Published : 19 Jul 2026, 01:13 AM
আগের দিন দেদার রান বিলিয়ে দেওয়ার পর এবার আর বোলিংয়ের সুযোগ পেলেন না মেহেদী হাসান মিরাজ। ব্যাট হাতে ভালো শুরুর আভাস দিয়েও আউট হয়ে গেলেন দ্রুতই। ‘ইম্প্যাক্ট প্লেয়ার’ হিসেবে সুযোগ পেয়ে দুটি উইকেট নিলেও খুব একটা ছাপ রাখতে পারলেন না হাসান মাহমুদ।
লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) মিরাজ ব্যর্থ হলেন টানা দ্বিতীয় ম্যাচে। তিন নম্বরে নেমে আউট হলেন ৯ বলে ১৩ রান করে। অভিষেকে হাসানের বোলিং বিশ্লেষণ ২.২-০-৩১-২।
মিরাজের দল গল গ্যালান্টস অবশ্য পেল টানা দ্বিতীয় জয়। কলম্বো ক্যাপসকে হারাল তারা ৫ উইকেটে।
কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠে শনিবার কলম্বো ২০ ওভারে তোলে ১৮৯ রান। ওপেনিংয়ে কুসাল মেন্ডিস ৭ ছক্কায় করে ৫৩ বলে ৭৯ রান। ৩৪ বলে ৫৭ করেন বেন ম্যাকডারমট। ৮ বলে ১২ রানে অপরাজিত থাকেন জিমি নিশাম।
গলের পাকিস্তানি পেসার আকিফ জাভেদ উইকেট নেন ৪টি। আগের দিন নতুন বলে ২ ওভারে ২৯ রান দেওয়া মিরাজ এই ম্যাচে বোলিং পাননি।
রান তাড়ায় গল প্রথম ২ ওভারে ১৯ রান তোলার পর আক্রমণে আনা হয় হাসানকে। তার দ্বিতীয় বলে চার মারেন লাসিথ ক্রুসপুল। পরের বলেই তাকে ফিরে জবাব দেন হাসান।
মিরাজ তিনে নেমে প্রথম দুই বলেই দারুণ দুটি শটে বাউন্ডারি মারেন স্বদেশি পেসারকে। ওভারের শেষ বলে নেন দুটি রান।
প্রথম তিন বলে ১০ রানের পর আর ডানা মেলতে পারেননি মিরাজ। ষষ্ঠ ওভারে বাঁহাতি স্পিনার ওয়ানুা সাহানকে সু্ইপ করে ধরা পড়েন বৃত্তের মধ্যেই।
গলের রান তাড়া এগিয়ে নেন স্যাম হার্পার ও চারিথ আসালাঙ্কা। ৭২ রানের এই জুটি ভাঙেন হাসান।
নিজের দ্বিতীয় ওভারটি করতে আসেন তিনি চতুর্দশ ওভারে। তার নো বলে স্কুপ করে ছক্কা মারেন হার্পার। ওই ওভারে কাটারে আসালাঙ্কাকে (২১ বলে ২৮) ফেরান হাসান।
হার্পার বিদায় নেন ৪৫ বলে ৬৫ রান করে।
এরপর সাহান আরাচ্চিগের ১৬ বলে অপরাজিত ৩৮ ও মোহাম্মদ নাওয়াজের ৬ বলে অপরাজিত ১৬ রানের ইনিংসে গল জয় পায় চার বল বাকি রেখে।
শেষ ওভারে প্রয়োজন পড়ে চার রানের। হাসানের বলে বাউন্ডারিতে ম্যাচ শেষ করেন আরাচ্চিগে।