Published : 29 May 2026, 10:44 AM
বৈভাব সুরিয়ানভানশিকে নিয়ে কত জনই তো কত কথা বলছেন। প্রশংসা, স্তুতি, বিস্ময়ের ঝড় চলছে, নানারকম তুলনা উঠে আসছে। সেই আলোচনার জোয়ারে এবার নতুন এক স্রোত বইয়ে দিলেন মোহাম্মাদ ইউসুফ। পাকিস্তানের ব্যাটিং গ্রেট বলছেন, সুরিয়াভানশিকে দেখে তার মনে পড়ে যাচ্ছে তরুণ বয়সের শাহিদ আফ্রিদির কথা।
আফ্রিদির উত্থানের সময়টায় অবশ্য টি-টোয়েন্টি ক্রিকেট বা এই ধরনের ফ্র্যাঞ্চাইজি লিগের অস্তিত্বই ছিল না। নব্বইয়ের দশকের মাঝামাঝি আন্তর্জাতিক ক্রিকেটে ঝড় তুলেই তিনি জানান দিয়েছিলেন নিজেকে।
১৯৯৬ সালে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সফরে ছিলেন আফ্রিদি। পাকিস্তান জাতীয় দল তখন কেনিয়ায় খেলছিল চারদেশীয় ওয়ানডে সিরিজে। চোট পেয়ে সেই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন লেগ স্পিনার মুশতাক আহমেদ। বদলি হিসেবে দলে আনা হয় উঠতি লেগ স্পিনিং অলরাউন্ডার আফ্রিদিকে।
অভিষেকে কেনিয়ার বিপক্ষে ব্যাটিং পাননি, বোলিংয়ে ১০ ওভারে ৩২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। পরের ম্যাচেই বিস্ফোরণ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন নম্বরে নেমে ৪০ বলে ১০২ রানের ইনিংসের পথে সেঞ্চুরি করেন তিনি ৩৭ বলে। সানাৎ জায়াসুরিয়ার ৪৮ বলের সেঞ্চুরির রেকর্ড দুমড়েমুচড়ে দ্রুততম সেঞ্চুরির রেকর্ডকে নতুন উচ্চতায় তুলে নেন তিনি।
১৬ বছর ২১৭ দিন বয়সের সেই ইনিংস এখনও আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড। বয়স ১৭ হওয়ার আগে সেঞ্চুরি নেই আর কারও। আফ্রিদি পরে আরেকটি ওয়ানডে সেঞ্চুরি করেন ১৮ বছর ২০২ দিন বয়সে। ১৯ বছর হওয়ার আগেই একাধিক ওয়ানডে সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান এখনও তিনিই।
শুরুর সেই সম্ভাবনার সবটুকু পরে বাস্তবতায় রূপ দিতে পারেননি আফ্রিদি। অনেক ম্যাচেই উইকেট বিলিয়ে এসেছেন অনায়াসে। তবে ক্যারিয়ারজুড়েই তিনি ছিলেন আগ্রাসী ক্রিকেটার ও সময়ের চেয়ে অনেক এগিয়ে থাকা।
আফ্রিদির চেয়ে আরও কম বয়সেই ক্রিকেট বিশ্বে তোলপাড় ফেলে দিয়েছেন সুরিয়াভানশি। যদিও আন্তর্জাতিক ক্রিকেটে এখনও পা পড়েনি ১৫ বছর বয়সী বাঁহাতির। তবে আইপিএলে তিনি অনেক অভিজ্ঞ আন্তর্জাতিক বোলারের চোখের পানি নাকের পানি এক করে ছাড়ছেন।
এই সুরিভানশিকে দেখে ইউসুফ ফিরে গেলেন সেই ৩০ বছর আগের সময়টায়।
“১৫ বছর বয়সী ক্রিকেট সেনসেশন বৈভাব সুরিয়াভানশি আমাকে মনে করিয়ে দেয় শাহিদ আফ্রিদির কথা- তরুণ, ভয়ডরহীন, বিস্ফোরক ও প্রাণশক্তিতে ভরপুর। ভবিষ্যৎ এখানেই!”
গত আইপিএলে ১৪ বছর বয়সে ৭ ম্যাচ খেলে ২০৬.৫৫ স্ট্রাইক রেটে ২৫২ রান করে তাক লাগিয়ে দিয়েছিলেন সুরিয়াভানশি। তবে সেটা ছিল কেবল ‘ট্রেলার।’ এরপর ভারতের বয়সভিত্তিক দলে রেকর্ডের পর রেকর্ড গড়ে, ঘরোয়া ক্রিকেট রাঙিয়ে, রাইজিং স্টার্স এশিয়া কাপে ঝড় তুলে, এবারের আইপিএলে তিনি মেলে ধরছেন রূপকথা। রেকর্ডের বন্যা বইয়ে দিয়ে এবারের আসরে এখনও পর্যন্ত ৬৮০ রান করেছেন তিনি ২৪২.৮৫ স্ট্রাইক রেটে।
স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪ বছর বয়সেই তিনটি সেঞ্চুরি করেছেন তিনি, ১৫ বছর বয়সে একটি। অন্য কোনো ব্যাটসম্যানের ১৮ বছরের আগে সেঞ্চুরি নেই।
১৪ বছর ২৭২ দিন বয়সে সেঞ্চুরি করে লিস্ট ‘এ’ ক্রিকেটেও সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান তিনি। গত ডিসেম্বরে ভিজায় হাজারে ট্রফিতে ১৬ চার ও ১৫ ছক্কায় ৮৪ বলে ১৯০ রানের সেই ইনিংসের পথে আরও বেশ কিছু রেকর্ড তিনি গড়েছিলেন।