১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রাহুল, জুরেল ও জাদেজার সেঞ্চুরিতে ভারতের বিশাল লিড

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আহমেদাবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের লিড ২৮৬ রান।

রাহুল, জুরেল ও জাদেজার সেঞ্চুরিতে ভারতের বিশাল লিড
(বাঁ থেকে) লোকেশ রাহুল, ধ্রুব জুরেল ও রাভিন্দ্রা জাদেজা। ছবি: ইন্ডিয়ান ক্রিকেট টিম ফেইসবুক।

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Oct 2025, 06:37 PM

Updated : 26 Aug 2026, 02:24 PM

আগের দিনের পঞ্চাশ ছোঁয়া ইনিংসকে সেঞ্চুরিতে রূপান্তর করলেন লোকেশ রাহুল। চমৎকার ব্যাটিংয়ে টেস্ট ক্যারিয়ারে প্রথম শতক উপহার দিলেন ধ্রুব জুরেল। তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া পেলেন রাভিন্দ্রা জাদেজাও। তাদের নৈপুণ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অনেক বড় ইনিংস গড়ার পথে ভারত।

আহমেদবাদ টেস্টের দ্বিতীয় দিন শেষে ভারতের রান ৫ উইকেটে ৪৪৮। প্রথম ইনিংসে ক্যারিবিয়ানদের ১৬২ রানে গুটিয়ে দেওয়া স্বাগতিকদের লিড এখন ২৮৬ রান।

৫৩ রান নিয়ে নতুন দিন শুরু করা রাহুল ১২ চারে করেন ঠিক ১০০ রান। পাঁচে নেমে ৩ ছক্কা ও ১৫ চারে ১২৫ রানের ইনিংস খেলেন জুরেল। আর ১০৪ রানে অপরাজিত আছেন জাদেজা; তার ১৭৬ বলের ইনিংসে ৫টি ছক্কার পাশে আছে ৬টি চার।

নরেন্দ্র মোদি স্টেডিয়ামে ২ উইকেটে ১২১ রান নিয়ে শুক্রবার খেলা শুরু করে ভারত। প্রথম ওভারেই দুটি চার মেরে দেন রাহুল। 

১৮ রান নিয়ে খেলতে নামা শুবমান গিল প্রথমে কিছুটা নড়বড়ে ছিলেন। পরে ছন্দ খুঁজে পেয়ে ৯৪ বলে পঞ্চাশে পা রাখেন তিনি। সুনিল গাভাস্কারের ৪৭ বছর পর ঘরের মাঠে নেতৃত্বের অভিষেকে ফিফটি করলেন ভারতের কোনো অধিনায়ক।

নিজের ইনিংস আর বড় করতে পারেননি গিল। রোস্টন চেইসকে রিভার্স সুইপ করতে গিয়ে প্রথম স্লিপে ধরা পড়ে থামে তার ৫ চারে গড়া ৫০ রানের ইনিংস। ভাঙে ৯৮ রানের জুটি।

কয়েক ওভার পর কাঙ্ক্ষিত তিন অঙ্ক স্পর্শ করেন রাহুল, ১৯০ বলে। টেস্টে এটি তার একাদশ সেঞ্চুরি, ওপেনার হিসেবে দশম। ভারতীয় ওপেনারদের মধ্যে তার চেয়ে শতক বেশি আছে আর কেবল তিন জনের; ব্যাটিং গ্রেট সুনিল গাভাস্কার (৩৩), বিস্ফোরক ব্যাটসম্যান ভিরেন্দার শেবাগ (২২) ও মুরালি ভিজায় (১২)। 

লাঞ্চ বিরতির পর প্রথম ওভারেই রাহুলকে ড্রেসিং রুমে পাঠান জোমেল ওয়ারিক্যান। ঝুলিয়ে দেওয়া বলে ড্রাইভ করে কাভারে ধরা পড়েন রাহুল।

এরপরই ইনিংসের সবচেয়ে বড় জুটি পায় ভারত। চমৎকার ব্যাটিংয়ে দলকে ২০৬ রানের যুগলবন্দি উপহার দেন জুরেল ও জাদেজা। 

ক্রিজে গিয়েই আগ্রাসী ব্যাটিং শুরু করেন জাদেজা। ওয়ারিক্যানের ওভারে দুটি ছক্কা হাঁকান তিনি। আরেক প্রান্তে নিজের মতো খেলে যান জুরেল। তাদের ব্যাটে বাড়তে থাকে ভারতের রান।

জাস্টিন গ্রেভসকে চার মেরে ৯১ বলে ফিফটি স্পর্শ করেন জুরেল। জাদেজার ফিফটি আসে ৭৫ বলে। টেস্টে দুর্দান্ত ছন্দে থাকা ভারতীয় অলরাউন্ডারের গত ৯ ইনিংসে এটি সপ্তম পঞ্চাশ ছোঁয়া ইনিংস।

জাদেজা ও জুরেলের ব্যাটে ৩২৬ রানের পুঁজি নিয়ে দ্বিতীয় সেশন শেষ করে ভারত। নতুন সেশনেও আত্মবিশ্বাসী ব্যাটিংয়ে রান বাড়াতে থাকেন তারা।

১১৬তম ওভারে চেইসকে চার মেরে টেস্ট ক্রিকেটে সেঞ্চুরির অনির্বচনীয় স্বাদ পান জুরেল, ১৯০ বলে। ছয় টেস্টের ক্যারিয়ারে আগে একবারই পঞ্চাশ ছুঁতে পেরেছিলেন তিনি; গত বছর রাঁচিতে ইংল্যান্ডের বিপক্ষে করেছিলেন ৯০ রান।

সেঞ্চুরির পর আরও এগিয়ে যান জুরেল। একটা সময় মনে হচ্ছিল, অবিচ্ছিন্ন থেকে দিন শেষ করবেন তারা।

কিন্তু দিন শেষের পাঁচ ওভার আগে ভাঙে তাদের অসাধারণ জুটির পথচলা। জুরেলকে কট বিহাইন্ড করে টেস্টে প্রথম উইকেটের স্বাদ পান অভিষিক্ত খ্যারি পিয়েরি।

পরের ওভারে ওয়ারিক্যানকে ছক্কায় উড়িয়ে ৯৮ রানে পৌঁছে যান জাদেজা। এক ওভার পর ওয়ারিক্যানের বলেই সিঙ্গেল নিয়ে সেঞ্চুরিতে পা রাখেন ইংল্যান্ডে সবশেষ সিরিজে পাঁচ ফিফটি ও একটি শতক করা বাঁহাতি ব্যাটসম্যান।

টেস্টে জাদেজার ষষ্ঠ সেঞ্চুরি এটি। ভারতের মাটিতে চতুর্থ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয়বার পেলেন এই স্বাদ।

সংক্ষিপ্ত স্কোর:

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ১৬২

ভারত ১ম ইনিংস: ১২৮ ওভারে ৪৪৮/৫ (আগের দিন ১২১/২) (রাহুল ১০০, গিল ৫০, জুরেল ১২৫, জাদেজা ১০৪, ওয়াশিংটন ৯; সিলস ১৯-২-৫৩-১, লেইন ১৫-০-৩৮-০, গ্রেভস ১২-৪-৫৯-০, ওয়ারিক্যান ২৯-৫-১০২-১, পিয়ের ২৯-১-৯১-১, চেইস ২৪-৩-৯০-২)