১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বিশ্বকাপের নায়ক স্যামসনের হলো কী

এই কিপার-ব্যাটসম্যান নতুন দলে এখনও মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে, বলছেন চেন্নাই সুপার কিংস কোচ।

বিশ্বকাপের নায়ক স্যামসনের হলো কী
এবারের আইপিএলে এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি সাঞ্জু স্যামসন। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2026, 07:31 PM

Updated : 26 Aug 2026, 03:21 PM

আসর কেবলই শুরুর দিকে। এখনই কাউকে ব্যর্থ বলার সুযোগ আছে সামান্যই। কিন্তু নামটি যখন সাঞ্জু স্যামসন, তখন প্রশ্ন তো উঠবেই। আলোচনার ঝড় তুলে চেন্নাই সুপার কিংসে যোগ দেওয়া কিপার-ব্যাটসম্যান এবারের আইপিএলে এখনও ব্যাট হাতে জ্বলে উঠতে পারেননি। প্রথম তিন ম্যাচেই দুই অঙ্কে যেতে ব্যর্থ হয়েছেন। চেন্নাই কোচ স্টিভেন ফ্লেমিং বলছেন, নতুন দলে এখনও মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছেন স্যামসন।

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে রোববার রান তাড়ায় ৫ বলে ৯ রান করে আউট হন স্যামসন। আগের ম্যাচে পাঞ্জাব কিংসের বিপক্ষে তিনি করেন ৭ বলে ৭ রান, তার আগে নিজের পুরনো দল রাজস্থান রয়্যালসের বিপক্ষে করেন ৭ বলে ৬। তিন ম্যাচে রান স্রেফ ২২। পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাইও হেরেছে তিন ম্যাচেই।

আইপিএল ক্যারিয়ারে আগের ১৩ মৌসুমের ১১টিতেই রাজস্থানে খেলেছেন স্যামসন। দলটিকে নেতৃত্বও দিয়েছেন। তবে সেই সম্পর্ক চুকেবুকে যায় গত মৌসুমে। নানা কিছু নিয়ে টানাপোড়েনের পর, দল ছাড়ার সিদ্ধান্ত নেন তিনি।

গত নভেম্বরে ট্রেড উইন্ডোতে রাভিন্দ্রা জাদেজা ও স্যাম কারানকে রাজস্থানে দিয়ে ১৮ কোটি রুপিতে স্যামসনকে দলে নেয় চেন্নাই। আইপিএল ইতিহাসের সবচেয়ে আলোচিত দলবদলগুলোর একটি এটি।

গত টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম দিকে দুই ম্যাচে তেমন ভালো করতে না পারলেও, শেষ তিন ম্যাচে ৯৭*, ৮৯ ও ৮৯ রানের দুর্দান্ত ইনিংস খেলে ভারতের শিরোপা জয়ের নায়কদের একজন ছিলেন স্যামসন। তাকে ঘিরে তাই চেন্নাই সমর্থকদের প্রত্যাশাও অনেক বেশি। কিন্তু প্রথম তিন ম্যাচে সেই প্রত্যাশা তিনি কিছুই পূরণ করতে পারেননি। 

বেঙ্গালুরুর বিপক্ষে হারের পর সংবাদ সম্মেলনে চেন্নাই কোচ ফ্লেমিং বলেন, কোনো একটি দলে বেশ কয়েক বছর কাটানোর পর যেকোনো খেলোয়াড়ের জন্যই নতুন ফ্র্যাঞ্চাইজিতে মানিয়ে নেওয়া কঠিন।

“যখন কেউ বেশ কিছুদিন ধরে একটি ফ্র্যাঞ্চাইজিতে থাকে, তখন (নতুন দলে) মানিয়ে নেওয়াটা কঠিন হয়। যদিও সে সম্ভবত এখানে স্বাচ্ছন্দ্যেই আছে, তবু দলের সঙ্গে মিশে যাওয়ার একটা ব্যাপার তো থাকেই। সে এই দলের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে।”

স্যামসন যেন দলে মানিয়ে নিতে পারে, সেজন্য মাঠের বাইরে কাজ করা হচ্ছে বলে জানালেন কোচ।

“তাই মাঠের বাইরে কিছুটা কাজ করার আছে, যা আমরা করছি, স্রেফ সম্পর্কটা আরেকটু দৃঢ় করার জন্য। সে অবশ্য ঠিকই আছে। সে খুব ভালোভাবে মানিয়ে নিয়েছে। সে রান করার এবং রুতুরাজ ও অন্য সিনিয়র খেলোয়াড়দের সঙ্গে অবদান রাখার জন্য মুখিয়ে আছে।”

“কিন্তু আবারও বলছি, টি-টোয়েন্টি খুব দ্রুত বদলে যেতে পারে। আমরা টি-টোয়েন্টি বিশ্বকাপে দেখেছি, কী হতে পারে। ছন্দে থাকলে সে (স্যামসন) খুব প্রভাববিস্তারি হয়ে উঠতে পারে। সে খুব বিপজ্জনক হয়ে উঠতে পারে। তাই হলুদ জার্সিতে পথ তৈরি করার সময় সাঞ্জুর প্রতি আমাদের সমর্থন ও আত্মবিশ্বাস থাকবেই।”

নিজেদের পরের ম্যাচের জন্য কয়েকদিনের বিরতি পাচ্ছেন স্যামসন ও তার দল। ঘরের মাঠ এমএ চিদাম্বরাম স্টেডিয়ামে আগামী শনিবার দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হবে চেন্নাই।