১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

বাবরকে নিয়ে দুর্ভাবনায় পাকিস্তান

তবে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ শুরুর আগে অধিনায়ককে পুরোপুরি সুস্থ অবস্থায় পাওয়ার আশায় সফরকারীরা।

বাবরকে নিয়ে দুর্ভাবনায় পাকিস্তান
বাবর আজম। ছবি: আইসিসি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Aug 2026, 04:27 PM

Updated : 11 Sep 2026, 03:50 PM

ইংল্যান্ড সফরে প্রস্তুতি পর্বে ধাক্কা খেয়েছে পাকিস্তান। অনুশীলন ম্যাচে চোট পেয়েছেন দলটির অধিনায়ক বাবর আজম। সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে আপাতত তাকে বিশ্রামে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আগামী বুধবার হেডিংলিতে শুরু হবে ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের প্রথম টেস্ট। তিন ম্যাচের সিরিজটির জন্য নিজেদের ঝালিয়ে নিতে বেকেনহ্যামে প্রফেশনাল কাউন্টি ক্লাব সিলেক্ট একাদশের বিপক্ষে তিন দিনের প্রস্তুতি ম্যাচ খেলছে পাকিস্তান।

ওই ম্যাচে ব্যাটিংয়ের সময়ই বাধে বিপত্তি। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৯ দলের তারকা পেসার ম্যানি লামসডেনের একটি লাফিয়ে ওঠা ডেলিভারি বাবরের হাতে আঘাত করে। তখন ৫ রানে ব্যাট করছিলেন পাকিস্তানের তারকা ব্যাটসম্যান।

হাতে বল লাগার পর বাবরকে ব্যথায় কাতরাতে দেখা যায়। এরপর মাঠ ছেড়ে যান তিনি। আর ব্যাটিংয়ে নামেননি, পরে ফিল্ডিংয়েও দেখা যায়নি তাকে। 

পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) বিবৃতিতে জানিয়েছে, আগামী সোমবার দলের সঙ্গে অনুশীলনে ফিরবেন বাবর।

“দলের চিকিৎসকের মূল্যায়নের পর সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বাবরকে অনুশীলন ম্যাচের বাকি অংশে বিশ্রাম নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আগামী সোমবার, ১৭ আগস্ট, হেডিংলি ক্রিকেট গ্রাউন্ডে পাকিস্তান দলের অনুশীলনে অংশ নেবেন বাবর।”

পাকিস্তানের ব্যাটিংয়ের স্তম্ভ বাবর। সম্প্রতি তাকে আবারও টেস্ট দলের নেতৃত্বে ফিরিয়েছে পাকিস্তান। দ্বিতীয় মেয়াদে দায়িত্বের শুরুটা ভালো হয়েছে বাবরের। ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে দুই টেস্টের সিরিজ ১-১ ড্র করে এসেছে তারা। তিন বছর পর জিতেছে ঘরের বাইরে কোনো টেস্ট।

ইংল্যান্ডের বিপক্ষে পাকিস্তানের সিরিজটি আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের বর্তমান চক্রের অংশ। ২৪.৩৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলে সপ্তম স্থানে আছে ইংল্যান্ড। তাদের পরেই পাকিস্তান, পয়েন্টের হার ২২.২২।

ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের আগে বাবর পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন, এটাই এখন পাকিস্তানের প্রত্যাশা। এরই মধ্যে অবশ্য দলটি একটি ইতিবাচক খবর পেয়েছে। চোট কাটিয়ে শান মাসুদ সিরিজের আগে দলে ফিরেছেন।