১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

‘বোলারের এত কাছে যাওয়া উচিত হয়নি জয়সওয়ালের’

আসিথা ফার্নান্দোর সঙ্গে ইয়াশাসভি জয়সওয়ালের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনা নিয়ে বললেন ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক।

‘বোলারের এত কাছে যাওয়া উচিত হয়নি জয়সওয়ালের’
উত্তপ্ত বাক্যবিনিময়ের সেই ঘটনা। ছবি: ভিডিও থেকে স্ক্রিনশট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Aug 2026, 10:29 PM

Updated : 16 Sep 2026, 12:59 PM

শ্রীলঙ্কার বিপক্ষে গল টেস্টের পর কলম্বোতেও বিতর্কে জড়িয়েছেন ইয়াশাসভি জয়সওয়াল। আসিথা ফার্নান্দোর সঙ্গে এই ওপেনারের উত্তপ্ত বাক্যবিনিময়ের ঘটনাকে অবশ্য খুব বেশি গুরুত্ব দিতে চান না ভারতের ব্যাটিং কোচ সিতাংশু কোটাক। তার মতে, মুহূর্তের উত্তেজনায় এমনটা ঘটেছে। তবে বোলারের দিকে জয়সওয়ালের তেড়ে যাওয়াকেও ভালোভাবে দেখছেন না তিনি।

অপ্রীতিকর ঘটনাটি ঘটে রোববার দ্বিতীয় টেস্টের প্রথম দিনের ১৭তম ওভারে। ওই ওভারের প্রথম পাঁচ বলে আসিথাকে তিনটি চার মারেন জয়সওয়াল। শেষ বলে তাকে বোল্ড করে দেন লঙ্কান পেসার। তখন উল্লাসে ফেটে পড়েন স্বাগতিকদের সবাই।

আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে ৯ চারে ৪৫ রান করা জয়সওয়াল ড্রেসিং রুমের দিকে হাঁটা শুরু করেন। ওই সময় তাকে কিছু একটা বলে বসেন আসিথা। কথাগুলো ঠিক কী ছিল, তা স্পষ্ট না হলেও তাতে ক্ষুব্ধ হন জয়সওয়াল। ঘুরে দাঁড়িয়ে বোলারের দিকে এগিয়ে যান তিনি এবং পাল্টা জবাব দিতে দেখা যায় তাকে। আসিথার মাথায় নিজের হেলমেট পরা মাথা ঠুকে দেন তিনি।

শ্রীলঙ্কার অন্য ফিল্ডাররা পরিস্থিতি সামাল দিয়ে জয়সওয়ালকে সেখান থেকে সরিয়ে নেন। দিনের খেলা শেষে ওই ঘটনাকে তেমন গুরুত্ব না দেওয়ার কথা বললেও, জয়সওয়ালের আচরণকে অনুচিত বলেছেন কোটাক।

“আমার মনে হয়, বোলার কিছু একটা বলেছে এবং মুহূর্তের উত্তেজনা থেকেই ঘটনাটি ঘটেছে। অবশ্যই, জয়সওয়ালের বোলারের এত কাছে যাওয়া উচিত হয়নি, তবে মুহূর্তের উত্তেজনায় এমনটা হয়েছে।”

শ্রীলঙ্কার পেস বোলিং কোচ রায়ান ফন নিকার্কও একই সুরে কথা বলেন। তার মতে, টেস্টের কঠিন একটি দিনে ‘আবেগের বহিঃপ্রকাশ’ ছিল আসিথা-জয়সওয়ালের ওই ঘটনা।

“দেখুন, টেস্ট ক্রিকেট খুবই কঠিন, তাই না? ভারতের মতো একটি দলের বিপক্ষে খেলতে নামলে পেছনে পড়ে থাকা যাবে না, শুধু তাদের বিপক্ষে বল করে গেলেই হবে না। আমাদের লক্ষ্য ছিল সবসময় চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া এবং নিশ্চিত করা যে, আমরা নতুন কিছু তৈরির চেষ্টা করছি।

“আর তাই, আমার দৃষ্টিকোণ থেকে, আমি বোলারদের ঘুরে দাঁড়াতে এবং সুযোগ তৈরি করতে বলেছিলাম। কথাগুলো সম্ভবত আবেগের বহিঃপ্রকাশ ছিল। তবে পুরো বিষয়টির বিচার করার দায়িত্ব আমি ম্যাচ রেফারির ওপরই ছেড়ে দিচ্ছি।”

দুই দলের কোচ ঘটনাটিকে হালকাভাবে নিলেও, ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফট সেভাবে নাও দেখতে পারেন। প্রতিপক্ষ ব্যাটসম্যানকে ‘সেন্ড-অফ’ দেওয়ার জন্য আইসিসির শাস্তির বিধান রয়েছে। ভিডিও ফুটেজে দুই ক্রিকেটারের মধ্যে অনুপযুক্ত শারীরিক সংস্পর্শের প্রমাণ পাওয়া গেলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে।

এর আগে দুই দলের প্রথম টেস্টে লঙ্কান কিপার-ব্যাটসম্যান নিরোশান ডিকওয়েলার সঙ্গে কথার লড়াইয়ে জড়ান জয়সওয়াল। ওই ঘটনায় অবশ্য কাউকে শাস্তি পেতে হয়নি।