১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পাডিক্কালের পর জুরেলের সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়

দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে দ্রুত দুই উইকেট হারিয়ে চাপে আছে শ্রীলঙ্কা।

পাডিক্কালের পর জুরেলের সেঞ্চুরিতে ভারতের রান পাহাড়
সেঞ্চুরিয়ান ধ্রুভ জুরেল (বাঁয়ে) ও রিশাভ পান্ত। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 08:13 PM

Updated : 16 Sep 2026, 01:00 PM

দেবদুত পাডিক্কালের সেঞ্চুরিতে পাওয়া শক্ত ভিতে দাঁড়িয়ে আলো ছড়ালেন ধ্রুভ জুরেল। দারুণ এক শতক উপহার দিলেন তিনিও। সঙ্গে বাকিদের অবদানে রান পাহাড় গড়ল ভারত। পরে শ্রীলঙ্কার দ্রুত দুই উইকেট নিয়ে চালকের আসনে থেকে দিন শেষ করল তারা।

কলম্বো টেস্টে সোমবার ৯ উইকেটে ৫০৩ রান করে প্রথম ইনিংস ঘোষণা করেছে ভারত। দ্বিতীয় দিনের শেষ বেলায় ব্যাটিংয়ে নেমে ৮ রান তুলতেই ২ উইকেট হারিয়ে ফেলেছে শ্রীলঙ্কা।

ভারতের বিশাল সংগ্রহ গড়ার মূল কারিগর পাডিক্কাল ও জুরেল। তিনে নেমে প্রথম দিন ১১৭ রান করেন পাডিক্কাল। আর দ্বিতীয় দিন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি করেন জুরেল। দুটি ছক্কা ও নয়টি চারে ১১৫ করে অপরাজিত থাকেন তিনি।

এছাড়া শুবমান গিল করেন ৫০ রান। আগের দিন ‘রিটায়ার্ড হার্ট’ হয়ে মাঠ ছাড়া রিশাভ পান্ত এদিন ব্যাটিংয়ে নেমে দুটি ছক্কা ও ছয়টি চারে করেন ৬৩ রান

৫ উইকেটে ৩০০ রান নিয়ে খেলতে নামা ভারত দিনের দ্বিতীয় ওভারেই সারানশ জৈনকে হারায়। হাতে বলের আঘাত পেয়ে ৩ রানে আগের দিন মাঠ ছাড়া পান্ত আবার ব্যাটিংয়ে নেমে জুরেলের সঙ্গে গড়ে তোলেন জুটি।

তাদের ব্যাটে প্রথম সেশন নিরাপদে কাটিয়ে দেয় ভারত। ৮৩ বলে ফিফটি স্পর্শ করেন পান্ত। পরের ওভারে পঞ্চাশে পা রাখেন জুরেলও, ৯৭ বলে। 

দ্বিতীয় সেশনের প্রথম বলে পান্তকে ফিরিয়ে দেন নুওয়ান্থা। তাতে ভাঙে ১১২ রানের জুটি। এরপর জুরেলকে সঙ্গ দেন মানাভ সুতার। ৫১ বলে ১৮ রান করেন তিনি। পরে মোহাম্মেদ সিরাজও কিছুটা সময় কাটান ক্রিজে।

দ্বিতীয় সেশনে হানা দেয় বৃষ্টি। তাতে সেশনের লম্বা একটা সময় ভেসে যায়। লম্বা সময় অপেক্ষার পর তৃতীয় সেশন শুরু হলে, কয়েক ওভার পর সেঞ্চুরি স্পর্শ করেন জুরেল, ১৭০ বলে। ৯৯ থেকে তিন অঙ্ক ছুঁতে তার লাগে ১৩ বল। 

সেঞ্চুরি ছোঁয়ার পরের বলেই আসিথাকে ছক্কায় ওড়ান জুরেল। সিরাজ বিদায় নিলে আরও দুই ওভার ব্যাটিং করেন জুরেল ও প্রাসিধ। দলের রান পাঁচশ ছোঁয়ার পর ইনিংস ঘোষণা করে দেয় ভারত।

শ্রীলঙ্কা ব্যাটিংয়ে নামার দুই বল পর আবার নামে বৃষ্টি। কিছুক্ষণ অপেক্ষা শেষে খেলা শুরু হলে দ্বিতীয় ওভারে লাহিরু উদারাকে হারায় লঙ্কানরা। নাইটওয়াচম্যান হিসেবে নামা প্রাবাথ জায়াসুরিয়ার বিদায়ের পর আলোকস্বল্পতায় দিনের খেলা শেষ করে দেন আম্পায়াররা।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ১৩৮ ওভারে ৫০৩/৯ ডিক্লে. (আগের দিন ৩০০/৫) (পান্ত ৬৩, জুরেল ১১৫*, সারানশ ৬, সুথার ১৮, সিরাজ ৩, প্রাসিধ ৪*; আসিথা ২৯-৫-১০৬-৪, লাহিরু ২০-৪-৬৮-১, জায়াসুরিয়া ৪২-৭-১৩২-২, নুওয়ান্থা ৩৮-৩-১৫৪-২, দিনুশা ৩-০-৮-০, ধানাঞ্জায়া ২-০-৮-০, মিশারা ৪-০-১৬-০)

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ৩ ওভারে ৮/২ (উদারা ১, মিশারা ৫*, জায়াসুরিয়া ২; সিরাজ ১-০-১-০, প্রাসিধ ১-০-৬-১, সুতার ১-০-৬-১)