২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

লন্ডন স্পিরিটে ‘দুই ভূমিকায়’ দিনেশ কার্তিক

আইপিএলের বাইরে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দলের কোচ হলেন ভারতের সাবেক এই কিপার-ব্যাটসম্যান।

লন্ডন স্পিরিটে ‘দুই ভূমিকায়’ দিনেশ কার্তিক
দিনেশ কার্তিক। ছবি: বিসিসিআই।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Dec 2025, 05:30 PM

Updated : 26 Aug 2026, 05:17 PM

ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডে লন্ডন স্পিরিটের কোচিং প্যানেলে যোগ দিয়েছেন দিনেশ কার্তিক। দলটিতে দুটি ভূমিকায় দেখা যাবে তাকে। একই সঙ্গে মেন্টর ও ব্যাটিং কোচের দায়িত্ব পালন করবেন ভারতীয় সাবেক কিপার-ব্যাটসম্যান।

আইপিএলের বাইরে প্রথমবার কোনো ফ্র্যাঞ্চাইজি দলের কোচিং স্টাফের সদস্য হলেন ৪০ বছর বয়সী কার্তিক।

মাস দুয়েক আগে লন্ডন স্পিরিটের প্রধান কোচের দায়িত্ব নেন জিম্বাবুয়ের সাবেক অধিনায়ক ও ইংল্যান্ডের সাবেক কোচ অ্যান্ডি ফ্লাওয়ার। যার কোচিংয়ে গত আইপিএলে বহু কাঙ্ক্ষিত প্রথম ট্রফি জিতেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ২০২৫ সালের আসরে দলটির কোচিং প্যানেলে ছিলেন কার্তিকও, ব্যাটিং কোচ ও মেন্টর হিসেবে।

নতুন চ্যালেঞ্জে তারা পাচ্ছেন পুরনো এক নির্ভরযোগ্য সঙ্গীকে। লন্ডন স্পিরিটের ক্রিকেট পরিচালকের দায়িত্বে আছেন মো বোবাট, যিনি শিরোপাজয়ী বেঙ্গালুরুরও ‘ডিরেক্টর অব ক্রিকেট’ ছিলেন।

কার্তিককে ফের পাশে পেয়ে দারুণ লাগছে মো বোবাটের।

“ডিকেকে (কার্তিক) লন্ডন স্পিরিটে স্বাগত জানাতে পেরে ভালো লাগছে আমার। এই খেলা নিয়ে তিনি সত্যিকার অর্থে অনেক চিন্তা করেন, আর সীমিত ওভারের সংস্করণে ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে তার বিশাল অভিজ্ঞতা আমাদের জন্য অমূল্য হবে। তার সঙ্গে কাজ করা বেশ আনন্দেরও এবং তার প্রতিটি কাজ উদ্দীপনা ও ইতিবাচক শক্তি যোগাবে আমাদের।”

১৮ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে ২৬ টেস্ট, ৯৪ ওয়ানডে ও ৬০ টি–টোয়েন্টি খেলেছেন কার্তিক। টি–টোয়েন্টির ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে আইপিএলের পাশাপাশি খেলেছেন এসএ২০ এবং এখন খেলছেন আইএলটি২০ তে। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৪১৪ ম্যাচ খেলে তার রান সাত হাজার ৫৫৪, নামের পাশে ফিফটি ৩৫টি, নেই কোনো সেঞ্চুরি।

হান্ড্রেডের পাঁচ মৌসুমে এখনো কোনো আসরে ফাইনালে উঠতে পারেনি লন্ডন স্পিরিট। নতুন কোচিং প্যানেলের কাঁধে থাকবে সেই অপূর্ণতা ঘোচানোর প্রত্যাশা।