Published : 16 Feb 2026, 08:01 AM
নেতৃত্ব দেওয়ার মতো ক্রিকেটার দলে বেশ কজন। তবে শেষ পর্যন্ত দায়িত্বটি পেলেন নাজমুল হোসেন শান্ত। বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) একদিনের ম্যাচের টুর্নামেন্টে উত্তরাঞ্চল দলে বাংলাদেশের টেস্ট অধিনায়ক শান্তর নেতৃত্বে খেলবেন টি-টোয়েন্টি অধিনায়ক লিটন কুমার দাস। এই দলে আছেন ঘরোয়া ক্রিকেটের সফল অধিনায়ক আকবর আলিও।
বাংলাদেশ দল বিশ্বকাপে না যাওয়ায় ক্রিকেটাররা আপাতত কাটাচ্ছেন অবসর সময়। সেই বিরতি শেষ হচ্ছে বিসিএলের একদিনের ম্যাচের আসর দিয়ে। আগামী সোমবার শুরু হচ্ছে চার দলের এই টুর্নামেন্ট।
টুর্নামেন্টের চারটি দলের স্কোয়াড ঘোষণা করেছে বিসিবি। সবশেষ দুইবারের চ্যাম্পিয়ন উত্তরাঞ্চলের অধিনায়ক শান্ত, সবশেষ আসরের রানার্স আপ পূর্বাঞ্চলকে নেতৃত্ব দেবেন ইয়াসির আলি চৌধুরি। জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের নেতৃত্বে মাঠে নামবে দক্ষিণাঞ্চল, মাহিদুল ইসলাম অঙ্কন নেতৃত্ব দেবেন মধ্যাঞ্চলকে।
এই টুর্নামেন্ট দিয়েই আবার ঘরোয়া ক্রিকেটে ফিরছেন এনামুল হক ও মোসাদ্দেক হোসেন। বিপিএলের ২০২৪-২৫ আসরে ফিক্সিংসহ নানা দুর্নীতির অভিযোগে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে বিসিবির ইন্টেগ্রিটি কমিটির প্রধান অ্যালেক্স মার্শালের সুপারিশ অনুযায়ী ৯ ক্রিকেটারের এবারের আসরের নিলামে রাখা হয়নি। তাদের মধ্যেই ছিলেন অভিজ্ঞ এই দুই ক্রিকেটার। বিপিএলের পর অদম্য বাংলাদেশ টি-টোয়েন্টি কাপেও রাখা হয়নি তাদেরকে।
ওয়ার্কলোম ম্যানেজমেন্টের অংশ হিসেবে এই আসর থেকে বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। চোটের কারণে খেলতে পারছেন না মাহমুদুল হাসান জয়।
খুলনার শেখ মেহেদি হাসানকে রাখা হয়েছে উত্তরাঞ্চল দলে। কাগজে-কলমে সবচেয়ে শক্তিশালী দল এটিই।
বিসিএলের একদিনের ম্যাচের সংস্করণের পঞ্চম আসর এটি। ২০১৪-১৫ মৌসুমে প্রথম আসরের শিরোপা জিতেছিল পূর্বাঞ্চল। দীর্ঘ বিরতির পর ২০২১-২২ মৌসুমে আবার শুরু হয় টুর্নামেন্টটি। এবার ট্রফি জেতে মধ্যাঞ্চল। পরের দুই মৌসুমে চ্যাম্পিয়ন হয় উত্তরাঞ্চল। গত মৌসুমে এটি আয়োজন করা হয়নি।
এবার টুর্নামেন্টের প্রাথমিক পর্বের খেলাগুলি হবে রাজশাহী ও বগুড়ায়। প্রাথমিক পর্বে প্রতিটি দল পরস্পরের সঙ্গে লড়বে একবার করে। শীর্ষ দুই দল মুখোমুখি হবে ফাইনালে। আগামী ৩ মার্চ দিন-রাতের ফাইনাল ম্যাচটি হবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে।
আগামী মাসের পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজকে ভাবনায় রেখেই মূলত বিসিএলের একদিনের ম্যাচের আসরটি আয়োজন করা হচ্ছে এখন। বিসিএলের চার দিনের ম্যাচের আসর হতে পারে এপ্রিলে।
একদিনের ক্রিকেটে দেশের মূল আসর ঢাকা প্রিমিয়ার লিগ শুরু নিয়ে এখনও পর্যন্ত কিছুই জানায়নি বিসিবি।
বিসিএলে কে কোন দলে:
উত্তরাঞ্চল:
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, হাবিবুর রহমান সোহান, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, আকবর আলি, সাব্বির রহমান, শেখ মেহেদি হাসান, এসএম মেহেরব হোসেন, তাইজুল ইসলাম, নাহিদ রানা, রিশাদ হোসেন, শরিফুল ইসলাম, মুকিদুল ইসলাম ও আব্দুল গাফফার সাকলাইন।
পূর্বাঞ্চল:
ইয়াসির আলী চোধুরি (অধিনায়ক), পারভেজ হোসেন ইমন, জাকির হাসান, অমিত হাসান, মমিনুল হক, শামীম হোসেন, শাহাদাত হোসেন, আসাদুল্লাহ আল গালিব, মোহাম্মদ সাইফ উদ্দিন, তানজিম হাসান, সৈয়দ খালেদ আহমেদ, হাসান মাহমুদ, নাসুম আহমেদ, নাঈম হাসান ও নাঈম হোসেন সাকিব।
দক্ষিণাঞ্চল:
মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, এনামুল হক, জাওয়াদ আবরার, আজিজুল হাকিম তামিম, মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন, নুরুল হাসান হোসান, সামিউন বশির, তানভির ইসলাম, মোস্তাফিজুর রহমান, রবিউল হক, রেজাউর রহমান রাজা, রুয়েল মিয়া ও স্বাধীন ইসলাম।
মধ্যাঞ্চল:
মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, মোহাম্মদ নাইম শেখ, জিসান আলম, আরিফুল ইসলাম, মোসাদ্দেক হোসেন সৈকত, ইরফান শুক্কুর, মাহফিজুল ইসলাম রবিন, রাকিবুল হাসান, রিজান হোসেন, আবু হায়দার রনি, ইবাদত হোসেন, রিপন মণ্ডল, মারুফ মৃধা ও ওয়াসি সিদ্দিকি।