১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

আইপিএলে ‘সবচেয়ে বেশি চাপে থাকবে’ ২৭ কোটি রুপির পান্ত

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসির মতে, গত আসরের ব্যর্থতার চাপ এবারও অনুভব করবেন লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের অধিনায়ক।

আইপিএলে ‘সবচেয়ে বেশি চাপে থাকবে’ ২৭ কোটি রুপির পান্ত
ভারতীয় কিপার-ব্যাটসম্যান রিশাভ পান্ত। ছবি: লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2026, 11:17 PM

Updated : 26 Aug 2026, 03:13 PM

রেকর্ড পারিশ্রমিকের চাপ গত আসরে জেঁকে ধরেছিল রিশাভ পান্তকে। দলের প্রত্যাশা একদমই পূরণ করতে পারেননি তিনি। দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক ফাফ দু প্লেসি মনে করছেন, এবার আরও বেশি চাপে থাকবেন ভারতের কিপার-ব্যাটসম্যান।

২০২৪ সালের নভেম্বরে নিলাম থেকে ২৭ কোটি রুপিতে পান্তকে দলে নেয় লাক্ষ্ণৌ সুপার জায়ান্টস। আইপিএলের ইতিহাসে নিলামে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ক্রিকেটার তিনি। পরে তাকে দেওয়া হয় দলের অধিনায়কত্বও।

কিন্তু, গত আসরে ব্যাট হাতে প্রত্যাশার প্রতিদান দিতে পারেননি পান্ত। ১৩ ইনিংসে ২৪.৪৫ গড়ে রান করেন কেবল ২৬৯। একটি করে সেঞ্চুরি ও ফিফটি করতে পারেন তিনি। স্ট্রাইক রেট ছিল ১৩৩.১৬, যেখানে স্বীকৃত টি-টোয়েন্টিতে তার স্ট্রাইক রেট ১৪৪.৪০।

তার দল লাক্ষ্ণৌও গত আসরে প্লে-অফে উঠতে পারেনি। ১৪ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে সপ্তম হয় তারা।

জিও হটস্পারে আলাপকালে দু প্লেসি বলেন, গত আসরের ব্যর্থতার চাপ এবারও অনুভব করবে পান্ত।

“আমার চোখে, এবারের আইপিএলে সম্ভবত রিশাভ পান্তই সবচেয়ে বেশি চাপে থাকবে। বেশি পারিশ্রমিকের চাপের মধ্যে কিছু ক্রিকেটার জ্বলে ওঠে, আবার অনেকে পারে না। গত মৌসুমটা তার জন্য সত্যিই অনেক কঠিন ছিল। দলের ভোগান্তির মতো যেভাবে সে ব্যাট করেছে, রান তোলার বিচারে সেও রান করতে পারেনি। তাই নতুন মৌসুমের আগে সেই চাপ তো আছেই, সঙ্গে দলকে ঘিরে প্রত্যাশার চাপও যোগ হবে…তাদের অধিনায়ক চাপে আছে, রান করা হবে প্রথম কাজ।”

“অধিনায়ক হিসেবে সে যদি রান করতে পারে, তাহলে শুরুতেই চাপ অনেকটা কমে যাবে। তবে এরপরও তার ওপর চাপ থাকবে, সেটা দলের সামগ্রিক পারফরম্যান্স নিয়ে।”

আগামী শনিবার পর্দা উঠবে আইপিএলের। ১ এপ্রিল দিল্লি ক্যাপিটালসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে লাক্ষ্ণৌ সুপার জায়ান্টসের আইপিএল অভিযান।