১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সোবহানার ১৫ ধাপ উন্নতি, ফাহিমার ১৮

ওয়ানডে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ৭০তম স্থানে সোবহানা মোস্তারি, বোলারদের তালিকায় ফাহিম খাতুনের অবস্থান ২৭তম।

সোবহানার ১৫ ধাপ উন্নতি, ফাহিমার ১৮
সোবহানা মোস্তারি। ছবি: বিসিবি ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Oct 2025, 03:50 PM

Updated : 26 Aug 2026, 02:28 PM

উইমেন’স বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলে ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছেন সোবহানা মোস্তারি। সবশেষ তিন ম্যাচেই উইকেট নিয়ে বোলারদের তালিকায় এগিয়েছেন লেগ স্পিনার ফাহিমা খাতুন। 

নারী ক্রিকেটারদের র‍্যাঙ্কিংয়ে সাপ্তাহিক হালনাগাদ যথারীতি মঙ্গলবার প্রকাশ করে আইসিসি। ওয়ানডে ব্যাটারদের মধ্যে ১৫ ধাপ এগিয়ে এখন ৭০তম স্থানে আছেন সোবহানা। আর ১৮ ধাপ উন্নতি করে বোলারদের তালিকায় এখন ২৭ নম্বরে ফাহিমা।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়েও অগ্রগতি হয়েছে ফাহিমার। ৭ ধাপ এগিয়ে এখন তিনি ৯২তম স্থানে। এই তালিকায় বাংলাদেশের আর কারো উন্নতি হয়নি।

বোলারদের মধ্যে আরেক লেগ স্পিনার রাবেয়া খান ৩ ধাপ এগিয়েছেন। এখন ১৮তম স্থানে আছেন তিনি। 

ওয়ানডে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে ফাহিমা ও রাবেয়া দুইজনেরই উন্নতি হয়েছে। ২৩ ধাপ এগিয়ে ২৬ নম্বরে রাবেয়া এবং ১৫ ধাপ এগিয়ে তার পরেই ফাহিমা।

ক্যারিয়ারের প্রথম ওয়ানডে ফিফটিতে ইংল্যান্ডের বিপক্ষে ৮ চারে ৬০ রানের ইনিংস খেলেন সোবহানা। পরের দুই ম্যাচে নিউ জিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি তিনি। তবে ওই ফিফটিতেই র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন সোবহানা।

ফাহিমা খাতুন। ছবি: বিসিবি ফেইসবুক।

ফাহিমা খাতুন

গত সপ্তাহে খেলা তিন ওয়ানডের দুটিতে ব্যাটিংয়ে নেমে যথাক্রমে ৭ ও ৩৪ রান করেন ফাহিমা। তিন ম্যাচে ৩০, ৩ ও ৫০ রান করা শারমিন আক্তার বাংলাদেশের ব্যাটারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে। টপ অর্ডার এই ব্যাটারের অবস্থান ৩১তম।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮০ রানের ইনিংস খেলে ব্যাটারের র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থান আরও মজবুত করেছেন ভারতের স্মৃতি মান্ধানা। দুই ও তিন নম্বরে যথাক্রমে ইংল্যান্ডের ন্যাট সিভার-ব্রান্ট ও অস্ট্রেলিয়ার বেথ মুনি। ভারতের বিপক্ষে রান তাড়ার বিশ্ব রেকর্ড গড়ে জেতা অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যালিসা হিলি ৯ ধাপ এগিয়ে এখন চতুর্থ স্থানে। ওই ম্যাচে ১৪২ রানের বিস্ফোরক ইনিংস খেলেছিলেন তিনি।

বোলারদের তালিকায় আগের মতোই সবার ওপরে ইংল্যান্ডের সোফি এক্লেস্টোন। অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনার আছেন দুইয়ে। এক ধাপ এগিয়ে তিনে তার সতীর্থ কিম গার্থ।

বাংলাদেশের বোলারদের মধ্যে র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে নাহিদা আক্তার। ২ ধাপ পিছিয়ে এখন ১১তম স্থানে আছেন বাঁহাতি স্পিনার। গত সপ্তাহে খেলা তিন ম্যাচে কেবল তিনটি উইকেট নিতে পেরেছেন তিনি।

নিউ জিল্যান্ডের বিপক্ষে ৩ উইকেট নেওয়া রাবেয়া দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ধরেন এক শিকার। ফাহিমার সবশেষ তিন ওয়ানডেতে প্রাপ্তি মোট ৫ উইকেট। গত সপ্তাহে উন্নতি করা পেসার মারুফা আক্তার এবার পিছিয়ে গেছেন ৪ ধাপ, আছেন যৌথভাবে ৪৫ নম্বরে।

মেয়েদের ওয়ানডেতে অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি চূড়ায় অস্ট্রেলিয়ার গার্ডনার।