১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৯ ছক্কা ৯ চারে হোপের রেকর্ড ১১৮*

এসএ টোয়েন্টিতে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংসের রেকর্ড গড়লেন ক্যারিবিয়ান অধিনায়ক।

৯ ছক্কা ৯ চারে হোপের রেকর্ড ১১৮*
টি-টোয়েন্টি ক্যারিয়ারে চতুর্থ সেঞ্চুরির স্বাদ পেলেন শেই হোপ। ছবি: এসএ টোয়েন্টি এক্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2026, 02:31 AM

Updated : 26 Aug 2026, 05:31 PM

প্রথম বলে চার, পঞ্চম বলে ছক্কা। প্রথম সাত বলে ২০ রান। দারুণ সেই শুরুকে শেই হোপ পূর্ণতা দিলেন সেঞ্চুরি করে। বিধ্বংসী ইনিংস খেলে রেকর্ড বইয়ে নাম লেখালেন ক্যারিবিয়ান ব্যাটসম্যান। 

এসএ টোয়েন্টিতে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে ডারবান’স সুপার জায়ান্টসের বিপক্ষে ৬৯ বলে অপরাজিত ১১৮ রানের চমৎকার ইনিংস খেলেছেন হোপ। ৯টি করে ছক্কা ও চারে গড়া তার ইনিংসটি।

দক্ষিণ আফ্রিকার এই ফ্র্যাঞ্চাইজি লিগের চার আসর মিলিয়ে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস এটিই। ২০২৪ সালে প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়েই এমআই কেপ টাউনের বিপক্ষে কাইল ভেরেইনার অপরাজিত ১১৬ রানের ইনিংস ছিল আগের রেকর্ড।

ডারবানের কিংসমিডে বুধবার টস হেরে ব্যাটিংয়ে নামে ক্যাপিটালস। প্রথম ওভারে কিউনা মাফাকাকে একটি করে চার ও ছক্কার পর, দ্বিতীয় ওভারে এইডেন মার্করামকে পরপর চার ও ছক্কা মারেন হোপ।

পঞ্চম ওভারে বাঁহাতি পেসার মাফাকার চার বলের মধ্যে দুটি চার ও একটি ছক্কা হাঁকান তিনি। আরেকটি ছক্কা মারেন আফগান স্পিনার নুর আহমাদকে। ফিফটি পূর্ণ করেন ৩৪ বলে। রানের গতি আরও বাড়িয়ে পরের ২৬ বলেই কাঙ্ক্ষিত তিন অঙ্কে পৌঁছে যান হোপ। 

সেঞ্চুরি পর্যন্ত ছক্কা মারেন তিনি ৮টি, পরে আরও একটি। তার দুর্দান্ত ইনিংসে ২০ ওভারে ৪ উইকেটে ২০১ রানের বড় পুঁজি গড়ে ক্যাপিটালস।

টি-টোয়েন্টি ক্রিকেটে হোপের চতুর্থ সেঞ্চুরি এটি। 

চলতি আসরে এর আগে চার ইনিংসের দুটিতে ভালো শুরু পেয়ে ইনিংস টেনে নিতে ব্যর্থ হয়েছিলেন তিনি (৩৬ ও ৪৫)। এবার আর ভুল করলেন না, তুলে নিলেন সেঞ্চুরি। টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে অধিনায়কের এমন ইনিংস ওয়েস্ট ইন্ডিজের জন্যও ভালো খবর।

এনগিডির হ্যাটট্রিকবাটলারের অপরাজিত ৯৭