Published : 16 Apr 2026, 08:37 PM
আইপিএলের বাকি অংশে ডেভিড পেইনকে পাচ্ছে না সানরাইজার্স হায়দরাবাদ। অ্যাঙ্কেলের চোটে আসর থেকে ছিটকে গেছেন বাঁহাতি এই ইংলিশ পেসার।
পায়ের চোটে এবারের আইপিএলে খেলতে না পারা অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার জ্যাক এডওয়ার্ডসের বদলি হিসেবে পেইনকে নিয়েছিল হায়দরাবাদ। এবার তাকেও হারিয়ে ফেলল ফ্র্যাঞ্চাইজিটি।
আসরে দলের প্রথম দুই ম্যাচে খেলেন পেইন। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে তিন ওভারে ৩৫ রানে তিনি নেন ২ উইকেট, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দুই ওভারে ৩৫ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।
কয়েকদিন আগে ইংল্যান্ডের অলরাউন্ডার ব্রাইডন কার্সকেও হারিয়েছে হায়দরাবাদ। আসর শুরুর আগে অনুশীলনের সময় নেটে হাতে চোট পেয়েছিলেন তিনি। তাকে পাওয়ার আশায় ছিল টিম ম্যানেজমেন্ট। কিন্তু সেটা হয়নি। তার বদলি হিসেবে শ্রীলঙ্কান ফাস্ট বোলার দিলশান মাদুশাঙ্কাকে দলে নেয় তারা।
হায়দরাবাদের জন্য একটি স্বস্তির খবরও আছে। সিডনিতে পিঠে স্ক্যানের পর দলের সঙ্গে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স। আসরে এখনও খেলেননি এই পেসার। তার অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দিচ্ছেন ইশান কিষান।
প্রথম চার ম্যাচের দুটিতে জিতেছে হায়দরাবাদ। পরের ম্যাচে আগামী শনিবার ঘরের মাঠে চেন্নাই সুপার কিংসের মুখোমুখি হবে তারা।