Published : 26 Jul 2026, 10:59 PM
দক্ষিণ আফ্রিকায় এক দিনের ম্যাচের ত্রিদেশীয় সিরিজের জন্য বাংলাদেশ ইমার্জিং দলে জায়গা পেয়েছেন বিভিন্ন সময়ে জাতীয় দলের হয়ে খেলা চার ক্রিকেটার। বিস্ময় জাগানিয়া একটি নামও আছে এই দলে, রাখা হয়েছে ৩৩ বছর বয়সী ব্যাটসম্যান ইরফান শুক্কুরকে।
রোববার এক বিবৃতিতে ১৪ সদস্যের এই দল ঘোষণা করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে থাকা বেশিরভাগ ক্রিকেটার ঘরের মাঠে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজের এইচপি দলে (হাই পারফরম্যান্স) ছিলেন।
সোমবার সকালে দক্ষিণ আফ্রিকার উদ্দেশে রওনা হবে দল।
এই সফরে এখনও কাউকে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়নি। জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজে অধিনায়কত্ব করেছিলেন জাকির হাসান। এবারের দলেও আছেন তিনি।
বিসিবির নির্বাচক নাদিফ চৌধুরি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সিরিজ শুরুর আগে অধিনায়ক বেছে নেবেন দলের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
দলে থাকা ক্রিকেটারদের মধ্যে জাকির ছাড়াও জাতীয় দলের হয়ে খেলার অভিজ্ঞতা আছে শাহাদাত হোসেন, মাহিদুল ইসলাম অঙ্কন ও আমিনুল ইসলাম বিপ্লবের।
দলে থাকা ক্রিকেটারদের জন্য এই সফরকে বড় সুযোগ হিসেবে দেখছেন নির্বাচক নাদিফ চৌধুরি।
“সামনে এইচপি ও ‘এ’ দলের অনেকগুলো সিরিজ আছে। প্রায় ৬০ জন ক্রিকেটার বিভিন্ন জায়গায় খেলবে। এগুলো নিজেদের প্রমাণে তাদের জন্য বড় সুযোগ।”
৩০ বা এর বেশি বয়সী দুজন ক্রিকেটারকে রাখা হয়েছে ইমার্জিং দলে। ৩০ বছর বয়সী অফ স্পিনার মঈন খান জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে সিরিজেও একটি ম্যাচ খেলেছেন।
ইরফান শুক্কুরের দলে থাকাটাই অবাক করার মতো। ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ বাঁহাতি এই কিপার-ব্যাটসম্যান। ৯৯টি প্রথম শ্রেণির, ১৩৭টি লিস্ট ‘এ’ ও ৬৯টি টি-টোয়েন্টি ম্যাচ খেলা এই ক্রিকেটার কখনও জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাননি।
দক্ষিণ আফ্রিকায় আগামী ৩০ জুলাই শুরু হবে ত্রিদেশীয় সিরিজ। বাংলাদেশ ইমার্জিং দলের পাশাপাশি সিরিজের বাকি দুই দল- দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ও ইউনিভার্সিটি স্পোর্ট সাউথ আফ্রিকা (ইউএসএসএ)।
বাংলাদেশ প্রথম মাঠে নামবে ১ অগাস্ট দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে। ১২ অগাস্ট হবে ফাইনাল। ডাবল রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে খেলা হওয়ায় অন্তত চারটি ম্যাচ খেলার সুযোগ থাকছে ক্রিকেটারদের সামনে।
একদিনের ম্যাচের ত্রিদেশীয় সিরিজের পর দুটি চার দিনের ম্যাচে দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের মুখোমুখি হবে বাংলাদেশ। ওই দুই ম্যাচের জন্য এখনও দল ঘোষণা করেনি বিসিবি।
বাংলাদেশ ইমার্জিং দল:
জাকির হাসান, মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন, শাহাদাত হোসেন, সামিউন বশির, মঈন খান, রোহানাত উদ দৌলা বর্ষণ, এনামুল হক, ইরফান শুক্কুর, মাহিদুল ইসলাম অঙ্কন, ইকবাল হোসেন, মোহাম্মদ রিজওয়ান, হাবিবুর রহমান সোহান ও আমিনুল ইসলাম বিপ্লব।