১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বোলিংয়ে হতাশার পর মাহফিজুলের ব‍্যাটে লড়াইয়ে ইমার্জিং দল

দ্বিতীয় দিন শেষে ৩৫৩ রানে পিছিয়ে আছে বাংলাদেশ ইমার্জিং দল, হাতে আছে ৮ উইকেট।

বোলিংয়ে হতাশার পর মাহফিজুলের ব‍্যাটে লড়াইয়ে ইমার্জিং দল
দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল: ছবি: ক্রিকেট দক্ষিণ আফ্রিকা

ক্রীড়া প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Aug 2026, 12:39 AM

Updated : 11 Sep 2026, 03:53 PM

দুই দিন মিলিয়ে প্রায় ১৩০ ওভার বোলিং করেও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলকে অলআউট করতে পারেননি হাশিম, মেহেদি, আশরাফুলরা। প্রায় পাঁচশ রান করে স্বাগতিক প্রথম ইনিংস ঘোষণা করার পর মাহফিজুল ইসলামের অপরাজিত পঞ্চাশে লড়াই করছে বাংলাদেশ ইমার্জিং দল। 

বেনোনিতে সোমবার ৮ উইকেটে ৪৯৭ রান তুলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। ২ উইকেটে ১৪৪ রান তুলে দ্বিতীয় দিন শেষ করে বাংলাদেশ। এখনও সফরকারীরা পিছিয়ে আছে ৩৫৩ রানে।

মাহফিজুল অপরাজিত আছেন ৬১ রানে। জাকির হাসান ও শাহাদাত হোসেনের অনুপস্থিতিতে নেতৃত্বভার পাওয়া ইফতেখার হোসেন ইফতি খেলছেন ১১ রানে।

বাংলাদেশের হয়ে বাঁহাতি স্পিনার আবু হাশিম তিনটি ও মইন খান দুটি উইকেট নিয়েছেন। 

৪ উইকেটে ৩০৭ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। প্রথম দিকেই তিন ওভারের ব্যবধানে দুটি সাফল্য পায় বাংলাদেশ। প্যাভিলিয়নে ফেরেন আগের দুই দিনের অপরাজিত দুই ব্যাটসম্যান। ৮৬ রান করা অধিনায়ক মিচেল ফন বুরেনকে বোল্ড করেন হাশিম। আর মইনের বলে এলবিডাব্লিউ হয়ে ২৩ রানে ফেরেন আন্দিলে সিমিলেন।

দুজনের বিদায়ের পর সপ্তম উইকেটে শতরানের জুটি গড়েন ডানিয়েল স্মিথ ও ডায়ান খালিম। দুজনের ১৩০ রানের জুটি ভাঙে খালিমের বিদায়ে। ৮২ বলে ৬৯ রান করা এই বোলিং অলরাউন্ডারের ইনিংসে ছিল নয় চার ও দুই ছয়। 

একটু পরে ৮৫ রানে স্মিথ ফিরলে ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। তার ৭৯ বলের ইনিংসে ছিল ১০ চার ও এক ছয়।

বড় রানের জবাবে ওপেনিং জুটি বদলে ব্যাটিংয়ে নামা বাংলাদেশ দেয় ভালো শুরুর আভাস। আগের ম্যাচে না খেলা আশিকুর রহমানকে সঙ্গে নিয়ে উদ্বোধনী জুটিতে ৬০ রান যোগ করেন মাহফিজুল। ইনিংসের ২০তম ওভারের সিয়া প্লাটজির বলে উইকেটের পেছনে ক্যাচ দেন আশিকুর (১৯)। 

তিনে নামা আজিজুল হাকিমও ফেরেন থিতু হয়ে। আন্দিলে সিমিলেনের বলে তিনিও ক্যাচ দেন উইকেটের পেছনে। মাহফিজুলের সঙ্গে দ্বিতীয় উইকেটে ৫৯ রান যোগ করে ৩৫ রানে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান।

দিনের বাকি অংশে আর কোনো বিপদ হতে দেননি মাহফিজুল ও ইফতেখার। ২৫ রানের অবিচ্ছিন্ন জুটিতে পার করেন দিনের বাকি অংশ।

সংক্ষিপ্ত স্কোর

দক্ষিণ আফ্রিকা ইমার্জিং ১ম ইনিংস: ১২৯.৫ ওভারে ৪৯৭/৮ (ডিক্লে) (আগের দিন ৩০৭/৪) (ফন বুরেন ৮৬, সিমিলেন ২৩, স্মিথ ৮৫, খালিম ৬৯, এনগেলব্রেখট ৪*; মেহেদি ২০-৩-৬৬-০, রিজওয়ান ১৪-১-৭৪-০, হাশিম ৪১-৫-১৪৪-৩, মইন ১২.৫-০-৫৭-২, আশরাফুল ২০-৩-৭৫-১, ইফতেখার ২-০-১২-০, আজিজুল ৫-০-১৬-০, আমিনুল ১৫-১-৪৯-১)

বাংলাদেশ ইমার্জিং দল ১ম ইনিংস: ৪৫ ওভারে ১৪৪/২ (মাহফিজুল ৬১*, আশিকুর ১৯, আজিজুল ৩৫, ইফতেখার ১১*; খালিম ১০-২-২৮-০, স্মিট ৮-০-২৬-০, এনগেলব্রেখট ১০-২-২৫-০, প্লাটজি ১০-২-২২-১, সিমিলেন ৬-০-২৬-১, কিং ১-০-৫-০)