভিশ রাসুলি, নানগেলিয়া খারোটে, আব্দুল্লাহ আহমাদজাই ও মোহাম্মাদ সালিম। 

গাজানফারকে ছাড়াই টি-টোয়েন্টি দলে স্পিনার আছেন চার জন। অধিনায়ক রাশিদ খানের সঙ্গে আছেন নুর আহমাদ, মুজিব উর রাহমান ও মোহাম্মাদ নাবি। ওয়ানডে স্কোয়াডেও স্পিনার চার জন- রাশিদ, নাবি, গাজানফার ও খারোটে। 

প্রথমে টি-টোয়েন্টি সিরিজ খেলবে দুই দল। ২, ৩ ও ৫ অক্টোবর ম্যাচ তিনটি হবে শারজাহতে। আবু ধাবিতে তিনটি ওয়ানডে হবে ৮, ১১ ও ১৪ অক্টোবর। 

টি-টোয়েন্টিতে সবশেষ দেখায় চলতি এশিয়া কাপে বাংলাদেশের কাছে ৮ রানে হেরেছে আফগানিস্তান। আসরের গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়েছে তারা।

আফগানিস্তান টি-টোয়েন্টি দল: রাশিদ খান (অধিনায়ক), ইব্রাহিম জাদরান, রাহমানউল্লাহ গুরবাজ, মোহাম্মাদ ইসহাক, সেদিকউল্লাহ আটাল, ওয়াফিউল্লাহ তারাখিল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, শারাফউদ্দিন আশরাফ, নুর আহমাদ, মুজিব উর রাহমান, বাশির আহমাদ, ফারিদ আহমাদ, আব্দুল্লাহ আহমাদজাই

রিজার্ভ: এএম গাজানফার, রেহমাত শাহ 

আফগানিস্তান দল ওয়ানডে: হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রেহমাত শাহ, রাহমানউল্লাহ গুরবাজ, ইকরাম আলিখিল, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আটাল, দারভিশ রাসুলি, আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মাদ নাবি, রাশিদ খান, নানগেলিয়া খারোটে, এএম গাজানফার, আব্দুল্লাহ আহমাদজাই, বাশির আহমাদ, মোহাম্মাদ সালিম

রিজার্ভ: বিলাল সামি, ফারিদুন দাউদজাই