১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

৩৪ বলের ফিফটিতে স্বর্ণার রেকর্ড

মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির কীর্তি গড়েছেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

৩৪ বলের ফিফটিতে স্বর্ণার রেকর্ড
ওয়ানডেতে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড স্বর্ণা আক্তারের। ছবি: বিসিবি

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Oct 2025, 08:38 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

ক্রিজে গিয়ে মুখোমুখি দ্বিতীয় বলে সুইপ করে বল বাউন্ডারিতে পাঠালেন স্বর্ণা আক্তার। পরের ওভারে লং-অন দিয়ে ওড়ালেন ছক্কায়। আগ্রাসী ব্যাটিংয়ে দ্রুত রান বাড়িয়ে ইনিংসের শেষ ওভারে পঞ্চাশের ঠিকানায় পা রাখলেন তিনি। সঙ্গে গড়লেন দারুণ এক রেকর্ড।

উইমেন’স এশিয়া কাপে সোমবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৫১ রানের অপরাজিত থাকেন স্বর্ণা। তার ৩৫ বলের ইনিংসটি সাজানো তিনটি করে ছক্কা-চারে।

ইনিংসটির পথে ৩৪ বলে ফিফটি স্পর্শ করেন স্বর্ণা। মেয়েদের ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটারদের মধ্যে যা দ্রুততম।

এতদিন রেকর্ডটি ছিল নিগার সুলতানার। গত এপ্রিলে বিশ্বকাপের বাছাই পর্বে স্কটল্যান্ডের বিপক্ষে ৩৯ বলে ফিফটি করেছিলেন বাংলাদেশ অধিনায়ক। ৩৪ রানে জেতা ওই ম্যাচে ১১ চারে ৫৯ বলে ৮৩ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন তিনি।

ভিশাখাপাত্নামে এদিন শেষ দিকে ৩ চারে ৮ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলেন রিতু মনি। স্বর্ণার সঙ্গে তার অবিচ্ছিন্ন জুটিতে ১৮ বলে আসে ৩৭ রান। শেষ ৫ ওভারে ৫৭ রান করে ২৩২ রানের পুঁজি গড়ে বাংলাদেশ।

বিশ্বকাপে এর চেয়ে বেশি রান কেবল একবারই করতে পেরেছে বাংলাদেশ। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটে ২৩৪ রান করেছিল দলটি।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ। ২০২৩ সালে ইস্ট লন্ডনে ৩ উইকেট ২৫০ রান দলটির বিপক্ষে তাদের রেকর্ড।

বাংলাদেশের ইনিংসের ৪১তম ওভারে ক্রিজে যান স্বর্ণা। পরিস্থিতি দাবি মেটাতে দ্রুত রান তোলায় মনোযোগ দেন তিনি। ওই চার-ছক্কার পর ৪৬তম ওভারে টুমি সেখুখুনেকে টানা তিন বলে একটি ছক্কা ও দুটি চার মারেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার।

নেডিন ডি ক্লার্ককে ছক্কায় উড়িয়ে ৪৬ রানে পৌঁছে যান স্বর্ণা। শেষ ওভারের প্রথম তিন বলে দুটি ডাবল নিয়ে ওয়ানডেতে নিজের প্রথম ফিফটি স্পর্শ করেন তিনি।

টস জিতে ব্যাটিংয়ে নেমে এদিন মন্থর শুরু করেন বাংলাদেশের দুই ওপেনার। ৩ চারে ৩০ রান করতে ৭৬ বল খেলেন ফারজানা হক। ৫২ বলে ২৫ রান করেন রুবাইয়া হায়দার, মারেন ২ চার।

তিনে নেমে শারমিন আক্তার ৬ চারে ৭৭ বলে ৫০ রানের ইনিংস খেলেন। পরে রানের গতিতে কিছুটা দম দেন অধিনায়ক নিগার। ৫ চারে ৪২ বলে ৩২ রান করেন তিনি।

স্বর্ণা যখন ক্রিজে যান, বাংলাদেশের রান তখন ৩ উইকেটে ১৫০। সেখান থেকে দলকে দুইশ ছাড়ানো পুঁজি এনে দেন তিনি। তার নৈপুণ্যে শেষ ১০ ওভারে ৮২ রান তোলে বাংলাদেশ।