Published : 14 Jun 2026, 11:23 AM
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে বাংলাদেশ একাদশে নেই অধিনায়ক মেহেদি হাসান মিরাজ। আগের ম্যাচে হেলমেটে লাগার পর হাসপাতালে যাওয়া অলরাউন্ডারের জায়গায় রোববার স্বাগতিকদের নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগের দিনই বিসিবি জানিয়েছিল, ম্যাচের আগে সকালে আরেক দফা পরীক্ষা করে সিদ্ধান্ত নেওয়া মিরাজকে নিয়ে। ভারপ্রাপ্ত অধিনায়ক শান্ত জানালেন নিয়মিত অধিনায়কের না খেলার কারণ।
“দূর্ভাগ্যবশত মিরাজ কনকাশনের জন্য খেলছে না। (সে) সুস্থ আছেন। তবে চিকিৎসাগত কিছু ব্যাপার আছে এখনও। চিকিৎসকরা মনে করছে, তার আরও কিছুদিন বিশ্রামের প্রয়োজন।”
গত বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের ব্যাটিং ইনিংসের ৩৪তম ওভারে ন্যাথান এলিসের বাউন্সারে মাথায় আঘাত পান মিরাজ। ওই আঘাত নিয়েই বাংলাদেশের ৫ উইকেটের জয় নিশ্চিত করেন। ম্যাচ শেষে তাকে হাসপাতালে পাঠানো হয়। সেখানে ১২ ঘণ্টা পর্যবেক্ষণের পর হাসপাতাল থেকে ছাড়া পান।
পরবর্তীতে আর কোন জটিলতা তৈরি না হওয়ায় তাকে ছেড়ে দেয় চিকিৎসকরা। শনিবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে সৌম্য সরকার জানান, মিরাজ সুস্থ আছেন এবং দলের সঙ্গে যোগ দিয়েছেন। দলের সঙ্গে অনুশীলনে থাকলেও ওয়ার্ম আপ কিংবা ব্যাট-বলে কোন ধরনের প্রস্তুতি নেননি। কিছুটা আভাস মিলেছিল তখন।
তার বদলি হিসেবে স্কোয়াডে জায়গা পাওয়া অফ স্পিনিং অলরাউন্ডার শেখ মেহেদি হাসান ঢুকে গেছেন একাদশেও। সাড়ে তিন বছর পর এই সংস্করণে দেশের জার্সিতে দেখা যাবে তাকে। সবশেষ ম্যাচটি খেলেছিলেন ২০২৩ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষেই।