দলে ফিরেই ফাইনালের একাদশে এনগিডি
সবশেষ টেস্টের একাদশ থেকে এই একটিই পরিবর্তন এনেছে দক্ষিণ আফ্রিকা।
আট মাস পর টেস্ট দলে ফিরেই একাদশে জায়গা করে নিয়েছেন লুঙ্গি এনগিডি। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে এই ফাস্ট বোলারকে নিয়ে লড়বে দক্ষিণ আফ্রিকা। সবশেষ টেস্টের একাদশ থেকে একটিই পরিবর্তন এনেছে তারা।
লর্ডসে বুধবার শুরু টেস্ট ক্রিকেটের শ্রেষ্ঠত্বের লড়াই। টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রের চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মতো প্রোটিয়ারাও আগের দিন জানিয়ে দিয়েছে একাদশ।
পাকিস্তানের বিপক্ষে সবশেষ টেস্টে খেলা কিউনা মাফাকাকে ফাইনালের দলেই রাখেনি দক্ষিণ আফ্রিকা।
গত অগাস্টে ওয়েস্ট ইন্ডিজ সফরে সবশেষ টেস্ট খেলেন এনগিডি। পরে বাংলাদেশ সফরের টেস্ট দলেও রাখা হয় তাকে; কিন্তু কোনো ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।
পরের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ‘কন্ডিশনিং ব্রেক’ হিসেবে বিশ্রাম দেওয়া হয় ২৯ বছর বয়সী বোলারকে। নিজেকে ভালোভাবে গুছিয়ে নেওয়ার এই বিরতিতে বোর্ডের চিকিৎসা বিভাগের পরীক্ষা-নিরীক্ষায় তার কুঁচকির চোট ধরা পড়ে।
ওই সমস্যায় ঘরের মাঠে শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে পারেননি তিনি। চলতি বছরের শুরুর দিকে সাদা বলের ক্রিকেট দিয়ে মাঠে ফেরেন এনগিডি। দক্ষিণ আফ্রিকার হয়ে খেলেন চ্যাম্পিয়ন্স ট্রফিতেও। এবারের আইপিএলেও খেলেন তিনি।
ফাইনালে দক্ষিণ আফ্রিকার হয়ে ইনিংস শুরু করবেন এইডেন মার্করাম ও রায়ান রিকেলটন। পাকিস্তান ও শ্রীলঙ্কার বিপক্ষে তিনে ভালো করা ভিয়ান মুল্ডারকে এই পজিশনেই খেলাবে তারা।
অধিনায়ক টেম্বা বাভুমা, ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম ও কিপার কাইল ভেরেইনা থাকবেন মিডল অর্ডারে।
প্রোটিয়াদের একাদশে একমাত্র বিশেষজ্ঞ স্পিনার কেশাভ মহারাজ। পেস বোলিংয়ে এনগিডির সঙ্গে আছেন অভিজ্ঞ কাগিসো রাবাদা, মার্কো ইয়ানসেন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৩-২৫ চক্রে ১২ ম্যাচ খেলে ৮টিতে জিতেছে দক্ষিণ আফ্রিকা। ৬৯.৪৪ শতাংশ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে প্রথমবারের মতো ফাইনালে জায়গা করে নেয় বাভুমার দল।
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের দক্ষিণ আফ্রিকা একাদশ: এইডেন মার্করাম, রায়ান রিকেলটন, ভিয়ান মুল্ডার, টেম্বা বাভুমা (অধিনায়ক), ট্রিস্টান স্টাবস, ডেভিড বেডিংহ্যাম, কাইল ভেরেইনা (কিপার), মার্কো ইয়ানসেন, কেশাভ মহারাজ, কাগিসো রাবাদা, লুঙ্গি এনগিডি।
