Published : 12 Aug 2026, 08:36 PM
নিজের জন্মদিনটা দারুণ এক সেঞ্চুরিতে রাঙালেন সেদিকউল্লাহ আটাল। ছন্দে থাকা ইব্রাহিম জাদরানও পেলেন তিন অঙ্কের উষ্ণ ছোঁয়া। তাদের নৈপুণ্যে ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল আফগানিস্তান।
বেলফাস্টে বুধবার আয়ারল্যান্ডের বিপক্ষে চতুর্থ ওয়ানডেতে ৯ উইকেটে ৩৪৩ রান করেছে আফগানরা। এই সংস্করণে তাদের আগের সর্বোচ্চ ছিল ৩৩৯। দুই বছর আগে শ্রীলঙ্কার বিপক্ষে রান তাড়ায় করেছিল তারা।
২০০১ সালের ১২ অগাস্ট জন্ম নেওয়া আটাল এদিন উপহার দিলেন ওয়ানডেতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি। তার ১২০ বল স্থায়ী ১৪৩ রানের ইনিংস গড়া চারটি ছয় ও ১৭টি চারে। ২০২৪ সালে জিম্বাবুয়ে সফরে ১০৪ রানের ইনিংস খেলেন এই টপ অর্ডার ব্যাটসম্যান।
সপ্তম ওয়ানডে সেঞ্চুরিতে ১০৭ রান করেন ইব্রাহিম। ডানহাতি ওপেনারের ১১৮ বলের ইনিংসটি সাজানো একটি ছয় ও ১১টি চারে। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৮৪ রান করেন তিনি।
ইব্রাহিম ও আটালের ২২১ বল স্থায়ী জুটিতে এসেছে ২৩১ রান। ওয়ানডেতে দ্বিতীয় উইকেটে আফগানিস্তানের যা সর্বোচ্চ। ২০১০ সালে স্কটল্যান্ডের বিপক্ষে কারিম সাদিক ও মোহাম্মাদ শাহজাদের অবিচ্ছিন্ন ২১৮ রানের যুগলবন্দি ছিল আগের রেকর্ড।
টস হেরে ব্যাটিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই রাহমানউল্লাহ গুরবাজকে হারায় আফগানিস্তান। সেই ধাক্কা সামাল দেয় তারা ইব্রাহিম ও আটালের ব্যাটে। দুজনই প্রায় বলের সঙ্গে পাল্লা দিয়ে বাড়াতে থাকেন রান।
৫৬ বলে ফিফটি স্পর্শ করেন ইব্রাহিম। কয়েক ওভার পর ৬৩ বলে পঞ্চাশে পৌঁছান আটাল। এর আগেই তাদের জুটির রান একশ ছোঁয়, ১১৩ বলে।
ইনিংসের ৩৫তম ওভারে কার্টিস ক্যাম্পারের বলে সিঙ্গল নিয়ে কাঙ্ক্ষিত সেঞ্চুরিতে পা রাখেন ইব্রাহিম। আফগানিস্তানের ব্যাটসম্যানদের মধ্যে ওয়ানডেতে তার চেয়ে বেশি সেঞ্চুরি আছে কেবল গুরবাজের, নয়টি।
এক ওভার পর তিন অঙ্ক স্পর্শ করে নিজের ২৫তম জন্মদিন স্মরণীয় করে রাখেন আটাল। এরপর তিনি ইনিংসটি আরও টেনে নিয়ে যান। কিন্তু ইব্রাহিম কিছুক্ষণ পরই বিদায় নেন বল স্টাম্পে টেনে এনে।
দেড়শর কাছে গিয়ে ড্রেসিং রুমে ফেরেন আটালও। দুটি ছক্কা ও এক চার মেরে ফিরে যান দারভিশ রাসুলি। এরপর একের পর এক উইকেট হারাতে থাকে আফগানিস্তান। তাতে শক্ত ভিত পাওয়া দলটি করতে পারেনি সাড়ে তিনশ রানও। শেষ দিকে ৫৮ রানে ৭ উইকেট হারায় তারা।