০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

এশিয়ান গেমসে পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা

দেশের জার্সিতে টি-টোয়েন্টি খেলার অপেক্ষায় থাকা চারজনকে দলে নিয়েছে তারা।

এশিয়ান গেমসে পাকিস্তানের অধিনায়ক সাহিবজাদা
পাকিস্তানের ওপেনার সাহিবজাদা ফারহান। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2026, 07:35 PM

Updated : 19 Sep 2026, 02:33 PM

আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো দেশকে নেতৃত্ব দিতে যাচ্ছেন সাহিবজাদা ফারহান। এই ওপেনারকে অধিনায়ক করে এশিয়ান গেমসের দল সাজিয়েছে পাকিস্তান।

জাপানে অনুষ্ঠেয় প্রতিযোগিতাটির জন্য বুধবার ১৫ জনের দল দিয়েছে তারা। যেখানে ডাক পেয়েছেন আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেকের অপেক্ষায় থাকা চারজন-আকিফ জাভেদ, আলি রাজা, মাজ সাদাকাত ও সাদ মাসুদ।

নিয়মিত অধিনায়ক সালমান আলি আগা, তারকা ব্যাটসম্যান বাবর আজম, পেসার শাহিন শাহ আফ্রিদি, লেগ স্পিনিং অলরাউন্ডার শাদাব খানের মতো অভিজ্ঞ ক্রিকেটারদের রাখা হয়নি দলে। আছেন সাইম আইয়ুব, আবরার আহমেদ, উসমান খান, সুফিয়ান মুকিমের মতো পরিচিত মুখ।

পাকিস্তানের জার্সিতে ৪০টি টি-টোয়েন্টি খেলা সাহিবজাদার ডেপুটির দায়িত্ব দেওয়া হয়েছে আব্দুল সামাদকে। দেশের হয়ে পাঁচ টি-টোয়েন্টির সবশেষটি খেলেছেন তিনি ২০২৫ সালের মার্চে।

মাজ সাদাকাত, সাদ মাসুদ ও আকিফ জাভেদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেটের স্বাদ পেয়েছেন। সাদাকাত ছয়টি, মাসুদ একটি ও আকিফ তিনটি ওয়ানডে খেলেছেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪৫ ম্যাচে খেলে আট ফিফটিতে ১ হাজার ২০৭ করেছেন সাদাকাত। বাঁহাতি স্পিনে উইকেট নিয়েছেন ১৭টি।

লেগ স্পিনিং অলরাউন্ডার মাসুদের ৩০টি টি-টোয়েন্টি খেলার অভিজ্ঞতা আছে। দুই ফিফটিতে ৪২১ রান করার পাশাপাশি ২৮ উইকেট নিয়েছেন তিনি। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৯২ ম্যাচে বাঁহাতি পেসার আকিফের উইকেট ১১১টি।

পিএসএলের গত দুই আসরে দারুণ বোলিং করে জাতীয় দলের দুয়ারে কড়া নাড়ছিলেন আলি রাজা। সবশেষ আসরে পাঁচ ম্যাচে ১০ উইকেট নিয়ে, পেশাওয়ার জালমির শিরোপা জয়ে বড় অবদান রাখা পেসার এবার ডাক পেয়েই গেলেন। স্বীকৃত টি-টোয়েন্টিতে ২০ ম্যাচে তার প্রাপ্তি ২৬ উইকেট।

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবরে হবে এবারের এশিয়ান গেমস। সেখানে পুরুষদের ক্রিকেট প্রতিযোগিতা হবে টি-টোয়েন্টি সংস্করণে। ২৪ সেপ্টেম্বর শুরু হবে মাঠের লড়াই, ফাইনাল ৩ অক্টোবর। অংশ নেবে ১০টি দল- বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তান, জাপান, নেপাল, মালয়েশিয়া, হংকং, ওমান।

প্রাথমিক পর্বের খেলা হবে ২৪ থেকে ২৬ সেপ্টেম্বর। কোয়ার্টার-ফাইনাল হবে ২৮ ও ২৯ অক্টোবর। সেমি-ফাইনাল হবে ১ অক্টোবর। পদকের লড়াই দুটি হবে ৩ অক্টোবর।

২০২৩ সালে চীনের হংজু এশিয়ান গেমসের ক্রিকেটে সোনা জিতেছিল ভারত। ফাইনাল বৃষ্টিতে ভেসে যায়। র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকায় রুপা পায় আফগানিস্তান।

সেবার আফগানদের বিপক্ষে হেরে যায় পাকিস্তান, ব্রোঞ্জ পদকের লড়াইয়ে বাংলাদেশের সঙ্গেও পারেনি।

নারীদের ক্রিকেট প্রতিযোগিতা হবে ১৭ থেকে ২২ সেপ্টেম্বর। সোনার পদকের জন‍্য লড়াই করবে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, জাপান, থাইল‍্যান্ড, মালয়েশিয়া ও চীন। আগের আসরে শ্রীলঙ্কাকে ফাইনালে হারিয়ে এই ইভেন্টেও সোনা জিতেছিল ভারত।

এশিয়ান গেমসের পাকিস্তান দল: সাহিবজাদা ফারহান (অধিনায়ক), আব্দুল সামাদ, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, আকিফ জাভেদ, আলি রাজা, আরফাত মিনহাস, হায়দার আলি, হাসান নাওয়াজ, মাজ সাদাকাত, মোহাম্মাদ সালমান মির্জা, সাদ মাকসুদ, সাইম আইয়ুব, সুফিয়ান মুকিম, উসমান খান।