নিসাঙ্কার সেঞ্চুরিতে রেকর্ডের ছড়াছড়ি
অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ জেতানো সেঞ্চুরিতে অনেকগুলো রেকর্ড গড়েছেন লঙ্কান ওপেনার।
রান তাড়ার কঠিন চ্যালেঞ্জে জয় ও এবারের আসরের প্রথম সেঞ্চুরি, এইটুকুই যথেষ্ট পাথুম নিসাঙ্কার ইনিংসটির গুরুত্ব ফুটিয়ে তুলতে। তবে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাল্লেকেলেতে সোমবার ৫২ বলে ১০০ রানের অপরাজিত ইনিংসে রেকর্ড বইয়ের আরও নানা পাতায় আঁকিবুকি করেছেন লঙ্কান ওপেনার।
নিসাঙ্কার সেঞ্চুরিতে ১৮২ রান তাড়ায় শ্রীলঙ্কা ৮ উইকেটে জিতেছে ২ ওভার বাকি রেখে।
১৬ বছর পর
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার দ্বিতীয় সেঞ্চুরিয়ান পাথুম নিসাঙ্কা। এতদিন একমাত্র সেঞ্চুরিয়ান ছিলেন মাহেলা জায়াওয়ার্দেনে।
২০১০ বিশ্বকাপে জিম্বাবুয়ের বিপক্ষে ঠিক ১০০ রান করেছিলেন জায়াওয়ার্দেনে।
যেখানে প্রথম (১)
টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরিয়ান নিসাঙ্কাই। ২০১৪ বিশ্বকাপে উমার আকমালের ৯৪ ছিল অস্ট্রেলিয়ার বিপক্ষে আগের সর্বোচ্চ।
যেখানে প্রথম (২)
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার হয়ে একাধিক সেঞ্চুরি করা একমাত্র ব্যাটসম্যান এখন নিসাঙ্কা। আগের সেঞ্চুরিটি করেছিলেন তিনি গত এশিয়া কাপে ভারতের বিপক্ষে।
একটি করে সেঞ্চুরি করেছেন মাহেলা জায়াওয়ার্দেনে, তিলাকারাত্নে দিলশান ও কুসাল পেরেরা।
যেখানে প্রথম (৩)
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে রান তাড়ায় তিন অঙ্ক স্পর্শ করা প্রথম ব্যাটসম্যান নিসাঙ্কা।
২০১৮ সালে হারারেতে পাকিস্তানের ফাখার জামানের ৯১ ছিল আগের সর্বোচ্চ।
এক আসর পর
টি-টোয়েন্টি বিশ্বকাপের গত আসরে সেঞ্চুরি হয়নি একটিও। এবার ৩০তম ম্যাচে এসে প্রথম সেঞ্চুরির দেখা মিলল নিসাঙ্কার ব্যাটে।
টি-টোয়েন্টির বিশ্বমঞ্চে সবশেষ সেঞ্চুরিটি ছিল ২০২২ বিশ্বকাপে সিডনিতে শ্রীলঙ্কার বিপক্ষে নিউ জিল্যান্ডের গ্লেন ফিলিপসের ১০৪।
রান তাড়ায় তৃতীয়
টি-টোয়েন্টি বিশ্বকাপের দ্বাদশ সেঞ্চুরি এটি। তবে রান তাড়ায় শতরান করেছেন নিসাঙ্কার আগে কেবল দুজন।
২০১৪ আসরে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে ১১৬ রানে অপরাজিত ছিলেন ইংল্যান্ডের অ্যালেক্স হেলস, ২০১৬ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে মুম্বাইয়ে অপরাজিত ১০০ করেছিলেন ওয়েস্ট ইন্ডিজের ক্রিস গেইল।
আবার পাল্লেকেলের পালা
নিসাঙ্কার ইনিংসটি নিয়ে শ্রীলঙ্কায় টি-টোয়েন্টিতে সেঞ্চুরি হলো চারটি। সবকটিই পাল্লেকেলেতে! এই মাঠে আগের তিনটি সেঞ্চুরি করেছেন তিলাকারাত্নে দিলশান, ব্রেন্ডন ম্যাককালাম ও গ্লেন ম্যাক্সওয়েল।
মেন্ডিসের হ্যাটট্রিক
নিসাঙ্কার সঙ্গে দারুণ জুটির পথে ৫১ রানের ইনিংস খেলেছেন কুসাল মেন্ডিস। এবারের আসরে তিন ম্যাচের প্রতিটিইতে পঞ্চাশ স্পর্শ করলেন তিনি।
টি-টোয়েন্টি বিশ্বকাপে টানা দিন ম্যাচে ফিফটি করা পঞ্চম ব্যাটসম্যান তিনি। প্রথম এই কীর্তি গড়েছিলেন তারই পূর্বসূরী মাহেলা জায়াওয়ার্দেনে ২০১০ আসরে। এরপর করেছেন ভিরাট কোহলি (২০১৬-২০২১), বাবর আজম (২০২১) ও লোকেশ রাহুল (২০২১)
