১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

নিউ জিল্যান্ডের বিশ্বকাপ অভিযানের সঙ্গী সিয়ার্স

প্রস্তুতি ম্যাচের আগে মুম্বাইয়ে দলের সঙ্গে যোগ দেবেন চোট কাটিয়ে মাঠে ফেরা পেসার।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2026, 12:31 PM

Updated : 26 Aug 2026, 02:49 PM

চোটের কারণে দল থেকে ছিটকে পড়েছিলেন বেন সিয়ার্স। এবার আরেকজনের চোটই খুলে দিল তার ফেরার দুয়ার। মূল স্কোয়াডে অবশ্য জায়গা হয়নি তার। ‘ট্রাভেলিং রিজার্ভ’ হিসেবে বিশ্বকাপে নিউ জিল্যান্ড দলের সঙ্গেই থাকবেন ২৭ বছর বয়সী পেসার।

অ্যাডাম মিল্ন চোটের কারণে ছিটকে পড়ার ‘ট্রাভেলিং রিজার্ভ’ থেকে কাইল জেমিসনকে মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়। জেমিসনের বদলে সফরকালীন বিকল্প হিসেবে নেওয়া হলো সিয়ার্সকে।

নিউ জিল্যান্ডের হয়ে ২২টি টি-টোয়েন্টি খেলেছেন সিয়ার্স। সবশেষ গত অক্টোবরে খেলেছেন অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে। সেই সিরিজেই হ্যামস্ট্রিংয়ের চোটে তিনি ছিটকে পড়েন। 

সেই চোট কাটিয়ে গত মাসের শেষ দিকে মাঠে ফেরেন তিনি নিজ দেশের সুপার স্ম্যাশ টি-টোয়েন্টি টুর্নামেন্টে। ওই আসরে ৯ ম্যাচ খেলে ১৫ উইকেট শিকার করেন তিনি। সবশেষ ম্যাচটিতে নিয়েছেন ৪ উইকেট।

আগামী বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের বিপক্ষে মুম্বাইয়ে প্রস্তুতি ম্যাচের আগে দলের সঙ্গে যোগ দেবেন তিনি। 

৮ ফেব্রুয়ারি চেন্নাইয়ে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবেন নিউ জিল্যান্ড। এই গ্রুপে তাদের সঙ্গী দক্ষিণ আফ্রিকা, সংযুক্ত আরব আমিরাত ও কানাডা।