১৮ নভেম্বর ২০২৬, ০৩ অগ্রহায়ণ ১৪৩৩

‘শুধু ভারতকে হারানো নয়, শিরোপা জয়ের লক্ষ্য থাকা উচিত পাকিস্তানের’

পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াসিম আকরামের মতে, একটি ম্যাচে নজর না দিয়ে পুরো টুর্নামেন্টে ভালো করার দিকে মনোযোগ দিতে হবে তার উত্তরসূরিদের।

‘শুধু ভারতকে হারানো নয়, শিরোপা জয়ের লক্ষ্য থাকা উচিত পাকিস্তানের’
ওয়াসিম আকরাম। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 09:28 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা। এশিয়া কাপে দুই দলের আসছে লড়াই নিয়েও আলোচনা কম হচ্ছে না। উত্তরসূরিদের এসবে কান না দেওয়ার পরামর্শ দিয়েছেন পাকিস্তানের পেস বোলিং গ্রেট ওয়াসিম আকরাম। তার মতে, শুধু চিরপ্রতিদ্বন্দ্বীদের হারানো নয়, শিরোপা জয়ে মনোযোগ দেওয়া উচিত সালমান আলি আগাদের।

পেহেলগামে সন্ত্রাসী হামলার পর নানা টানাপোড়েন শেষে মাঠে গড়িয়েছে এবারের এশিয়া কাপ। যেখানে ‘এ’ গ্রুপে রাখা হয়েছে ভারত ও পাকিস্তানকে। দুবাইয়ে রোববার মুখোমুখি হবে দুই দল।

ওয়াসিম আকরাম বললেন, স্রেফ এই এক ম্যাচ জেতায় নজর দিলে চলবে না পাকিস্তানের। জেতার লক্ষ্য থাকবে হবে এশিয়া কাপের শিরোপা।

“ভারতকে হারানোই কেবল পাকিস্তানের লক্ষ্য হওয়া উচিত নয়; তাদের লক্ষ্য হওয়া উচিত এশিয়া কাপ জয়। বড় দলের বিপক্ষে হেরে গেলেও ঘুরে দাঁড়াতে হবে এবং টুর্নামেন্টের বাকি অংশে ভালো খেলতে হবে।”

রাজনৈতিক শীতল সম্পর্কের কারণে এশিয়া কাপ কিংবা আইসিসি আসর ছাড়া এখন আর দেখা হয় না ভারত ও পাকিস্তানের। দুই দলের দ্বিপাক্ষিক সিরিজ বন্ধ এক যুগের বেশি সময় ধরে।

দুই দেশের সম্পর্ক আরও অবনতি হওয়ায় এশিয়া কাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বয়কটের আলোচনা ওঠে ভারতীয় ক্রিকেটে। তাতে শঙ্কায় পড়ে যায় ম্যাচটির ভবিষ্যৎ। শেষ পর্যন্ত অবশ্য ভারত দলকে পাকিস্তানের মুখোমুখি হওয়ার অনুমতি দেয় ভারত সরকার।

আলোচনার কেন্দ্রে থাকা এই ম্যাচটি নিয়ে বেশি ভাবতে ফাখার জামাল, সালমানদের বারণ করেছেন ওয়াসিম। কেবল লড়াইটি উপভোগ করার পরামর্শ দিয়েছেন তিনি।

“এটাকে উপভোগ করো, এটা কেবল ক্রিকেটের একটি ম্যাচ। ক্রিকেট ছাড়া বাকি সব ভুলে যাও। এক দল জিতবে, আরেক দল হারবে। চাপ সামলাও, শৃঙ্খলা দেখাও এবং মুহূর্তটি উপভোগ করো-দুই দলের ক্রিকেটার ও সমর্থকদের জন্য এটা কেবলই একটা ম্যাচ।”

এশিয়া কাপ শুরুর আগে আফগানিস্তানকে গুঁড়িয়ে ত্রিদেশীয় সিরিজ জিতেছে পাকিস্তান। এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়েও তাদের শুভসূচনা হয়েছে, ওমানের বিপক্ষে জয় দিয়ে।

ভারতকে হারানোর পাশাপাশি পাকিস্তানের এশিয়া কাপ জয়ের সম্ভাবনাও দেখছেন ওয়াসিম।

“পাকিস্তানের সুযোগ রয়েছে, যেহেতু তারা গত সপ্তাহে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাতকে নিয়ে খেলা ত্রিদেশীয় সিরিজ জিতেছে।”

তবে ভারতের বিপক্ষে ম্যাচটি যে সহজ হবে না, ভালোই করেই জানেন পাকিস্তানের বর্তমান ও সাবেক ক্রিকেটাররা। প্রতিপক্ষের মনোভাব কেমন হবে, তা তুলে ধরার চেষ্টা করেছেন সাবেক তারকা ফাস্ট বোলার শোয়েব আখতার। নিজেদেরও এর জন্য প্রস্তুত থাকতে হবে বলে মনে করছেন তিনি। 

“তারা কেমন ক্রিকেট খেলবে এটা নিয়ে ভাবনা কেন? এটা স্পষ্ট যে, তারা আধিপত্য দেখাতে চাইবে এবং পাকিস্তানকে গুঁড়িয়ে দিতে চাইবে। আমি যদি আরও খোলাখুলি বলি, যখন নিজেদের শক্তিমত্তা জানান দেওয়ার কথা বলা হয়, তখন ভারত ফাইনালে আফগানিস্তানের সঙ্গে খেলতে চাইবে, পাকিস্তানের সঙ্গে নয়।”

“তবে মূল কথা হলো, পাকিস্তানকে তাদের সেরা খেলাটা খেলতে হবে। যদি লক্ষ্য হয় ভারতকে হারানো, তাহলে এই ম্যাচ জয় আমাদের জন্য বড় আলোচনার বিষয় হয়ে দাঁড়াবে।”

ম্যাচটি নিয়ে পাকিস্তানের পরিকল্পনা কেমন হওয়া উচিত, সেটিও তুলে ধরেছেন শোয়েব।

“আমরা পাকিস্তানের কাছ থেকে শুধু এটাই চাই যে, তারা আগে ব্যাটিং করুক, রান করুক, যদিও দুবাইয়ে ১৭০ এর বেশি রান করা কঠিন, তবু ২০০ রান করার চেষ্টা করুক এবং ১০০ রানে জয়ের লক্ষ্যে খেলুক। ভারতের বিপক্ষে খেলার জন্য যে দলটি মানানসই, সেই দলকে খেলানো হোক।”

“বোলিং নিয়ে বাড়তি চিন্তা করার দরকার নেই। তিন জন পেসার, দুই জন স্পিনার ব্যবহার করলেই হয় এবং ব্যাটিং লাইন আপে একজন অলরাউন্ডার রাখলেই হলো- এটাই যথেষ্ট।”