০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

রোহিতকে সরিয়ে ওয়ানডের চূড়ায় ড্যারিল মিচেল

নিউ জিল্যান্ডের কেবল দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন ড্যারিল মিচেল।

রোহিতকে সরিয়ে ওয়ানডের চূড়ায় ড্যারিল মিচেল
রোহিত শার্মা ও ড্যারিল মিচেল। ছবি: রয়টার্স

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Nov 2025, 04:29 PM

Updated : 26 Aug 2026, 05:09 PM

ওয়ানডে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের চূড়ায় বেশিদিন থাকতে পারলেন না রোহিত শার্মা। তাকে হটিয়ে ক্যারিয়ারে প্রথমবারের মতো শীর্ষে উঠলেন ড্যারিল মিচেল।

পুরুষ ক্রিকেটের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ যথারীতি বুধবার প্রকাশ করেছে আইসিসি। যেখানে নিউ জিল্যান্ডের কেবল দ্বিতীয় ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন মিচেল।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে গত রোববার ম্যাচ সেরা পারফরম্যান্স উপহার দেন মিচেল। তার ১১৯ রানের ইনিংসের সুবাদে ২৬৯ রানের স্কোর গড়ে, ম্যাচটি ৭ রানে জিতেছিল নিউ জিল্যান্ড।

ভারতের সাবেক অধিনায়ক রোহিতের মতো এক ধাপ নিচে নিমেছেন আফগানিস্তানের ইব্রাহিম জাদরান। তৃতীয় স্থানে আছেন তিনি।

ওয়ানডে ক্যারিয়ারে ওই সপ্তম সেঞ্চুরি এবং দলকে জয়ের স্বাদ দেওয়ার স্বীকৃতি এবার পেলেন মিচেল। ৪৬ বছরে প্রথম কিউই ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন তিনি; ১৯৭৯ সালে নিউ জিল্যান্ডের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ব্যাটসম্যানদের সিংহাসনে বসেছিলেন গ্রেট গ্লেন টার্নার।

দেশটির সাবেক ও বর্তমান ক্রিকেটারদের মধ্যে মার্টিন ক্রো, অ্যান্ড্রু জোন্স রজার টুজ, কেন উইলিয়ামসন, মার্টিন গাপটিল ও রস টেইলররা সবাই এই সংস্করণের ব্যাটারদের র‌্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে উঠেছিলেন; কিন্তু টার্নার ও এখন মিচেল বাদে কেউই চূড়ার স্বাদ পাননি।

শ্রীলঙ্কার বিপক্ষে পাকিস্তানের ওয়ানডে সিরিজের শেষ দুটি ম্যাচও এই হালনাগাদে বিবেচনায় এসেছে। প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সিরিজে পাকিস্তানের ক্রিকেটারদের দারুণ পারফরম্যান্সেরও প্রতিফলন পড়েছে র‌্যাঙ্কিংয়ে।

ব্যাটসম্যানদের তালিকায় পাঁচ ধাপ এগিয়ে ইংল্যান্ডের জো রুট ও আফগানিস্তানের আব্দুল্লাহ ওমারজাইয়ের সঙ্গে যৌথভাবে ২২তম স্থানে আছেন মোহাম্মদ রিজওয়ান।

এই সংস্করণের বোলারদের র‌্যাঙ্কিংয়ে পাকিস্তানী স্পিনার আবরার আহমেদ ১১ ধাপ এগিয়ে নবম স্থানে উঠেছেন এবং তার সতীর্থ পেসার হারিস রউফ পাঁচ ধাপ এগিয়ে আছেন ২২তম স্থানে।

বোলারদের মধ্যে আগের মতো সবার ওপরে আছেন আফগানিস্তানের রাশিদ খান।

ভারত-দক্ষিণ আফ্রিকার কলকাতা টেস্টও র‌্যাঙ্কিংয়ের এবারের হালনাগাদে বিবেচনায় এসেছে। স্পিন সহায়ক উইকেটে তিন দিনের মধ্যে ম্যাচটি জিতে যায় সফরকারীরা।

দুই দলের চার ইনিংস মিলিয়ে একমাত্র দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাফুমা ফিফটি করতে পারেন। দ্বিতীয় ইনিংসে ওই ৫৫ রানের অপরাজিত ইনিংসের সুবাদে টেস্ট ব্যাটসম্যানদের মধ্যে দুই ধাপ এগিয়ে পঞ্চম স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা।

ক্যারিয়ারে এই প্রথম টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে শীর্ষে পাঁচে উঠলেন তিনি। ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে আগের মতোই শীর্ষে আছেন ইংল্যান্ডের জো রুট। দুই ধাপ এগিয়ে ১১ নম্বরে আছেন ভারতের অধিনায়ক শুবমান গিল।