২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

দ্বিতীয়বার মাস সেরা কামিন্দু ও বাউমন্ট

ব্যাট হাতে আলো ছড়িয়ে সেপ্টেম্বরের আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ স্বীকৃতি জিতে নিয়েছেন তারা।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2024, 02:54 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

২২ গজে স্বপ্নের মতো সময় কাটছে কামিন্দু মেন্ডিসের। গত মাসে ব্যাট হাতে রানের জোয়ার বইয়ে দেওয়া লঙ্কান অলরাউন্ডার অর্জনের মুকুটে যোগ করেছেন আরেকটি পালক। আইসিসি ‘প্লেয়ার অব দা মান্থ’ এর স্বীকৃতি পেয়েছেন তিনি। মাস জুড়ে চমৎকার খেলে সেপ্টেম্বরের সেরা নারী ক্রিকেটার নির্বাচিত হয়েছেন ইংল্যান্ডের ট্যামি বাউমন্ট।

গত মাসের সেরা পুরুষ ও নারী ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থা আইসিসি। কামিন্দু ও বাউমন্ট  দুই জনই দ্বিতীয়বার পেলেন এই স্বীকৃতি।

চলতি বছরের মার্চে সেরা পুরুষ ক্রিকেটার নির্বাচিত হন কামিন্দু। ছয় মাসের মধ্যে আরেকবার পুরস্কারটি জেতার পথে এবার তিনি হারান স্বদেশি প্রাবাথ জায়াসুরিয়া ও অস্ট্রেলিয়ার ট্রাভিস হেডকে।

বাউমন্ট অবশ্য এই স্বীকৃতিটি পেয়েছিলেন আড়াই বছর আগে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেরা নারী ক্রিকেটার হয়েছিলেন ইংলিশ ব্যাটার। এবার পুরস্কারটি জিতে নেন তিনি আয়ারল্যান্ডের এমি ম্যাগুইয়ার ও সংযুক্ত আরব আমিরাতের এশা ওঝাকে হারিয়ে।

২০২৪ সালে পারফরম্যান্স দিয়ে কয়েক দফায় খবরের শিরোনামে আসা কামিন্দুর ব্যাট হেসেছে সেপ্টেম্বরেও। বাঁহাতি এই ব্যাটসম্যান গত মাসে চার টেস্টে ৪৫১ রান করেন ৯০.২০ গড়ে। দা ওভালে ইংল্যান্ডের বিপক্ষে শ্রীলঙ্কার স্মরণীয় জয়ের টেস্টে ৬৪ রান করেন তিনি একমাত্র ইনিংসে।

ঘরের মাঠে নিউ জিল্যান্ডকে হারানোয় তার ছিল বড় অবদান। গলে কিউইদের বিপক্ষে প্রথম টেস্টে ১১৪ রানের চমৎকার ইনিংস খেলেন তিনি। পরে দ্বিতীয় ম্যাচে খেলেন অপরাজিত ১৮২ রানের ইনিংস।

সুদীর্ঘ টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারের প্রথম আট টেস্টেই পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলার কীর্তি গড়েন ২৬ বছর বয়সী কামিন্দু। ৭৫ বছরের মধ্যে দ্রুততম এক হাজার রানের মাইলফলকও স্পর্শ করেন তিনি।

আর বাউমন্ট সেরার পুরস্কার জেতেন সংক্ষিপ্ত সংস্করণের পারফরফম্যান্স দিয়ে। সেপ্টেম্বরে দেশের হয়ে রঙিন পোশাকে ৫ ম্যাচে করেন ২৭৯ রান।

বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে ১৩৯ বলে অপরাজিত ১৫০ রানের ইনিংস খেলেন ৩৩ বছর বয়সী ব্যাটার। ওই ম্যাচ জিতে এক ম্যাচ হাতে রেখে সিরিজ জিতে নেয় ইংল্যান্ড। শেষ ওয়ানডেতে তিনি ফিফটি করলেও হেরে যায় দল। পরে দুটি টি-টোয়েন্টিতে ২৭ ও ৪০ রান করেন তিনি।