আইএলটি-টোয়েন্টিতে আবার দুবাই ক্যাপিটালসেই মুস্তাফিজ
পঞ্চম আসরের জন্য বাংলাদেশের বাঁহাতি পেসারকে ধরে রেখেছে ফ্র্যাঞ্চাইজিটি।
ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টির (আইএলটি-টোয়েন্টি) পঞ্চম আসরের জন্য বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে ধরে রেখেছে দুবাই ক্যাপিটালস। আগের আসরের স্কোয়াড থেকে ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার রভম্যান পাওয়েলকেও রেখে দিয়েছে তারা।
এছাড়া ফ্র্যাঞ্চাইজিটি নিলামের আগে সরাসরি চুক্তিতে দলে নিয়েছে অস্ট্রেলিয়ার অলরাউন্ডার মার্কাস স্টয়নিস ও আফগানিস্তানের স্পিনার নুর আহমাদকে।
দুবাইয়ে আগামী ১ অক্টোবর হবে নিলাম। তার আগে ছয় ফ্র্যাঞ্চাইজির ধরে রাখা ও সরাসরি চুক্তিতে দলে নেওয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশ করা হয়েছে মঙ্গলবার।
সংযুক্ত আরব আমিরাতের এই টুর্নামেন্টে প্রথমবার খেলার অপেক্ষায় দক্ষিণ আফ্রিকার ডেভিড মিলার ও হাইনরিখ ক্লসেন। গালফ জায়ান্টসের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন তারা।
আইএলটি-টোয়েন্টি ও দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএটোয়েন্টির সূচির সংঘর্ষ এড়ানোয়, এই সুযোগ তৈরি হয়েছে মিলার ও ক্লসেনের জন্য।
২০২৩ সালে টুর্নামেন্ট দুটি চালু হওয়ার পর থেকে এগুলোর সূচি একই সময়ে নির্ধারিত হয়ে আসছিল। তবে গত দুই আসরের ধারাবাহিকতায় এবার আইএলটি-টোয়েন্টি আরও এগিয়ে আনা হয়েছে।
আগামী ২২ নভেম্বর থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত হবে আইএলটি-টোয়েন্টি। অন্যদিকে, এসএটোয়েন্টির আগামী আসর হওয়ার কথা ১৭ জানুয়ারি থেকে ২১ ফেব্রুয়ারি পর্যন্ত।
নিউ জিল্যান্ডের ব্যাটসম্যান ফিন অ্যালেনও প্রথমবার খেলবেন আইএলটি-টোয়েন্টিতে। তাকে দলে নিয়েছে আবু ধাবি নাইট রাইডার্স। দলটি ধরে রেখেছে সুনিল নারাইন ও জেসন হোল্ডারকে।
গতবারের চ্যাম্পিয়ন ডেজার্ট ভাইপার্স ধরে রেখেছে আন্দ্রিয়েস হাউস, ড্যান লরেন্স ও শিমরন হেটমায়ারকে। তারা নতুন করে চুক্তিবদ্ধ করেছে আফগান স্পিনার মুজিব উর রাহমানকে।
গালফ জায়ান্টস ধরে রেখেছে আজমাতউল্লাহ ওমারজাই ও ব্লেসিং মুজারাবানিকে। নিকোলাস পুরান, রাশিদ খান, রোমারিও শেফার্ডকে ধরে রেখেছে এমআই এমিরেটস। তারা চুক্তিবদ্ধ করেছে শেরফেন রাদারফোর্ডকে।
শারজাহ ওয়ারিয়র্জ একমাত্র খেলোয়াড় হিসেবে ধরে রেখেছে সিকান্দার রাজাকে। অ্যাডাম মিল্ন, জেমস ভিন্স ও ওয়াকার সালামখেইলকে চুক্তিবদ্ধ করেছে তারা।
দলটির হয়ে গত আসরে ৬ ম্যাচ খেলে ৯ উইকেট নিয়েছিলেন তাসকিন আহমেদ। এই পেসারকে ছেড়ে দিয়েছে তারা।
গতবার দুবাই ক্যাপিটালসের হয়ে মুস্তাফিজ ৮ ম্যাচে নিয়েছিলেন ১৫ উইকেট।
