Published : 01 Apr 2026, 06:14 PM
দক্ষিণ আফ্রিকার হয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে অভিষেক সিরিজে কনর এস্তেহেইজেনের দারুণ ব্যাটিং পারফরম্যান্সের প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচ শেষে তার দেশের ক্রিকেটারদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ রেটিং পয়েন্ট অর্জন করেছেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ৫৫১ রেটিং পয়েন্ট নিয়ে ৩৯তম স্থানে আছেন এস্তেহেইজেন।
এই সংস্করণে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে প্রথম পাঁচ ম্যাচ শেষে তার চেয়ে বেশি রেটিং পয়েন্ট ছিল শুধু সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথের (৬১৭)। তালিকায় এই দুজনের পরে আছেন টেম্বা বাভুমা (৫৪০) ও এইডেন মার্করাম (৫৩০)।
অভিষেক সিরিজে নিউ জিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচে অপরাজিত ৪৫, ৮, ১৫, ৫৭ ও ৭৫ রান করেন এস্তেহেইজেন। পঞ্চাশোর্ধ ইনিংস খেলে দলকে জিতিয়ে শেষ দুই ম্যাচেই তিনি হন ‘ম্যান অব দা ম্যাচ’, একই সঙ্গে জেতেন ‘ম্যান অব দা সিরিজ’ এর পুরস্কারও।
দক্ষিণ আফ্রিকার ৩-২ ব্যবধানে জেতা সিরিজে ৫০ গড় আর ১৪৫.৯৮ স্ট্রাইক রেটে তার ব্যাট থেকে আসে মোট ২০০ রান। সিরিজে একশর বেশি রান করতে পারেননি আর কেউ।
র্যাঙ্কিংয়ে অবস্থানের দিক থেকে প্রথম পাঁচ ম্যাচ শেষে দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানদের মধ্যে চতুর্থ সেরা স্থানে আছেন এস্তেহেইজেন। এই পর্যায়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে ছিলেন স্মিথ। বাভুমা ও মার্করাম দুজনই তাদের ক্যারিয়ারের একই পর্যায়ে ৩০তম স্থানে ছিলেন।
প্রথম পাঁচ ম্যাচ শেষে সবচেয়ে বেশি রেটিং পয়েন্টের কীর্তি আফগানিস্তানের হাজরাতউল্লাহ জাজাইয়ের। ৬৯৭ রেটিং পয়েন্ট নিয়ে তিনি ছিলেন দশম স্থানে। প্রথম পাঁচ ম্যাচে তিনি করেছিলেন ১৮, ৭৪, ৮২, ১১ ও অপরাজিত ১৬২ রান।
টি-টোয়েন্টি ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে যথারীতি শীর্ষে আছেন ভারতের আভিশেক শার্মা। বোলার ও অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রাশিদ খান ও সিকান্দার রাজা।