আইপিএল
Published : 15 May 2026, 07:56 PM
ইংল্যান্ড সফরে লাল বলের ক্রিকেটের জন্য প্রস্তুতি শুরু করতে চান রাভিন রাভিন্দ্রা। তাই আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাটা নাইট রাইডার্সের ক্যাম্প ছেড়েছেন নিউ জিল্যান্ডের স্পিনিং অলরাউন্ডার।
এবারের আইপিএল শুরুর আগে নিলাম থেকে ভিত্তিমূল্য দুই কোটি রুপিতে রাভিন্দ্রাকে দলে টানে কলকাতা। কিন্তু তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি ২৬ বছর বয়সী ক্রিকেটার। আগের দুই আসরে চেন্নাই সুপার কিংসের জার্সিতে ১৮টি ম্যাচ খেলেছিলেন তিনি।
রাভিন্দ্রার দল ছাড়ার কথা শুক্রবার নিশ্চিত করেছে কলকাতা। দেশে ফিরতে আগামী জুনের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিতে মনোযোগ দেবেন এই ক্রিকেটার। এবারই প্রথম ইংল্যান্ডের মাটিতে টেস্ট খেলতে যাচ্ছেন তিনি।
নিউ জিল্যান্ডের টেস্ট একাদশের নিয়মিত মুখ হয়ে উঠেছেন রাভিন্দ্রা। ধীরে ধীরে দলের মিডল অর্ডারের স্তম্ভ হয়ে উঠছেন তিনি। সাদা পোশাকের সবশেষ দুই সিরিজেই হাসে তার ব্যাট। অগাস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ১৬৫ রানের ইনিংস খেলেন তিনি। ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ক্রাইস্টচার্চে ১৭৬ রান করেন। পরে মাউন্ট মঙ্গানুই টেস্টের দুই ইনিংসেই থাকেন অপরাজিত; ৭২ ও ৪৬ রানে।
২০টি টেস্ট খেলে ১ হাজার ৫২৬ রান করেছেন রাভিন্দ্রা ৪৭.৬৮ গড়ে। চারটি সেঞ্চুরির সঙ্গে ফিফটি করেছেন পাঁচটি।
আগামী ৪ জুন লর্ডসে শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। পরের দুই ম্যাচ ওভাল ও ট্রেন্ট ব্রিজে, শুরু যথাক্রমে ১৭ ও ২৫ জুন।
২০২২ সালে সবশেষ ইংল্যান্ডে টেস্ট সিরিজ খেলেছিল কিউইরা। সেবার তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশড হয় তারা।
ইংল্যান্ড সিরিজের শুরুর আগে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে একটি চারদিনের ম্যাচ খেলবে নিউ জিল্যান্ড। মাঠের লড়াই শুরু হবে ২৭ মে।