০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

৭ বছর পর দেশের প্রথম শ্রেণিতে ফিরে ওভারে ৩ উইকেট আফ্রিদির

আট নম্বরে ব্যাটিংয়ে নেমে ঝড়ো ইনিংসও খেলেছেন পাকিস্তানের তারকা পেসার।

৭ বছর পর দেশের প্রথম শ্রেণিতে ফিরে ওভারে ৩ উইকেট আফ্রিদির
শাহিন শাহ আফ্রিদি। ফাইল ছবি: পিসিবি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 14 Sep 2026, 09:16 PM

Updated : 17 Sep 2026, 03:00 AM

লম্বা সময় পর ঘরোয়া প্রথম শ্রেণির ক্রিকেটে প্রত্যাবর্তনের ম্যাচে ব্যাটে-বলে দারুণ উজ্জ্বল শাহিন শাহ আফ্রিদি। শেষ দিকে ব্যাটিংয়ে নেমে ঝড়ো ইনিংস খেলার পর, বোলিংয়ে এক ওভারে তিন উইকেটে নিয়েছেন পাকিস্তানের তারকা পেসার।

প্রেসিডেন্ট’স ট্রফি গ্রেড ১-এ খান রিসার্চ ল্যাবরেটরিজের হয়ে খেলছেন আফ্রিদি। ঘানির বিপক্ষে ম্যাচের দ্বিতীয় দিন আট নম্বরে ব্যাটিংয়ে নেমে তিন ছক্কা ও দুই চারে ৪৯ বলে ৪৭ রান করেন তিনি। ফাখার জামানসহ দলটির হয়ে সেঞ্চুরি করেন দুজন। ৯ উইকেটে ৫৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করে তারা।

ওই দিনই নতুন বলে ঘানির ওপেনার খাওয়াজা আরহামকে কিপারের ক্যাচ বানিয়ে ফেরান আফ্রিদি। তৃতীয় দিন সোমবার এক ওভারে পাঁচ বলের মধ্যে প্রতিপক্ষের টেল-এন্ডের ব্যাটসম্যানদের আউট করেন তিনি।

৮১ ওভারে ঘানির স্কোর ছিল ৭ উইকেটে ৩০৬ রান। পরের ওভারে আফ্রিদির প্রথম বলে বোল্ড হয়ে যান গুলাম হায়দার। বাঁহাতি পেসারের তৃতীয় বলে নিখুঁত ইয়র্কারে বোল্ড হন ১০ নম্বর ব্যাটসম্যান শোয়েব আখতার। আর পঞ্চম বলে শর্ট ডেলিভারিতে কিপারের গ্লাভসে ধরা পড়েন শেষ ব্যাটসম্যান আলি রাজা।

শূন্য রানে শেষ ৩ উইকেট হারিয়ে ৩০৬ রানেই অলআউট হয়ে যায় ঘানি। এর আগে দলটির হয়ে ৯৯ রানে আউট হন পাকিস্তানের হয়ে দুটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলা হাসিবউল্লাহ খান। 

সব মিলিয়ে ১৪.৫ ওভারে ৬১ রানে ৪ উইকেট নিয়ে নিজ দলের সফলতম বোলার আফ্রিদি।

২৬ বছর বয়সী এই ক্রিকেটার এর আগে সবশেষ ঘরোয়া প্রথম শ্রেণির ম্যাচ খেলেছিলেন প্রায় সাত বছর আগে। ২০১৯ সালের অক্টোবরে নর্দানের হয়ে সাউদার্ন পাঞ্জাবের বিপক্ষে ড্র হওয়া ম্যাচটিতে এক ইনিংসে বোলিং পেয়ে দুটি উইকেট নিয়েছিলেন তিনি।

গত মে মাসে সিলেটে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের দল থেকে বাদ পড়ার পর, সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের টেস্ট দলেও ছিলেন না পাকিস্তানের ওয়ানডে অধিনায়ক আফ্রিদি। এখন পর্যন্ত ৩৪ টেস্ট খেলেছেন তিনি।