Published : 26 Aug 2026, 07:04 PM
প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করা পাসিন্দু সুরিয়াবান্দারা দ্বিতীয় ইনিংসেও ছড়ালেন আলো। তবে এবারও সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে শেষ পর্যন্ত তিনি মাঠ ছাড়লেন আক্ষেপ নিয়ে। সঙ্গে কামিন্দু মেন্ডিসের পঞ্চাশ ছোঁয়া ইনিংসে লিড নিল ফলো-অনে পড়া শ্রীলঙ্কা। তবে ম্যাচের লাগাম এখনও ভারতের হাতেই।
কলম্বো টেস্টে বুধবার লঙ্কানদের প্রথম ইনিংস ২৯০ রানে গুটিয়ে দিয়ে তাদেরকে আবারও ব্যাটিংয়ে পাঠায় ভারত। দ্বিতীয়বার খেলতে নেমেও খুব একটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। ছয় উইকেটে ২২৯ রান নিয়ে চতুর্থ দিন শেষ করেছে তারা।
চার উইকেট হাতে নিয়ে স্রেফ ১৬ রানে এগিয়ে আছে শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে ৮০ রান করা সুরিয়াবান্দারা এবার ৮ রানের জন্য সেঞ্চুরি পাননি। দ্বিতীয় টেস্ট খেলতে নামা এই ব্যাটসম্যানের ৯২ রানের ইনিংসটি সাজানো একটি ছক্কা ও ১০টি চারে। আর ৫৫ রান করতে তিনটি ছক্কা ও দুটি চার মারেন কামিন্দু।
নতুন দিনে ছয় ওভার খেলতেই গুটিয়ে যায় ৮ উইকেটে ২৬৫ রান নিয়ে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা। এই ইনিংসে দলটির প্রাপ্তি বলতে সোনাল দিনুশার সেঞ্চুরি। পঞ্চম টেস্ট খেলতে নেমে দ্বিতীয় শতক উপহার দেন তিনি। তিনটি ছক্কা ও আটটি চারে ১০৩ রান করে শেষ ব্যাটসম্যান হিসেবে আউট হন এই ক্রিকেটার।
২১৩ রানে পিছিয়ে থেকে আবার ব্যাটিংয়ে নেমে চতুর্থ ওভারেই লাহিরু উদারাকে হারায় লঙ্কানরা। এবারও দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি। গলে ২৭ ও ১৬ রান করা ওপেনার কলম্বোয় ফেরেন ১ ও ৩ রানে।
সুরিয়াবান্দারা ও কামিল মিশারা শুরুর ধাক্কা সামাল দেন। দুজনেই আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে বাড়াতে থাকেন রান। একটি ছক্কা ও তিনটি চারে ৩২ রান করা অভিষিক্ত মিশারাকে এলবিডব্লিউ করে দেন রাভিন্দ্রা জাদেজা, ভাঙে ৫৮ রানের জুটি।
এরপর কামিন্দুকে নিয়ে ১১৫ রানের জুটি গড়েন সুরিয়াবান্দারা। দারুণ ব্যাটিংয়ে প্রায় এক সেশন কাটিয়ে দেন তারা দুইজন। দ্বিতীয় সেশনের শেষ দিকে প্রাসিধ কৃষ্ণার শর্ট বলে আবারও ক্যাচ তুলে দেন কামিন্দু। স্কয়ার লেগ থেকে পেছনের দিকে দৌড়ে দারুণ ক্যাচ নেন শুবমান গিল।
ভালো শুরুটা কাজে লাগাতে পারেননি ধানাঞ্জায়া ডি সিলভা। মানাভ সুতারের বল তার ব্যাট ছুঁয়ে প্যাডে লেগে যায় গালিতে। একটি করে ছক্কা ও চারে ২৩ রান করা লঙ্কান অধিনায়কের সহজ ক্যাচ নেন দেবদূত পাডিক্কাল।
নিজের উইকেট বিলিয়ে আসেন সুরিয়াবান্দারা। সুতারের বলে ক্রিজ ছেড়ে বেরিয়ে এসে খেলার চেষ্টায় স্টাম্পড হন তিনি। কয়েক ওভার পর এলবিডব্লিউ হয় যান নিরোশান ডিকওয়েলা।
২ উইকেটে ১৭৮ রান থেকে ২১৮ রানে ষষ্ঠ উইকেট হারিয়ে ফেলে শ্রীলঙ্কা। আগের ইনিংসের সেঞ্চুরিয়ান দিনুশা ও কেশারা নুওয়ান্থা আছেন ক্রিজে। ভারতকে কত রানের লক্ষ্য দিতে পারে লঙ্কানরা, সেটাই এখন দেখার।
সংক্ষিপ্ত স্কোর:
ভারত ১ম ইনিংস: ৫০৩/৯ ডিক্লে.
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৮৯.৪ ওভারে ২৯০ (আগের দিন ২৬৫/৮) (দিনুশা ১০৩, কুমারা ১২, আসিথা ১*; সিরাজ ১১-০-৩৩-১, প্রাসিধ ১৬-২-৫২-৩, সুতার ২২-১-৮৫-৩, সারানশ ২০.৪-৫-৬৯-২, জাদেজা ২০-৪-৪৫-১)
শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৭২.৪ ওভারে ২২৯/৬ (উদারা ৩, মিশারা ৩২, সুরিয়াবান্দারা ৯২, কামিন্দু ৫৫, ধানাঞ্জায়া ২৩, দিনুশা ৭, ডিকওয়েলা ৬, নুওয়ান্থা ৩*; প্রাসিধ ১০-১-৩১-১, সিরাজ ৯-৪-১১-১, সুতার ১৮-২-৮১-২, সারানশ ১৭.৪-৩-৫৫-১, জাদেজা ১৮-২-৪৮-১)