Published : 11 Jul 2026, 09:43 PM
আকসার প্যাটেলের বল স্কয়ার লেগ দিয়ে সীমানার বাইরে পাঠালেন জন বাটলার। তাতেই, সাড়ে চার বছরেরও বেশি সময় পর, টি-টোয়েন্টিতে আবার তিন অঙ্ক স্পর্শ করলেন তিনি।
সাউথ্যাম্পটনে শনিবার ভারতের বিপক্ষে সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে এই সংস্করণে দ্বিতীয় সেঞ্চুরি পেলেন এই ইংলিশ ক্রিকেটার।
এই সংস্করণে ক্যারিয়ার সর্বোচ্চ ১৩১ রান করলেন বাটলার।
চলতি বছরের শুরুতে টি-টোয়েন্টি বিশ্বকাপে পুরোপুরি ব্যর্থ ছিলেন বাটলার; আট ইনিংসে ১০.৮৭ গড়ে করতে পারেন স্রেফ ৮৭ রান। তাতে তার আন্তর্জাতিক ক্যারিয়ার পড়ে যায় হুমকির মুখে। তবে, ভারতের বিপক্ষে সিরিজের জন্য তার ওপর ভরসা রাখে কোচ-নির্বাচকরা।
এখানেও সিরিজের শুরুটা বাজে হয় তার, প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে যাওয়ার পর, দ্বিতীয় ম্যাচে আউট হন শূন্য রানে। পরের দুই ম্যাচে ৩৬ ও ৮ রান করার পর, এবার খেললেন এই সংস্করণে সর্বোচ্চ রানের ইনিংস।
দ্বিতীয় ওভারেই ফিরে যান ফিল সল্ট, তবে সেই ধাক্কা দলকে বুঝতে দেননি বাটলার। অধিনায়ক হ্যারি ব্রুকের সঙ্গে রেকর্ড জুটিতে গড়ে তোলেন রানের পাহাড়।
যদিও শুরুটা আহামরি ছিল না। তৃতীয় ওভার শেষে বাটলারের রান ছিল ছয় বলে ৭। প্রাসিধ কৃষ্ণার করা পরের ওভারে চার ও ছক্কা হাঁকিয়ে ডানা মেলেন তিনি। পরের ওভারে আর্শদিপ সিংকেও একটি করে মারেন চার ও ছক্কা।
মাঝে কিছুটা সময় দেখেশুনে খেলেন বাটলার, আর সেই সময় ঝড় তোলেন ব্রুক। চার-ছক্কার ঝড়ে ওপেনারের আগেই পঞ্চাশ ছুঁয়ে ফেলেন ব্রুক (১৯ বলে)।
পরের ওভারেই চার মেরে হাফ-সেঞ্চুরি করেন বাটলার, ৩৪ বলে। পঞ্চদশ ওভারে প্রিন্স ইয়াদভের বলে ঝড় বইয়ে দেন তিনি, দুটি করে চার ও ছক্কা হাঁকান তিনি, পৌঁছে যান ৯৩ রানে। পরের ওভারে প্রথম বলে ডাবল নিয়ে, দ্বিতীয় বল বাউন্ডারিতে আছড়ে ফেলে ৫১ বলে কাঙ্ক্ষিত ঠিকানায় পা রাখেন এই ডান হাতি ব্যাটসম্যান।
(বিস্তারিত আসছে)