১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ফ্লিন্টফের ছেলের ৬৫ বলে সেঞ্চুরি, ৫০ ওভারে দলের রান ৪৪৩

পেশাদার ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ১৮ বছর বয়সী রকি ফ্লিন্টফ।

ফ্লিন্টফের ছেলের ৬৫ বলে সেঞ্চুরি, ৫০ ওভারে দলের রান ৪৪৩
দুর্দান্ত ইনিংস খেলে ফিরছেন রকি ফ্লিন্টফ। ছবি: ল্যাঙ্কাশায়ার ক্রিকেট

স্পোর্টস ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2026, 09:49 PM

Updated : 11 Sep 2026, 03:49 PM

৯৯ থেকে জশ শর বল আলতো ফ্লিকে লং-অনের দিকে পাঠিয়ে মুষ্টিবদ্ধ হাত বাতাসে ছুড়লেন রকি ফ্লিন্টফ। রান পূর্ণ করে তিনি হেলমেট খুলে ফেললেন। এক হাতে হেলমেট, আরেক হাতে উঁচিয়ে ধরলেন ব্যাট। বেশ লম্বা সময় ধরেই চলল তার উদযাপন। পেশাদার ক্রিকেটে প্রথম সেঞ্চুরির স্বাদ পেলেন ১৮ বছর বয়সী ব্যাটসম্যান।

ইংলিশ গ্রেট অলরাউন্ডার অ্যান্ড্রু ফ্লিন্টফের ছেলে রকি। ইংল্যান্ডের ঘরোয়া ৫০ ওভারের প্রতিযোগিতা ওয়ানডে কাপে মঙ্গলবার ল্যাঙ্কাশায়ারের হয়ে সমারসেটের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেন ৫৬ বলে। ১০ চার ও ৭ ছক্কায় খেলেন ৭৬ বলে ১২৩ রানের দুর্দান্ত ইনিংস।

টন্টনে ল্যাঙ্কাশায়ার ৫০ ওভারে করে ৬ উইকেটে ৪৪৩ রান, যা লিস্ট ‘এ’ ক্রিকেটে তাদের সর্বোচ্চ।

টস হেরে ব্যাটিংয়ে নামা ল্যাঙ্কাশায়ারের স্কোর যখন ২২.৩ ওভারে ৩ উইকেটে ১৩৮, তখন পাঁচ নম্বরে ব্যাটিংয়ে নামেন রকি। কিটন জেনিংসের সঙ্গে চতুর্থ উইকেটে ২১.১ ওভারে ২১৪ রানের জুটি গড়েন তিনি। জেনিংস ১৫ চার ও ৭ ছক্কায় ১২৭ বলে করেন ১৫৬ রান।

রকি পঞ্চাশ পূর্ণ করেন ৩৭ বলে। পরের ৫০ রান করতে তার লাগে কেবল ২৮ বল। মিগেল প্রিটোরিয়াসের বলে লং-অফে সহজ ক্যাচ দিয়ে বিদায় নেন তিনি। ক্যাচটি নেন নেন আরেক ইংলিশ গ্রেট মাইকেল ভনের ছেলে আর্চি ভন।

রকি ২০২৪ সালের জুনে ল্যাঙ্কাশায়ারের সঙ্গে তার প্রথম পেশাদার চুক্তি স্বাক্ষর করেন ১৬ বছর বয়সে। এই কাউন্টির হয়েই একসময় ইংলিশ ক্রিকেট মাতিয়েছেন তার বাবা। 

ওই বছরের জুনে ইংল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে লঙ্কান যুবাদের বিপক্ষে আনঅফিসিয়াল টেস্টে সেঞ্চুরি করেন রকি। ইংল্যান্ডের যুব দলের হয়ে সবচেয়ে কম বয়সে সেঞ্চুরির রেকর্ড সেটি।

গত বছরের জানুয়ারিতে ব্রিজবেনে ইংল্যান্ড লায়ন্সের হয়ে অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে তিনি সেঞ্চুরি করেন বাবার সামনেই। সিনিয়র ফ্লিন্টফ যে তখন ইংল্যান্ড লায়ন্সের প্রধান কোচ, যিনি সম্প্রতি এই পদ থেকে পদত্যাগ করেছেন।

অনূর্ধ্ব-১৯ দলের ব্যস্ততা ও চোটের কারণে গত গ্রীষ্মে ল্যাঙ্কাশায়ারের প্রথম দলের হয়ে কোনো ম্যাচ খেলতে পারেননি রকি। তবে এবারের ওয়ানডে কাপে তিনি সাতটি ম্যাচে খেলেছেন এবং সবকটিতেই ব্যাট করেছেন পাঁচ নম্বরে।