Published : 29 Jul 2026, 06:59 PM
এক প্রান্তে ঝড় তুললেন স্যাম হার্পার, আরেক প্রান্তে বলে-বলে রান করতেও যেন ভুগলেন নুরুল হাসান সোহান। রান উৎসবের ম্যাচে অনেকটা সময় ক্রিজে থাকলেও তেমন কিছু করতে পারলেন না বাংলাদেশের অভিজ্ঞ কিপার-ব্যাটসম্যান।
ক্যান্ডি রয়্যালসের বিপক্ষে গল গ্যালান্টসের দুই ওপেনারের উল্টো যাত্রার শুরু প্রথম ওভারে। শাহিন শাহ আফ্রিদির বলে চার মেরে সিঙ্গেল নেন হার্পার। দুটি ডট বল খেলে সিঙ্গল নেন সোহান। ওভারের শেষ বলে আরেকটি চার মারেন হার্পার।
তৃতীয় ওভারে আসিথা ফার্নান্দোকে ছয় মারেন সোহান। এরপরও প্রথম ১০ বলে তিনি করতে পারেন কেবল ৯ রান।
পাওয়ার প্লেতে ৬ ওভারে বিনা উইকেটে ৪২ রান করে গল। সপ্তম ওভারে ওয়ানিন্দু হাসারাঙ্গাকে চারের পর, টানা দুটি ছয় মেরে রানের চাকায় দম দেন হার্পার।
নবম ওভারে আফ্রিদিকে দুটি চার মারেন সোহান। কিন্তু থেমে যান তিনি পরের ওভারেই। জহির খানের অফ স্টাম্পের বাইরের বল ঠিকঠাক খেলতে পারেননি তিনি, ধরা পড়েন লং অনে, হাসারাঙ্গার হাতে। ভাঙে ৫৮ বল স্থায়ী ৮১ রানের উদ্বোধনী জুটি।
৩২ বলে এক ছয় ও তিন চারে ৩৩ রান করেন সোহান।
পাল্লেকেলেতে বুধবার ভালো শুরু পাওয়া গল শেষ পর্যন্ত ৩ উইকেটে করে ২০৮ রান।
৩৮ বলে তিন ছয় ও সাত চারে ৭২ রান করেন ওপেনার হার্পার। তিনে নেমে ৩২ বলে চার ছয় ও সাত চারে অপরাজিত ৭০ রানের বিস্ফোরক ইনিংস খেলেন চারিথ আসালাঙ্কা।