২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ইংল্যান্ড সফর শুরুর আগে শ্রীলঙ্কা শিবিরে ধাক্কা

দল ঘোষণার পরদিন দুটি পরিবর্তন আনল শ্রীলঙ্কা।

ইংল্যান্ড সফর শুরুর আগে শ্রীলঙ্কা শিবিরে ধাক্কা
কুসাল মেন্ডিস। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 04 Sep 2026, 03:50 PM

Updated : 17 Sep 2026, 02:54 AM

দল ঘোষণার পরদিন জানানো হলো, চোট থেকে সেরে না ওঠায় ইংল্যান্ড সফরের শুরুতে অধিনায়ক কুসাল মেন্ডিসকে পাবে না শ্রীলঙ্কা। ইংলিশদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি ও পেসার বিনুরা ফার্নান্দো। 

সবশেষ লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) চোট পান মেন্ডিস ও বিনুরা। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) জানিয়েছে, এখনও পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন তারা।

মেন্ডিসের বদলি হিসেবে টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন ২৪ বছর বয়সী টপ-অর্ডার ব্যাটসম্যান পাভান রাত্নায়েকে। আর বিনুরার জায়গায় এসেছেন পেসার দিলশান মাদুশাঙ্কা। সম্প্রতি ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের দলে থাকলেও খেলার সুযোগ পাননি তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের জন্য বৃহস্পতিবার আলাদা দুটি দল ঘোষণা করে শ্রীলঙ্কা। পরদিনই এলো টি-টোয়েন্টি সিরিজের দলে পরিবর্তনের খবর।

শ্রীলঙ্কার সাদা বলের দুই সংস্করণেরই অধিনায়ক মেন্ডিস। আর এই সফরে চারিথ আসালাঙ্কাকে রাখা হয়েছে সহ-অধিনায়ক হিসেবে। মেন্ডিস ছিটকে পড়ায় টি-টোয়েন্টিতে দলকে তাই নেতৃত্ব দেবেন সাবেক এই অধিনায়ক।

ওয়ানডে দল থেকে অবশ্য এখনও ছিটকে যাননি মেন্ডিস। শেষ পর্যন্ত এই কিপার-ব্যাটসম্যানকে ওই সিরিজেও না পাওয়া গেলে নেতৃত্ব দিতে পারেন আসালাঙ্কাই।

ডান হ্যামস্ট্রিংয়ের চোটে গত ১৯ জুলাই থেকে মাঠের বাইরে আছেন মেন্ডিস। আর পিঠের চোটের কারণে ৫ আগস্টের পর থেকে আর খেলেননি বিনুরা।

আগামী ১৫ সেপ্টেম্বর সাউদ্যাম্পটনে শুরু টি-টোয়েন্টি সিরিজ। পরের দুই ম্যাচ ১৭ ও ১৯ সেপ্টেম্বর।

এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে ২২ সেপ্টেম্বর। দ্বিতীয় ওয়ানডেতে লিডসে গড়াবে ২৪ সেপ্টেম্বর। শেষ ম্যাচ হবে ২৭ সেপ্টেম্বর। 

শ্রীলঙ্কা টি-টোয়েন্টি দল: পাথুম নিসাঙ্কা, কামিল মিশারা, লাহিরু উদারা, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, পাভান রাত্নায়েকে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, থারিন্দু রাত্নায়েকে, দুশমান্থা চামিরা, ইশান মালিঙ্গা, নুয়ান থুশারা, দিলশান মাদুশাঙ্কা।