১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

এজবাস্টনে ইনিংস হার এড়াতে লড়ছে পাকিস্তান

পাঁচ ব্যাটসম্যানের ফিফটিতে তিনশ ছাড়ানো লিড পেয়েছে স্বাগতিকরা।

এজবাস্টনে ইনিংস হার এড়াতে লড়ছে পাকিস্তান
ইনিংসের প্রথম বলে উইকেট নিয়ে সতীর্থদের সঙ্গে অলি রবিনসনের উল্লাস। ছবি: রয়টার্স

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 11 Sep 2026, 03:47 PM

Updated : 17 Sep 2026, 02:58 AM

আগের দিনের পঞ্চাশ ছোঁয়া ইনিংস বেশি বড় করতে পারলেন না হ্যারি ব্রুক। তার মতো ফিফটি করে থামলেন ড্যান লরেন্স, জেমি স্মিথ ও অলি রবিনসন। সবার অবদানে তিনশ ছাড়ানো লিড নিল ইংল্যান্ড। পরে ব্যাটিংয়ে নেমে, প্রথম ওভারেই দুইজনকে হারিয়ে বিপাকে পাকিস্তান।

এজবাস্টনে বৃহস্পতিবার ইংলিশদের প্রথম ইনিংস থামে ৪৫৩ রানে। ২ উইকেট ৫২ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে পাকিস্তান। প্রথম ইনিংসে ১৩৩ রানে গুটিয়ে যাওয়া সফরকারীরা এখনও পিছিয়ে ২৬৮ রানে।

ইংল্যান্ডকে ৩২০ রানের লিড এনে দেওয়ার পথে ৬ চারে ৭৫ রান করেন ব্রুক। ৯ চারে ৬৫ রান আসে লরেন্সের ব্যাট থেকে। ৬৯ রান করতে একটি ছক্কা ও ৯টি চার মারেন স্মিথ। আগের দিন ৯ চারে ৬০ রান করেন এমিলিও গে।

নয় নম্বরে নেমে একটি ছক্কা ও সাতটি চারে ৪৭ বলে ৫০ রান করেন রবিনসন। টেস্ট যা তার দ্বিতীয় ফিফটি। পরে পাকিস্তানের ইনিংসে প্রথম বলেই ছোবল দেন তিনি। তিন বল পর ধরেন আরেক শিকার। প্রথম ইনিংসে তিনটি উইকেট নেন ডানহাতি এই পেসার।

নতুন দিনের সকালে দ্রুত রান বাড়ান লরেন্স। ৫ রান নিয়ে দিন শুরু করা ব্যাটসম্যান প্রথম ঘণ্টায়ই স্পর্শ করেন ফিফটি, ৪৭ বলে। তার ফিফটি ছোঁয়ার এক ওভার পর বিদায় নেন ব্রুক। রান আউটে কাটা পড়েন ৫২ রান নিয়ে দিনের খেলা শুরু করা মিডল অর্ডার ব্যাটসম্যান।

৮৬ রানের ওই জুটি ভাঙার পর স্মিথকে নিয়ে আরেকটি পঞ্চাশোর্ধ বন্ধন গড়েন লরেন্স। জমে ওঠা ৬৪ রানের যুগলবন্দি ভাঙে লরেন্সের বিদায়ে। তাকে বোল্ড করে টেস্টে প্রথম উইকেটের স্বাদ পান অভিষিক্ত মোহাম্মাদ ইমরান।

দ্বিতীয় সেশনের প্রথম ওভারে আরেক অভিষিক্ত রাজাউল্লাহকে চার মেরে ৫৪ বলে ফিফটিতে পা রাখেন স্মিথ। কয়েক ওভার পর গাস অ্যাটকিনসনের স্টাম্প ভেঙে দেন ইমরান। রাজাউল্লাহকে ফিরতি ক্যাচ দিয়ে বিদায় নেন স্মিথ।

দ্রুত রান বাড়িয়ে ৪৬ বলে ফিফটি স্পর্শ করেন রবিনসন। টেস্টে তার আগের সেরা ৫৮ রান। পঞ্চাশ ছোঁয়ার পরের ওভারে কাভারে ধরা পড়েন তিনি। দুটি ছক্কা ও একটি চারে ৩২ রান করে অপরাজিত থাকেন জফ্রা আর্চার।

ব্যাটিংয়ে ফের বাজে শুরু করে পাকিস্তান। রবিনসনের করা প্রথম বলে স্লিপে ধরা পড়েন সাইম আইয়ুব। ওভারের চতুর্থ বলে স্লিপে ক্যাচ দিয়ে ড্রেসিং রুমে ফেরেন আবদুল্লাহ শাফিক।

ক্যাচটি ধরে একটি রেকর্ড গড়েন জো রুট। আউটফিল্ড ফিল্ডারদের (কিপার ব্যতিত) মধ্যে টেস্টে সবচেয়ে বেশি ক্যাচ এখন তার, ২২০টি। টপকে যান তিনি অস্ট্রেলিয়ান স্টিভেন স্মিথকে (২১৯)।

শূন্য রানে জোড়া ধাক্কা সামলে পাকিস্তানকে পথে রাখার চেষ্টা চালান আজান আওয়াইস ও শান মাসুদ। দ্বাদশ ও ত্রয়োদশ ওভারের মাঝে বৃষ্টি হানা দিলে দিনের খেলা শেষের ঘোষণা দেন আম্পায়াররা। ৫২ রানে অবিচ্ছিন্ন থেকে মাঠ ছাড়েন আজান ও মাসুদ। 

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৩৩ 

ইংল‍্যান্ড ১ম ইনিংস: ৮৯ ওভারে ৪৫৩ (আগের দিন ১৫৬/৪) (ব্রুক ৭৫, লরেন্স ৬৫, স্মিথ ৬৯, অ্যাটকিনসন ১৯, রবিনসন ৫০, আর্চার ৩২*, টাং ১৫; আব্বাস ২৩-১-৯৫-১, আলি ১৯-২-৯২-২, রাজাউল্লাহ ২৩-০-১৪৮-৪, ইমরান ১৬-১-৪৭-২, সাইম ৮-০-৪১-০)

পাকিস্তান ২য় ইনিংস: ১২.৪ ওভারে ৫২/২ (সাইম ০, আজান ২৯*, শাফিক ০, মাসুদ ২১*; রবিনসন ৬-৩-১০-২, আর্চার ৩.৪-০-২৪-০, অ্যাটকিনসন ৩-০-১৬-০)