২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বিপিএলে অধিনায়কত্ব পাওয়ার আশা করেননি থিসারা পেরেরা

অষ্টমবার বিপিএল খেলতে এসে প্রথমবার অধিনায়কত্ব পেলেন থিসারা পেরেরা।

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Dec 2024, 09:53 PM

Updated : 10 Sep 2026, 12:27 PM

ছয়টি দলের হয়ে বিপিএলের সাতটি আসরে খেলে ফেলেছেন থিসারা পেরেরা। এবার তিনি যোগ দিয়েছেন ঢাকা ক্যাপিটালসে। টুর্নামেন্টের নতুন এই ফ্র্যাঞ্চাইজি দিয়েই তিনি অধিনায়কত্ব পেলেন প্রথমবার। দায়িত্ব পেয়ে অবশ্য কিছুটা অবাকই তিনি। লঙ্কান অলরাউন্ডারের ভাবনায় ছিল না এমন কিছু।

স্থানীয় ক্রিকেটারদের মধ্যে মুস্তাফিজুর রহমান, লিটন কুমার দাস, তানজিদ হাসান, সাব্বির রহমানদের দলে নিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিটন বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন তিন সংস্করণেই। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজে টি-টোয়েন্টি সিরিজে তার নেতৃত্ব তুমুল প্রশংসিত হয়েছে। তবে নেতৃত্বের জন্য ঢাকা ক্যাপিটালস বেছে নিয়েছে শ্রীলঙ্কার ৩৫ বছর বয়সী অলরাউন্ডারকে।

লিটনকে না দিয়ে পেরেরাকে দায়িত্ব দেওয়ার পেছনে নিজেদের ভাবনা বা কারণ জানায়নি ঢাকা ফ্র্যাঞ্চাইজি। উদ্বোধনী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে পেরেরা বললেন, তিনি নিজেও ভাবেননি অধিনায়কত্ব পেতে পারেন।

“অধিনায়কত্ব পাওয়া আমার জন্য সম্মানের। বিশেষ করে এই ধরনের ফ্র্যাঞ্চাইজিতে। আমি কখনও আশা করিনি (অধিনায়কত্ব পাব)। কারণ বিপিএলে আমি বেশ কয়েক বছর খেলেছি। এবারই প্রথম কোনো দলের অধিনায়কত্ব করব। আমার জন্য এটি নতুন নয়। ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারে আমি অনেক বছর অধিনায়কত্ব করেছি।”

“আমি যেটা বললাম, কখনও আশা করিনি এই দায়িত্ব পাব। আমার মনে হয় তারা (ঢাকা ফ্র্যাঞ্চাইজি) আমার ওপর ভরসা করে। তাই আমাকে এই দায়িত্ব দিয়েছে।” 

প্রায় ১৬ বছরের টি-টোয়েন্টি ক্যারিয়ারে শ্রীলঙ্কা জাতীয় দল, লঙ্কা প্রিমিয়ার লিগ ও শ্রীলঙ্কার ঘরোয়া টুর্নামেন্ট মিলিয়ে ৭২ ম্যাচে অধিনায়কত্ব করেছেন পেরেরা। তার ক্যারিয়ার সেরা ৯৭ রানের ইনিংসটিও খেলেছেন অধিনায়ক হিসেবেই। 

২০১৫ সালে রংপুর রাইডার্সের হয়ে প্রথম বিপিএল খেলতে আসেন লঙ্কান পেস অলরাউন্ডার। সবশেষ ২০২৩ সালের আসরে তাকে দেখায় সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে। মাঝে বরিশাল বুলস, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, ঢাকা প্লাটুন ও খুলনা টাইগার্সের হয়ে খেলেন তিনি।

সব মিলিয়ে বিপিএলে ৭৬ ম্যাচে ১৪৮.৮৩ গড়ে পেরেরার সংগ্রহ ১ হাজার ১৮ রান। এর সঙ্গে বল হাতে তিনি নিয়েছেন ৬৯ উইকেট। 

দীর্ঘ দিন বিপিএল খেলার অভিজ্ঞতা এবার ঢাকার নেতৃত্ব দিতে কাজে লাগবে মনে করেন পেরেরা।

“আমি এরই মধ্যে বেশ কয়েকটি বিপিএলে খেলেছি। স্থানীয় ক্রিকেটারদের অনেকে আমার সঙ্গে খেলেছে। আমি জানি তাদের কীভাবে নিয়ন্ত্রণ করতে হবে, সেরাটা বের করে আনতে হবে। স্থানীয় ক্রিকেটারদের মধ্যে আমরা সেরাদেরই বেছে নিয়েছি।” 

“বিদেশি ক্রিকেটাররা হয়তো কিছুটা অপরিচিত। তারা নিজেদের জাতীয় দলের হয়ে হয়তো খেলে না। তবে ঘরোয়া ক্রিকেটে নিয়মিতই পারফর্ম করে থাকে। এজন্যই তাদের নেওয়া হয়েছে।”

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সোমবার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে ঢাকা। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়।