Published : 24 Jun 2026, 04:28 PM
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে বাংলাদেশ তিন ম্যাচে হারলেও ব্যক্তিগত পারফরম্যান্সে র্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে তিন ক্রিকেটারের। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে নাসুম আহমেদ। এক লাফেই ২৭ ধাপ এগিয়েছে এই বাঁহাতি।
সিরিজের প্রথম ম্যাচে সুযোগ পাননি নাসুম। পরের দুই ম্যাচ খেলে উইকেট নিয়েছেন তিনটি, ওভারপ্রতি রান দিয়েছেন ৫.২৮। ২৭ ধাপ এগিয়ে তিনি জায়গা করে নিয়েছেন ১১ নম্বরে।
তার ক্যারিয়ার সেরা অবস্থান অবশ্য এটি নয়। সেরা দশে জায়গা করে নিয়েছিলেন তিনি আগে।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে ১৩ ধাপ এগিয়েছেন সাইফ হাসান। যদিও সিরিজে তার পারফরম্যান্স খুব উল্লেখযোগ্য কিছু ছিল না। প্রথম ম্যাচে করেছিলেন তিনি ২০, পরের ম্যাচে ৪২। শেষ ম্যাচে আউট হন ১ রানেই। তার অবস্থান এখন ৩৫ নম্বরে।
প্রথম ম্যাচে ৮ রানে ফিরলেও পরের দুই ম্যাচে ৩৫ ও ৬১ রানের ইনিংস খেলে তাওহিদ হৃদয়ের উন্নতি ৯ ধাপ। এখন তিনি আছেন ৩০তম স্থানে।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশের সেরা এখনও তানজিদ হাসান। তবে এই সিরিজের ব্যর্থতায় দুই ধাপ পিছিয়ে নেমে গেছেন তিনি ২৯ নম্বরে।
এই সিরিজের পারফরম্যান্সে চার ধাপ এগিয়ে ৯ নম্বরে উঠে এসেছেন মিচেল মার্শ। শেষ ম্যাচটিতে ৬০ রানের ইনিংস খেলেছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক।
ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে মার্শের ওপরের ৮ জনে কোনো পরিবর্তন নেই। শীর্ষে যথারীতি আছেন আভিশেক শার্মা।
বাংলাদেশের বিপক্ষে সিরিজেই তিন উইকেট নিয়ে তিন ধাপ এগিয়ে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে সাতে উঠেছেন ন্যাথান এলিস।
সিরিজের দুই ম্যাচে দুই উইকেট নিলেও দুই ধাপ পিছিয়ে ১৫ নম্বরে নেমেছেন মুস্তাফিজুর রহমান।
এই সময়ে বাংলাদেশের টেস্ট না থাকলেও অন্যান্যদের পারফরম্যান্সের প্রভাবে এক ধাপ এগিয়ে ১৪তম স্থানে এখন মুশফিকুর রহিম।